সন্দীপ সরকার, কলকাতা: গত আইপিএলের (IPL 2027) আগে পর্যন্ত ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কজন তাঁর নাম শুনেছেন, তা নিয়ে একটা ক্যুইজ শো হয়ে যেতে পারে।
সৌরভ দুবে। ৬ ফিট ৫ ইঞ্চির পেসার গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে নজর কেড়েছিলেন। ৪ ম্যাচ খেলে নিয়েছিলেন ৫ উইকেট। তাঁর বলের গতি, বাউন্স পরীক্ষা নিয়েছিল ব্যাটারদের। আগামী আইপিএলেও তাঁকে নাইট জার্সিতেই দেখা যাবে। বিদর্ভের ফাস্টবোলারকে রিটেন করেছেন শাহরুখ খান-জুহি চাওলার দল। সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফি খেলতে বিদর্ভ দলের সঙ্গে সৌরভ এখন কলকাতায়। ম্যাচ খেলার ফাঁকে কথা বললেন এবিপি লাইভ বাংলার সঙ্গে।
কেকেআর রিটেন করল
সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলতে কলকাতায় পৌঁছে কেকেআর রিটেন করবে কি না, তা নিয়ে কিছু মন্তব্য করতে চাননি সৌরভ দুবে। তবে তাঁকে রিটেন করায় স্বস্তি যে পেয়েছেন, তা বোঝা গেল রিটেনশন তালিকা প্রকাশের পরই। সৌরভ বললেন, ‘আগে যেমন উপভোগ করেছিলাম, ঠিক তেমনই এখনও ভাল লাগছে। দায়িত্ব বাড়ল। ভাল খেলে প্রতিদান দিতে হবে।’
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে লক্ষ্য কী?
সৌরভ বললেন, ‘বল করার সময় আমার পরিকল্পনা ভীষণই সহজ সরল থাকে। ব্যস নতুন যে বলটা আছে, তাতে যতটা ভাল সাহায্য পাওয়া যায় আর আক্রমণাত্মক বোলিং করা যায়, ততটা আগ্রাসী বোলিং করতে হবে। আর তারপরে ডেথ ওভারে যে জিনিসের প্র্যাক্টিস চলছিল নেটে, সেটাই মাঠে নেমে প্রয়োগ করতে হবে – সেই একই প্ল্যান।’
আইপিএলের আগে বোলিংয়ে নতুন কোনও অস্ত্র যোগ করছেন?
সৌরভ বলছেন, ‘হ্যাঁ, আমি করেছি তো, আর নিজের দক্ষতা আরও বাড়িয়েছি। আগে স্লোয়ার বাউন্সার নিয়ে একটু দোটানায় থাকতাম, তো এখন স্লোয়ার বাউন্সার ভাল হয়েছে। আর বাকি জিনিসগুলোর মধ্যে, যেমন ইয়র্কারটা আরও একটু নিখুঁত করার চেষ্টা করছি, ওয়াইড ইয়র্কার প্র্যাক্টিস করছি। এই জিনিসগুলোর ওপর আমি কাজ করেছি। পরের আইপিএলে নিশ্চয়ই তার রেশ দেখা যাবে।’
কেকেআরের কারও সঙ্গে যোগাযোগ আছে?
সৌরভ বলছেন, ‘আছে। শেন ওয়াটসনের সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, টিম সাউদির সঙ্গে মাঝেমধ্যে কথা হয়। নিয়মিত বোলিং নিয়ে আলোচনা হয়।’
প্রায় সাড়ে ৬ ফুট উচ্চতা কি ব্রহ্মাস্ত্র?
সৌরভ হেসে বললেন, ‘বোলিংয়ে বৈচিত্র তো বাড়েই। বাউন্সটা একটু ভাল পাওয়া যায়। তো সেই হিসেবে যে লেংথ বল বা একটু গুড লেংথ বল, সেটা সাধারণ ব্যাটসম্যানের উচ্চতা অনুযায়ী যেখানে বল আসার কথা তার চেয়ে একটু ওপরে আসে। আর ইয়র্কার – ওই হাইট থেকে একটু ভাল ফিনিশ হলে ইয়র্কারগুলো ভাল জায়গায় পড়ে, সেটা ব্যাটসম্যানদের বোকা বানায়।’
দর্শকাসনে জাতীয় নির্বাচক কি বাড়তি প্রেরণা?
কলকাতায় সৈয়দ মুস্তাক আলি ট্রফির খেলা দেখতে এসেছেন জাতীয় নির্বাচক শিবসুন্দর দাস। সৌরভ দুবে বলছেন, ‘নিজেকেই প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি এখন যেমন অনেক সময় ধরে ক্রিকেট খেলিনি, এই বছর আইপিএল ভাল হয়েছে, আর তারপর যখন মাঠে ফিরেছি, সেসব ভাবি না। নিজেকে প্রমাণ করতে হবে, নিজের ভাল পারফরম্যান্স হলে টিম ভাল করবে – তো সেই সব জিনিসই মাথায় থাকে। এর বাইরে তো আর কিছু না।’
আরও পড়ুন: স্পিনারদেরও এখন ইয়র্কার শিখতে হচ্ছে! এশিয়ান গেমসে সোনা জয় পাল্টে দিয়েছে ভারতীয় ক্রিকেটারকে
