ঢাকা : ডিসেম্বর মাসে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশে রাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করল বাংলাদেশ। এর অংশ হিসেবে সীমান্ত আধা-সামরিক বাহিনীর ১০৮ প্লাটুন মোতায়েন করা হয়েছে, যার মধ্যে ৫৬ প্লাটুন মোতায়েন করা হয়েছে শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জে। 

৭৯ বছর বয়সী এই রাজনীতিকের সম্ভাব্য প্রত্যাবর্তনের বিষয়টিকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে বাংলাদেশজুড়ে হিংসার ঘটনা ঘটে চলেছে। এর মধ্যে ট্রেন, বাস ও ব্যাঙ্কে অগ্নিসংযোগের ঘটনাও রয়েছে। ২০২৪ সালের অগাস্ট মাসে ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থানে নিজের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ঢাকা থেকে পালিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। 

এদিকে বাংলাদেশজুড়ে একের পর এক ঘটনায় পুলিশ বেশ কয়েকটির জন্য আওয়ামী লিগ ও এর সহযোগী সংগঠনের কর্মীদের দায়ী করেছে। হাসিনার সমর্থকরা আগামী দিনগুলিতে হিংসা ও নাশকতা আরও বাড়িয়ে তুলতে পারে, এই আশঙ্কার প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে কার্যক্রম নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আওয়ামী লিগ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ২৯ ও ৩০ নভেম্বর ‘লকডাউন’ কর্মসূচি পালনের জন্য প্রচার চালাচ্ছে, যার জেরে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে যে, “আইন-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায়” সাতটি জেলায় ১০৮ প্লাটুন কর্মী মোতায়েন করা হয়েছে। এমনটাই জানিয়েছে সংবাদ পোর্টাল bdnews24.com। বিজিবি জানিয়েছে, এর মধ্যে ৫৬ প্লাটুন সদস্যকে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে, যেখানে অস্থিরতা অব্যাহত রয়েছে।

আওয়ামী লিগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে সাম্প্রতিক সময়ে হিংসা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত সপ্তাহে এই জেলায় প্রায় ২ হাজার পুলিশকর্মী, বিজিবির ১০ প্লাটুন এবং স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়নের (এসআরবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বিজিবি-র বিবৃতি অনুযায়ী, ঢাকা জেলায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজার জেলায় ১ প্লাটুন মোতায়েন করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, “এর পাশাপাশি বিজিবি-র আরও ৪ প্লাটুনকে মোতায়েনের জন্য সতর্ক অবস্থায় রাখা হয়েছে।” প্রসঙ্গত, এক বিজিবি প্লাটুনে থাকে ৩০-৪০ জন কর্মী।

প্রধান প্রধান প্রতিষ্ঠান, শিল্পাঞ্চল এবং সংবেদনশীল এলাকাগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *