সিডনি: ২০১১ সালে অভিষেক হয়েছিল তাঁর টেস্ট ক্রিকেটে। কিন্তু এরপর থেকে এমনটা কখনও হয়নি। অস্ট্রেলিয়ার টেস্ট সেট আপের নিয়মিত সদস্য ছিলেন নাথান লিঁয়। কিন্তু ১৫ বছর পর প্রায় ১৪৫ ম্য়াচ পর শেষ পর্যন্ত ব্যাগি গ্রিনদের টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়লেন এই কিংবদন্তি অফস্পিনার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন টেস্ট সিরিজের ১৩ সদস্যের দল থেকে বাদ পড়েছেন লিঁয়। ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর এই প্রথম তিনি অস্ট্রেলিয়ার কোনো টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়লেন।

৩৯ বছর বয়সি এই স্পিনার অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫ টেস্ট খেলে মোট ৫৭৭ উইকেট নিয়েছেন। কিংবদন্তি শেন ওয়ার্নের পর এই ফর্ম্য়াটে দেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি লিঁয়ই। তবে নির্বাচকরা এই সিরিজের জন্য ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন ও লিঁয়র জায়গায় নবাগত স্পিনার কোরি রোচিচিওলিকে দলে জায়গা দিয়েছেন।

আগামী ৯ ডিসেম্বর পার্থে শুরু হতে চলেছে সিরিজের প্রথম টেস্ট। লিঁয় আন্তর্জাতিক ক্রিকেট খেলা চালিয়ে যেতে আগ্রহী। তবুও তাঁকে বাদ দিয়ে টেস্ট স্কোয়াড বানানোর সিদ্ধান্ত কিছু প্রশ্ন তুলে দিয়েছে। ২০১১ সালে শ্রীলঙ্কা সফরে অভিষেকের পর থেকে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে লিঁয় ছিলেন এক নিয়মিত মুখ। ২০১৩ সালের অ্যাশেজ চলাকালীন দলের প্রথম পছন্দের স্পিনার হিসেবে তাঁর জায়গা পাকা হয় ও এরপর তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল বোলার হয়ে ওঠেন।

নির্বাচক কমিটির প্রধান জর্জ বেইলি বলেন, ‘সাম্প্রতিক ম্যাচগুলোতে নাথান বল হাতে আমাদের প্রত্যাশা অনুযায়ী তেমন প্রভাব ফেলতে পারেননি। তবে লিঁয়র অভিজ্ঞতা ও জ্ঞান ভবিষ্যতেও অস্ট্রেলিয়ার জন্য মূল্যবান হয়ে থাকতে পারে।’

এদিকে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলা অফস্পিনার কোরি ৫৯টি প্রথম শ্রেণির ম্যাচে ২০৫ উইকেট নিয়েছেন। দল ঘোষণার আগে চলতি শেফিল্ড শিল্ডেও কোরি ৩৩.৮৮ গড়ে ১৮ উইকেট নিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন।

যে চারটি ভেন্যুতে খেলা হবে, সেগুলো হল —

প্রথম টেস্ট: ৯-১৩ ডিসেম্বর, পার্থ
দ্বিতীয় টেস্ট: ১৭-২১ ডিসেম্বর, অ্যাডিলেড
তৃতীয় টেস্ট: ২৬-৩০ ডিসেম্বর, মেলবোর্ন
চতুর্থ টেস্ট: ৪-৮ জানুয়ারি, সিডনি

নিউজিল্যান্ড সিরিজের জন্য অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, জ্যাক ক্লেটন, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মাইকেল নেসার, ম্যাট রেনশঁ, কোরি রোচিচিওলি, স্টিভ স্মিথ ও মিচেল স্টার্ক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *