সন্দীপ সরকার, কলকাতা: বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে প্রথম সেশনে খেলা হল ২৮ ওভার। বাংলা তুলল ৯৮ রান। হারাল ৪ উইকেট। রঞ্জি ট্রফির (Ranji Trophy) শেষ দিন ইডেন গার্ডেন্সে থ্রিলারের পূর্বাভাস ছিল। বাংলা বনাম মহারাষ্ট্র ম্যাচের চতুর্থ দিন লাঞ্চ বিরতিতে সেই পূর্বাভাস মিলে যাওয়ার পথে। দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর ১৭৪/৮। ৯৯ রানে এগিয়ে বাংলা। হাতে এখনও ২ উইকেট। খেলা বাকি দুই সেশনের। ম্যাচের রূদ্ধশ্বাস পরিণতির অপেক্ষা।

দ্বিতীয় ইনিংসে বুধবার খেলার শেষে বাংলার স্কোর ছিল ২৪ ওভারে ৭৬/৪। সব মিলিয়ে বুধবার ২৭.৫ ওভার খেলা হয়েছিল। প্রথম ইনিংসে ৭৫ রানের লিড হজম করেছিল বাংলা। সেই ব্যবধান ঘোচাতেই ৪ উইকেট খুইয়ে বসেছিল। মাত্র ১ রানের লিড নিয়েছিল তৃতীয় দিনের শেষে। বকলমে বাংলার দ্বিতীয় ইনিংসের স্কোর তাই ছিল ১/৪! বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল যদিও জয়ের স্বপ্ন দেখছিলেন। সন্ধ্যায় ইডেন ছেড়ে বেরনোর সময় বলেছিলেন, ‘আমরা এখান থেকেও ম্যাচ জিততে পারি। ওদের একটা সেশনে অল আউট করে দিতেও তো পারি।’

কোচের স্বপ্নপূরণের জন্য বৃহস্পতিবার ব্যাট হাতে মরিয়া লড়াই চালালেন অভিষেক পোড়েল ও সুমন্ত গুপ্ত। তৃতীয় দিনের শেষে ২৩ রানে অপরাজিত ছিলেন পোড়েল। বৃহস্পতিবার কঠিন পরিস্থিতিতে ৬৫ রান করে ফিরলেন। সুমন্ত গুপ্ত ৫১ রানে অপরাজিত। সঙ্গে রয়েছেন মহম্মদ শামি (২ ব্যাটিং)।

রাইজিং স্টার্স এশিয়া কাপের জন্য ভারত এ দলে সুযোগ পেয়েছেন শাহবাজ আমেদ। রঞ্জি ট্রফিতে পরপর দুই ম্যাচে বাংলাকে জেতানোর পুরস্কার হিসাবে। আগের দুই ম্যাচের সেরা শাহবাজ মহারাষ্ট্রের বিরুদ্ধে ব্যাট হাতে দুই ইনিংসেই ব্যর্থ। প্রথম ইনিংসে ০ করে ফিরেছিলেন। বৃহস্পতিবার সূরয সিন্ধু জয়সওয়াল দিনের দ্বিতীয় ওভারে ০ করে আউট হওয়ার পর শাহবাজ ক্রিজে নামেন। নেমেই খোঁচা মেরেছিলেন। মহারাষ্ট্রের উইকেটকিপার সৌরভ নাধালে সেই ক্যাচ ফেলে দেন। যদিও সুযোগ কাজে লাগাতে পারেননি শাহবাজ। ০ করেই এলবিডব্লিউ হন।

প্রদীপ্ত প্রামাণিকও ০ করে ফেরেন। সুমন্তরও প্রাণরক্ষা হয় একবার। ৩১ রানের থাকার সময় তাঁর ক্যাচ ফেলেন সিদ্ধেশ বীর। বাংলার স্কোর তখন ১৫১/৭। সেই সুযোগ অবশ্য কাজে লাগাচ্ছেন সুমন্ত। হাফসেঞ্চুরি করে অপরাজিত। এখান থেকে শ’দেড়েক রানের লিড নিয়ে সরাসরি জয়ের জন্য ঝাঁপাতে চায় বাংলা। মহারাষ্ট্রের লক্ষ্য বাংলার শেষ দুই উইকেট দ্রুত তুলে নেওয়া।



Source link

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *