Last Updated:

Inspirational Story: একসঙ্গে দুই হাত ও এক পা দিয়ে ভিন্ন তিনটি ছবি আঁকা থেকে মাত্র ৩ মিনিটে ৩০টি শিল্পকর্ম! বারাসাত রবীন্দ্রভবনে পারফর্ম করে সাড়া ফেললেন বিশ্ব রেকর্ডধারী ‘সব্যসাচী’ স্পিড পেইন্টার রবিন বর। লাইভ পারফরম্যান্সের মাধ্যমে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখা তাঁর নিজস্ব শৈলী।

+

রবিন

রবিন বরের শিল্পকলা মুগ্ধ করে দিয়েছে সবাইকে

উওর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বাংলার মাটি থেকে বিশ্বমঞ্চে রবিন বর। দুই হাত ও এক পায়ে একসঙ্গে ছবি আঁকা সহ রয়েছে ৩ মিনিটে ৩০ শিল্প কর্মের নজির। প্রতিভার কদর যে সীমান্ত পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চেও পৌঁছতে পারে, তারই অনন্য উদাহরণ স্পিড পেইন্টার রবিন বর। পশ্চিমবঙ্গের সঙ্গে তাঁর শৈশবের গভীর যোগ থাকলেও বর্তমানে অসমের বাসিন্দা এই শিল্পী। তাঁর অসাধারণ শিল্পসৃষ্টি এবং অবিশ্বাস্য দ্রুততার কারণে দেশ-বিদেশে তৈরি হয়েছে আলাদা পরিচিতি। ক্যানভাসে রং-তুলির সাহায্যে ছবি আঁকা শিল্পীদের কাছে স্বাভাবিক বিষয়। কিন্তু একই সময়ে দুই হাত এবং একটি পা দিয়ে তিনটি আলাদা ছবি আঁকা এমন দৃশ্য সচরাচর দেখা যায় না।

আর এই অসম্ভব কাজকেই অনায়াসে সম্ভব করে দেখান রবিন বর। তাঁর এই অনন্য দক্ষতার জন্য অনেকেই তাঁকে ‘সব্যসাচী’ শিল্পী বলে অভিহিত করেন। এদিন বারাসাত রবীন্দ্রভবনে বিশেষ এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খ্যাতনামা এই শিল্পী। তবে রবিন বরের প্রতিভার সবচেয়ে বড় চমক তাঁর আঁকার গতি। মাত্র তিন মিনিটে দুই বাই তিন ফুট কাগজে ৩০টি ছবি এঁকে ফেলার নজির রয়েছে তাঁর। শুধু তাই নয়, আধ ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ ভিন্ন ধারার একাধিক শিল্পকর্ম তৈরি করে দর্শকদের চমকে দিতে পারেন তিনি। রবিন বরের শিল্পের অন্যতম আকর্ষণ তাঁর ‘সিগনেচার আর্ট’। সাধারণ মানুষের সইকে কয়েক মুহূর্তের মধ্যেই অর্থপূর্ণ একটি ছবিতে পরিণত করেন তিনি। তাঁর এই অভিনব শিল্পকৌশল ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

আরও পড়ুন: আগের মতোই থাকছে বেলাকোবার চমচমের সাইজ, দাম! কতদিন মিলবে এই অফার? কবে বাড়ছে খরচ?

দেশ-বিদেশের অসংখ্য মানুষ তাঁর এই শিল্পকর্ম দেখে মুগ্ধ। শুধু রং-তুলি বা ক্যানভাসেই থেমে নেই তাঁর শিল্পচর্চা। বালি, আগুন এবং বিভিন্ন মিশ্র মাধ্যম ব্যবহার করে লাইভ পারফরম্যান্সের মাধ্যমে দর্শকদের সামনে ছবি আঁকেন তিনি। ফলে তাঁর প্রতিটি পরিবেশনা একই সঙ্গে শিল্প এবং বিনোদনের এক অনন্য মেলবন্ধন হয়ে ওঠে। বাংলার সঙ্গে তাঁর শৈশবের যোগ থাকায় রবিন বরও বাংলার শিল্প-সংস্কৃতিকে বিশেষ গুরুত্ব দিতে চান। তাঁর বক্তব্য, বাংলার মাটিতে প্রতিভাবান শিল্পীর অভাব নেই। প্রয়োজন সেই প্রতিভাকে যথাযথভাবে তুলে ধরা এবং নতুন প্রজন্মের কাছে শিল্পের প্রতি আগ্রহ তৈরি করা। সেই লক্ষ্যেই বাংলার শিল্প ও শিল্পীদের আরও বেশি গুরুত্ব দেওয়ার বার্তা দিতে চান তিনি।

আরও পড়ুন: রায়চকে ২৫০০ কোটি টাকার নতুন শিপইয়ার্ড গড়বে জিআরএসই, নদীর তীরে ৩২ একর জমিতে কী প্ল্যান?

আন্তর্জাতিক স্তরে একাধিক রেকর্ডের স্বীকৃতিও রয়েছে রবিন বরের ঝুলিতে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস, ইউনিক ওয়ার্ল্ড রেকর্ডস এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-সহ একাধিক মর্যাদাপূর্ণ রেকর্ডের সঙ্গে তাঁর নাম যুক্ত হয়েছে বলে জানা যায়। বাংলার মাটি থেকে উঠে আসা এই শিল্পীর শিল্পকর্ম তাই শুধু ছবি আঁকার গণ্ডিতে আটকে নেই। গতি, শারীরিক ভারসাম্য, সৃজনশীলতা এবং পারফরম্যান্স সবকিছুর মেলবন্ধনে রবিন বর তৈরি করেছেন নিজস্ব এক শিল্পধারা। বর্তমানে অসমে বসবাস করলেও বাংলার সঙ্গে তাঁর শিকড়ের সম্পর্ক অটুট। আর সেই বাংলার শিল্প ও শিল্পীদের বিশ্বমঞ্চে আরও এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্নই আগামী দিনে তাঁর অন্যতম লক্ষ্য।



Source link

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *