অকল্যান্ড: আর সপ্তাহ দু’য়েকও বাকি নেই, ১৯ নভেম্বর থেকে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) দুই ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে নামবে ভারতীয় দল। তবে সেই সিরিজ়ে ঋষভ পন্থের (Rishabh Pant) খেলা নিয়ে এখনও সংশয় অব্যাহত। তিনি ভারতীয় ‘এ’ দলের শেষ টেস্ট ম্য়াচেও খেলতে পারবেন না। তাই তাঁকে টেস্ট সিরিজ়ে নামতে হলে কোনওরকম ম্য়াচ প্র্যাকটিস ছাড়াই নামতে হবে। তবে টেস্ট দলের বাকি দুই অবিচ্ছেদ্য অঙ্গ ইতিমধ্যেই নিউজ়িল্যান্ডে পৌঁছে গিয়েছেন। কথা হচ্ছে যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও রবীন্দ্র জাডেজাকে (Ravindra Jadeja) নিয়ে।
বুমরা ইতিমধ্যেই কিউয়িভূমে পৌঁছে গিয়ে লিঙ্কনে দুই কড়া ট্রেনিং সেশন পূর্ণ করে ফেলেছন। তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য সীমিত ওভারের দুই সিরিজ়েই বুমরাকে রাখা হয়নি। তাই এই সেশনগুলি বুমরার জন্য মহাগুরুত্বপূর্ণ হতে চলেছে। এর মাধ্যমে বুমরা নিজের ছন্দ খুঁজে পাবেন বলে আশা করাই যায়। নিউজ়িল্যান্ড পৌঁছে গিয়েছেন রবীন্দ্র জাডেজা। অবশ্য বুমরা ঘরোয়া ক্রিকেটে না খেললেও, জাডেজা ঘরোয়া ক্রিকেট খেলায় তাঁর ম্যাচ ফিটনেস নিয়ে কোনওরকম প্রশ্নচিহ্ন নেই।
আরও পড়ুন:- ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
তবে ভারতের পিচ থেকে নিউজ়িল্যান্ডে টেস্টের দুই ভেন্যু বেসিন রিজার্ভ এবং ক্রাইস্টচার্চের পিচের চরিত্র সম্পূর্ণ ভিন্ন। তাই সিরিজ়ের বেশ খানিকটা আগে নিউজ়িল্যান্ডে পৌঁছে যাওয়ায় তিনি পিচ ও পরিবেশর সঙ্গে মানিয়ে নেওয়ার সময় পাবেন। পাশাপাশি দুই তারকাই ম্যাচ ফিটনেস প্রমাণ করা এবং নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার জন্য টেস্ট সিরিজ়ের আগে একটি ম্যাচ খেলারও সুযোগ পাচ্ছেন। ৭ নভেম্বর থেকে ভারত ‘এ’ নিউজ়িল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে তৃতীয় বেসরকারি টেস্ট খেলতে নামবে। সেই ম্যাচের জন্য ভারতীয় ‘এ’ দলে বুমরা ও জাডজাকে যুক্ত করা হয়েছে।
শুধু এই দুই তারকাই নয়, প্রাথমিক সংশয় কাটিয়ে ফিটনেস ছাড়পত্র পাওয়া প্রসিদ্ধ কৃষ্ণও ওই ‘এ’ দলের ম্যাচের অংশগ্রহণ করবেন। তিনি তিন সপ্তাহ ধরে পেশির চোট সারিয়ে উঠেছেন। এদিকে পন্থের অনুপস্থিতিতে তিলক বর্মাকে ‘এ’ দলে যুক্ত করা হয়েছে। পন্থ যদি টেস্টের জন্য ফিট হতে না পারেন, তাহলে সেক্ষেত্রে ধ্রুব জুরেল কিউয়িদের বিরুদ্ধে টেস্টে কিপার-ব্যাটার হিসাবে সুযোগ পেতে পারেন। তিনি ‘এ’ দলের হয়ে সম্প্রতি দ্বিতীয় বেসরকারি টেস্টে শতরান হাঁকিয়েছেন। তাই তিনি ফর্ম সঙ্গে নিয়েই টেস্টে নামতে পারেন। তবে পন্থকে নিয়ে এখনও বোর্ডের আপডেটের অপেক্ষায় সকলে।
