নয়াদিল্লি: দীর্ঘ দেড় বছরের মতো অপেক্ষা এবং একাধিকবার পিছিয়ে যাওয়ার পর অবশেষে ভারত পদ্মাপারে সীমিত ওভারের দুই সিরিজ়ের জন্য সফর করতে পারে। যদি তেমন কোনও বড় সমস্যা তৈরি না হয়, তাহলে পরের বছরই এই ভারত-বাংলাদেশের (IND vs BAN) এই সিরিজ় আয়োজিত হতে পারে।
Sports Tak-র রিপোর্ট অনুযায়ী দুই দেশের ক্রিকেট বোর্ড এই সফর নিয়ে সরকারিভাবে কোনও ঘোষণা না করলেও, অবশেষে এই সিরিজ় আয়োজিত হতে পারে। পরের বছরের শুরুতেই, একেবারে জানুয়ারির প্রথম সপ্তাহে ভারত পদ্মাপারে সীমিত ওভারের সিরিজ় খেলতে যেতে পারে। এই সফরে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের তিনটি ওয়ান ডে এবং সমসংখ্যক টি-২০ ম্যাচ খেলার কথা। তবে গোটা সিরিজটিই অত্যন্ত কম সময়ে ঠাসা সূচির মাঝেই আয়োজিত হতে পারে।
৩ থেকে ৯ জানুয়ারি জিম্বাবোয়ের তিন ওয়ান ডে ম্যাচের জন্য ভারতের মুখোমুখি হওয়ার কথা। আবার একই মাসের ২১ তারিখ থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফিতে মাঠে নামার কথা ভারতের। তাই এই সিরিজ় আয়োজন ঘিরে এখনও সংশয় তো রয়েইছে। ভারত ১৬ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের জন্য প্রস্তুতি শুরু করতে আগ্রহী। সেক্ষেত্রে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ় পিছিয়ে যেতে পারে।
আরও পড়ুন:- ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
অতীতে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছিল এবং তার প্রভাব পড়েছিল ক্রিকেটেও। বাংলাদেশ তারকা মুস্তাফিজুর রহমানকে প্রতিবাদের জেরে আইপিএল থেকে সরে বের করে দেওয়া হয়। বাংলাদেশও আবার টি-২০ বিশ্বকাপের সময় নিরাপত্তার অভাবের অজুহাতে ভারতে খেলতে আসতে নাকচ করে এবং তার ফলে শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকেই বাদ পড়ে। তবে তারপর থেকে অনেক কিছু বদল হয়েছে। বাংলাদেশে জনগণ নির্বাচনের পর নতুন সরকারকে ক্ষমতায় এনেছে। বিরাট রদবদল হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্দরেও। বিসিবির নতুন প্রধান হয়েছেন তামিম ইকবাল।
প্রাক্তন বাংলাদেশি ক্রিকেটার তথা বর্তমান বোর্ড প্রধান বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে আগ্রহী বলেই জানিয়েছেন। সেই লক্ষ্য়ে এই সিরিজ় গুরুত্বপূর্ণ হতে পারে। তিনি সম্প্রতি প্রথম আলোকে জানিয়েছিলেন, ‘আমরা (সিরিজ় খেলার জন্য) সম্ভাব্য সময় খুঁজে বের করার চেষ্টা করছি। দুই দেশের বোর্ডের মধ্যে আলোচনা চলছে। ভারত বাংলাদেশে খেলতে আসবে বলে আমি আশাবাদী। ইতিবাচক মানসিকতা নিয়ে সমাধান খুঁজে বের করার লক্ষ্যেই দুই দল কাজ করছে।’
এই সিরিজ় আয়োজিত হলে সকলের নজর কিন্তু এই সিরিজ়ের দিকে থাকবে। ২০২২ সালে ভারতের গত বাংলাদেশ সফরে টিম ইন্ডিয়াকে ওয়ান ডে সিরিজ়ে ২-১ হারতে হয়েছিল। তাই সেই হারের বদলার লক্ষ্যে কিন্তু মরিয়া হয়ে মাঠে নামবে ভারত।
