Asaduddin Owaisi: আসাদউদ্দিন ওয়েইসিকে সুপ্রিম কোর্টের বিচারপতি ভেবে গার্ড অব অনার দিল পুলিশ! তুঙ্গে চর্চা

গার্ড অব অনার ওয়েইসিকেImage Credit: x

হায়দরাবাদ: সাংসদ আসাদউদ্দিন ওয়েইসিকে (Asaduddin Owaisi) সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি ভেবে গার্ড অব অনার! শনিবার সাহারানপুর সার্কিট হাউসের ঘটনায় জোর চর্চা শুরু হয়েছে। পুলিশের এই ভুলে তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। পুলিশের এই প্রোটোকল বিভ্রাট নিয়ে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ঠিক কী ঘটেছে? 

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে সুপ্রিম কোর্টের এক বিচারপতির সাহারানপুরের সার্কিট হাউসে আসার কথা ছিল। সেই উপলক্ষে আগে থেকেই সেখানে পৌঁছে গিয়েছিলেন পুলিশকর্মীরা। বিচারপতিকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু বিচারপতি পৌঁছনোর আগেই সার্কিট হাউসে হাজির হন আসাদউদ্দিন ওয়েইসি। তাঁর সেখানে যাওয়ার বিষয়ে পুলিশের কাছে কোনও খবর ছিল না বলে জানা গিয়েছে।

এরপরই ঘটে বিপত্তি। বিচারপতির অপেক্ষায় থাকা পুলিশকর্মীরা ওয়েইসিকে দেখে বিভ্রান্ত হয়ে পড়েন। তাঁকেই বিচারপতি ভেবে আনুষ্ঠানিক গার্ড অফ অনার দিয়ে বসেন। পুলিশকর্মীদের সেই অভিবাদন গ্রহণ করেন ওয়েইসিও। পরে বিষয়টি সামনে আসতেই পুলিশের প্রোটোকল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

কেন সার্কিট হাউসে গিয়েছিলেন ওয়েইসি?

উল্লেখ্য, শনিবার সাহারানপুরে ছিলেন ওয়েইসি। তাঁর সঙ্গে ছিলেন আজাদ সমাজ পার্টি (কাঁসিরাম)-এর প্রধান চন্দ্রশেখর আজাদ। ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে যৌথ সাংবাদিক বৈঠক করতে সেখানে গিয়েছিলেন দুই নেতা। সম্প্রতি আসাদউদ্দিন ওয়েইসি ও চন্দ্রশেখর আজাদ একসঙ্গে সমাজিক পরিবর্তন মোর্চা (SPM) নামে একটি রাজনৈতিক মঞ্চ গঠনের ঘোষণা করেছেন। আগামী বিধানসভা নির্বাচনে এই মঞ্চের হয়ে লড়াই করার পরিকল্পনা রয়েছে তাঁদের।

এদিকে, ঘটনাটি সামনে আসার পর তদন্তের নির্দেশ দিয়েছে সাহারানপুর পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (SSP) জেলার পুলিশ সুপার (গ্রামীণ)-কে ঘটনার তদন্তের দায়িত্ব দিয়েছেন। তদন্তে পাওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে নিয়ম মেনে পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *