Bhargavastra: ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা রুখতে ভারতের নতুন অস্ত্র 'ভার্গবাস্ত্র'! পোখরানে সফল পরীক্ষা

পোখরানে সফল পরীক্ষা

নয়া দিল্লি: শত্রুপক্ষের ড্রোন হামলা মোকাবিলায় আরও একধাপ এগোল ভারত। পোখরানে সফল ভার্গবাস্ত্র-এর পরীক্ষা। একসঙ্গে ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়ে হামলার কৌশল রুখতে দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই ‘ভার্গবাস্ত্র’। সম্প্রতি, রাজস্থানের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এই অস্ত্রব্যবস্থার একাধিক পরীক্ষা চালানো হয়। নির্মাতা সংস্থা সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেডের (SDAL) দাবি, পরীক্ষায় একাধিক এয়ার ডিফেন্স রকেট এবং গাইডেড মাইক্রো মিসাইল ব্যবহার করা হয়েছে। সেন্সর ও কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থার মাধ্যমে শনাক্ত এবং চিহ্নিত করা ড্রোনের লক্ষ্যবস্তুতে রকেটের ওয়ারহেড সফলভাবে আঘাত হেনেছে। পাশাপাশি মাইক্রো মিসাইলের গাইডেন্স এবং টার্মিনাল হোমিং প্রযুক্তির কার্যকারিতাও পরীক্ষায় প্রদর্শিত হয়েছে।

আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের ব্যবহার ক্রমশ বাড়ছে। বিশেষ করে ছোট আকারের কম খরচের ড্রোন একসঙ্গে বহু সংখ্যায় পাঠিয়ে শত্রুপক্ষের সামরিক ঘাঁটি, অস্ত্রভাণ্ডার, রাডার ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোর উপর হামলা চালানোর প্রবণতা বেড়েছে। এই ধরনের ড্রোনের ঝাঁক বা ড্রোন সোয়ার্ম মোকাবিলা করা প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে বড় চ্যালেঞ্জ। কারণ একটি বা দুটি ড্রোনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার তুলনায় একসঙ্গে বহু ড্রোন শনাক্ত করে ধ্বংস করা অনেক বেশি জটিল। এই চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যেই তৈরি করা হয়েছে ভার্গবাস্ত্র।

এটি একটি যানবাহনে বহনযোগ্য দুই স্তরের ড্রোন-বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা। একই প্ল্যাটফর্মে এয়ার ডিফেন্স রকেট এবং গাইডেড মাইক্রো মিসাইল ব্যবহারের ব্যবস্থা রয়েছে। ফলে পরিস্থিতি অনুযায়ী একাধিক আকাশপথের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।

ভার্গবাস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর দুই স্তরের প্রতিরক্ষা কৌশল। প্রথম সংস্করণ অর্থাৎ ভার্সন-১-এ রয়েছে ৬৪ টিউবের রকেট লঞ্চার। অন্যদিকে দ্বিতীয় সংস্করণ বা ভার্সন-২-এ রয়েছে ৬৪টি গাইডেড মাইক্রো মিসাইল উৎক্ষেপণের ব্যবস্থা। প্রথম সংস্করণটি মূলত রকেটনির্ভর হলেও দ্বিতীয় সংস্করণে ব্যবহার করা হয়েছে স্বয়ংক্রিয় নির্দেশনাপ্রযুক্তি এবং ইনফ্রারেড সিকারযুক্ত মাইক্রো মিসাইল। এর ফলে লক্ষ্যবস্তুর গতিবিধি অনুসরণ করে নির্দিষ্ট ড্রোনকে আঘাত করার সক্ষমতা তৈরি হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর প্রাথমিক চাহিদা ছিল রকেটভিত্তিক ব্যবস্থা তৈরি করা। কিন্তু নির্মাতা সংস্থা নিজস্ব উদ্যোগে আরও উন্নত মাইক্রো মিসাইল সংস্করণও তৈরি করেছে।

শুধু অস্ত্র নিক্ষেপ নয়, শত্রুপক্ষের ড্রোন শনাক্ত করা এবং তার গতিবিধির উপর নজর রাখার জন্যও রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। ভার্গবাস্ত্রে রেডিও ফ্রিকোয়েন্সি বা RF ডিটেক্টর, সার্ভেল্যান্স রাডার এবং ইলেক্ট্রো-অপটিক্যাল সেন্সর ব্যবহার করা হয়েছে। এই সেন্সরগুলির সাহায্যে আকাশে উড়তে থাকা ড্রোনের উপস্থিতি শনাক্ত করা এবং তার গতিপথ অনুসরণ করা সম্ভব। দিন ও রাত, উভয় সময়েই নজরদারি চালানোর ব্যবস্থা রয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-নির্ভর C4I (Command, Control, Communications and Intelligence) ব্যবস্থা সেন্সর থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে লক্ষ্যবস্তু চিহ্নিত করা এবং অস্ত্র পরিচালনার কাজে সমন্বয় সাধন করে। অর্থাৎ শত্রুপক্ষের ড্রোন শনাক্ত করা থেকে শুরু করে তাকে ধ্বংস করার প্রক্রিয়ায় একাধিক প্রযুক্তি একসঙ্গে কাজ করবে।

এই গোটা প্রতিরক্ষা ব্যবস্থাটি তিনটি সামরিক যানবাহনের উপর বিন্যস্ত। এর মধ্যে অস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা, সেন্সর এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল প্রযুক্তি সংযুক্ত রয়েছে। ফলে প্রয়োজন অনুযায়ী এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে মোতায়েন করা সম্ভব। সীমান্তবর্তী সামরিক ঘাঁটি, গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা পরিকাঠামো এবং সংবেদনশীল এলাকায় ড্রোন হামলার আশঙ্কা থাকলে এই ব্যবস্থা বিশেষভাবে কার্যকর হতে পারে। তবে এটি মূলত ড্রোন ও ড্রোনের ঝাঁক মোকাবিলার জন্য তৈরি, প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিকল্প নয়।

ভার্গবাস্ত্র তৈরির পিছনে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর নির্দিষ্ট সামরিক চাহিদা। প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিরক্ষা উৎপাদন বিভাগ ২০২৪ সালের ৯ জুলাই এই প্রকল্পের জন্য প্রজেক্ট স্যাংশন অর্ডার জারি করে। মেক-টু বা Buy Indian-IDDM প্রকল্পের আওতায় দেশীয় বেসরকারি সংস্থাগুলিকে এই প্রযুক্তি তৈরির দায়িত্ব দেওয়া হয়। প্রকল্পের নির্ধারিত সময়সীমা ২০২৭ সালের ৩১ মার্চ। পরিকল্পনা অনুযায়ী, প্রোটোটাইপ প্রদর্শন সফল হলে একটি প্রোটোটাইপ সেট এবং পরবর্তী পর্যায়ে ১২টি সরবরাহযোগ্য সেট তৈরির কথা রয়েছে।

নাগপুরভিত্তিক সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেডের দাবি, এই অস্ত্রব্যবস্থার নকশা, সফটওয়্যার, রকেট এবং গাইডেড মাইক্রো মিসাইল—সবই দেশীয় প্রযুক্তিতে তৈরি। এর মেধাস্বত্বও সংস্থার নিজস্ব। পোখরানের সাম্প্রতিক পরীক্ষায় সাফল্যের পর এবার সরবরাহযোগ্য কনফিগারেশনে প্রোটোটাইপ প্রদর্শনের জন্য প্রস্তুত ভার্গবাস্ত্র। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারিতে ভারতীয় সেনাবাহিনীর কাছে এটি প্রদর্শনের সম্ভাবনা রয়েছে। তবে পরীক্ষায় সাফল্য পাওয়া এবং সেনাবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হওয়া এক বিষয় নয়। তার জন্য আরও মূল্যায়ন, পরীক্ষা ও অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কাছে এই প্রকল্পের গুরুত্ব এখানেই যে, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে ড্রোনের ঝাঁক বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। সেই পরিস্থিতিতে বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তিতে দ্রুত শনাক্তকরণ এবং ড্রোন ধ্বংসের সক্ষমতা গড়ে তোলার চেষ্টা করছে ভারত। ভার্গবাস্ত্রের সফল পরীক্ষা সেই লক্ষ্য পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *