পড়ুন মণিপুর নিয়ে টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদনImage Credit: TV9 Bangla
স্কুলের ইউনিফর্মটি তখনও নিঙ্গোলের গায়ে হত। কিন্তু পোশাকটি আর পরতে ভালো লাগত না তার। সাদা শার্টটি কাঁধের কাছে আঁটসাঁট হয়ে গিয়েছিল। স্কার্টটিও প্রয়োজনের তুলনায় ছোট হয়ে এসেছে। বারবার ধোয়ার ফলে পোশাকের আসল রংও অনেকটা ফিকে হয়ে গিয়েছে। মেয়ের সুবিধার কথা ভেবে মা কোমরের দিকের সেলাই খুলে পোশাকটি একটু ঢিলেঢালা করার চেষ্টা করেছিলেন। ১৫ বছরের একটি মেয়ের পুরনো পোশাক ছোট হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। শিশুরা বড় হয়, আর সামর্থ্য থাকলে পরিবার তাদের জন্য নতুন পোশাক কিনে দেয়। কিন্তু নিঙ্গোলের মন খারাপের কারণ ছিল অন্য। এই ইউনিফর্মটি এমন একটি স্কুলের, যেখানে সে গত তিন বছরেরও বেশি সময় ধরে যায়নি।
২০২৩ সালের মে মাসে মাত্র ১২ বছর বয়সে যখন বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিল নিঙ্গোলের পরিবার, তখন সঙ্গে আনা হাতে গোনা কয়েকটি জিনিসের মধ্যে ছিল এই স্কুলের ইউনিফর্মটিও। সেই সময় তার ধারণা ছিল, কয়েক দিনের মধ্যেই হয়তো আবার স্কুলে ফিরতে পারবে। কিন্তু এখন একটি অস্থায়ী আশ্রয়শিবিরের ভিড়ের মধ্যে ছোট্ট আয়নার সামনে দাঁড়িয়ে সে দেখছিল, কীভাবে সময়ের সঙ্গে বড় হয়ে উঠেছে সে, অথচ ফিরে যেতে পারেনি সেই জীবনে, যে জীবনের কথা ভেবেই তৈরি হয়েছিল তার স্কুলের পোশাক।
বাস্তুচ্যুত হওয়ার আগে নিঙ্গোলের জীবন-
মণিপুরে হিংসা ছড়িয়ে পড়ার আগে ইম্ফলের উপকণ্ঠে একটি এলাকায় বাবা-মা, ঠাকুমা এবং ছোট ভাইয়ের সঙ্গে থাকত নিঙ্গোল। তার বাবা ভাড়া নেওয়া একটি ছোট দোকানে বৈদ্যুতিক সরঞ্জাম সারানোর কাজ করতেন। মা মাঝেমধ্যে প্রতিবেশীদের পোশাক সেলাই করে দিতেন। পরিবারের আয় খুব বেশি না হলেও মোটামুটি নিয়মিত ছিল।
স্থানীয় একটি স্কুলে পড়ত নিঙ্গোল। শান্ত স্বভাবের এবং পড়াশোনায় ভালো ছাত্রী হিসেবেই পরিচিত ছিল সে। বিজ্ঞানের প্রতি বিশেষ আগ্রহ ছিল তার। বিশেষ করে মানবদেহ, গাছপালা এবং প্রকৃতির নানা বিষয় নিয়ে পড়তে ভালোবাসত। অঙ্ক অবশ্য তেমন পছন্দ ছিল না, যদিও পরীক্ষায় তার নম্বর মোটামুটি ভালোই আসত। স্কুলে দু’জন ঘনিষ্ঠ বন্ধু ছিল তার। একসঙ্গে টিফিন ভাগ করে খাওয়া, শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আলোচনা, পরীক্ষা, সিনেমা কিংবা স্কুলের ছোটখাটো মনোমালিন্য—এসব নিয়েই কাটত তাদের সময়।
বাড়িতেও মাঝেমধ্যে মায়ের কাজে সাহায্য করা কিংবা ছোট ভাইয়ের দেখাশোনা করতে বলা হলে বিরক্ত হত নিঙ্গোল। বাবা-মায়ের চিন্তা ছিল পরীক্ষার ফলাফল, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি এবং দুই সন্তানকে ভালো স্কুলে পড়ানোর খরচ নিয়ে। কিন্তু খুব শিগগিরই যে তাঁদের সবচেয়ে বড় চিন্তা হয়ে উঠবে পরিবারের জন্য নিরাপদে রাত কাটানোর মতো একটি জায়গা খুঁজে পাওয়া, তা তাঁরা কল্পনাও করেননি।
মণিপুরের হিংসা যেভাবে ঘরছাড়া করল পরিবারকে-
২০২৩ সালের মে মাসে মণিপুরে জাতিগত হিংসা শুরু হওয়ার পর থেকেই তাঁদের এলাকার পরিস্থিতি ক্রমশ অনিশ্চিত হয়ে ওঠে। বিভিন্ন জায়গায় হামলা, বাড়িঘর ভাঙচুর এবং মানুষের ঘর ছেড়ে পালানোর খবর দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। প্রথমদিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করেছিলেন নিঙ্গোলের বাবা। বহু বছর ধরে একটি জায়গায় সংসার এবং ব্যবসা গড়ে তোলার পর সেখান থেকে চলে যেতে চাইছিলেন না তিনিও। কিন্তু পরিস্থিতির অবনতি হতে থাকায় শেষ পর্যন্ত বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয় পরিবার।
কিছু পোশাক, প্রয়োজনীয় নথিপত্র, ওষুধ এবং জরুরি জিনিসপত্র গুছিয়ে নেয় তারা। নিজের স্কুলের ইউনিফর্ম, পাঠ্যবই এবং বন্ধুদের সঙ্গে তোলা একটি ছোট ছবি সঙ্গে নিয়েছিল নিঙ্গোল। বাড়িতে ফেলে আসতে হয়েছিল তার বেশিরভাগ পোশাক, স্কুলের সার্টিফিকেট, বেশ কিছু খাতা এবং রান্নাঘরের পাশে পুরনো পাত্রে লাগানো গাছগুলি।
প্রথম কয়েক সপ্তাহ বারবার সেই গাছগুলির কথা মনে পড়ত তার। পরে অবশ্য সে আর সেগুলির কথা বলা বন্ধ করে দেয়।
ত্রাণশিবিরে বেড়ে ওঠার জীবন-
পরবর্তী কয়েক মাস অস্থায়ী আশ্রয়ে কাটানোর পর একটি ত্রাণশিবিরে থাকতে শুরু করে পরিবারটি। সেখানে একাধিক বাস্তুচ্যুত পরিবারের সঙ্গে একই জায়গায় থাকতে হত তাদের। পর্দা কিংবা হাতের কাছে থাকা বিভিন্ন জিনিস দিয়ে কোনওরকমে আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছিল। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিলেন নিঙ্গোলের ঠাকুমা। অন্যদিকে, ছোট ভাই তুলনামূলকভাবে সহজেই মানিয়ে নিয়েছিল। কারণ, দিনের বেশিরভাগ সময় অন্য শিশুদের সঙ্গে খেলাধুলো করে কাটাতে পারত সে।
কিন্তু নিঙ্গোলের বয়স তখন এমন একটা পর্যায়ে পৌঁছেছে, যখন ব্যক্তিগত পরিসর বা একান্তে সময় কাটানোর প্রয়োজনীয়তা বাড়তে শুরু করেছে। পোশাক বদলানোর জন্য একটু নিরিবিলি জায়গা, নিজের মতো করে বই পড়া, ব্যক্তিগত জিনিসপত্র গুছিয়ে রাখা কিংবা কিছুক্ষণ একা থাকার ইচ্ছা ছিল তার। এই চাহিদাগুলি খুবই স্বাভাবিক। কিন্তু অনেক মানুষের থাকার জন্য তৈরি একটি আশ্রয়শিবিরে সেই সামান্য ব্যক্তিগত পরিসরটুকু পাওয়াও ছিল কঠিন।
বাস্তুচ্যুত জীবনে কঠিন হয়ে ওঠে দৈনন্দিন প্রয়োজন-
নিঙ্গোলের মা লক্ষ্য করেছিলেন, মেয়েটি এখন নিজের পোশাক কোথায় রাখছে, সে বিষয়ে অনেক বেশি সতর্ক হয়ে উঠেছে। একটি ছোট ব্যাগে পোশাকগুলি ভাঁজ করে রাখত সে। নিজের ব্যক্তিগত জিনিসপত্র নিজেই ধুয়ে এমন জায়গায় শুকোতে দিত, যাতে অন্য কারও নজরে না পড়ে। কৈশোরে পা দেওয়ার পর ঋতুস্রাব শুরু হলে ত্রাণশিবিরে আরও কিছু বাস্তব সমস্যার মুখোমুখি হতে হয় তাকে। পরিষ্কার জল, উপযুক্তভাবে পোশাক ধোয়ার জায়গা, স্যানিটারি সামগ্রী এবং ব্যক্তিগত গোপনীয়তা—বাড়িতে যে সুবিধাগুলি সহজেই পাওয়া যেত, এখানে সেগুলি সবসময় পাওয়া সম্ভব হত না।
মা যথাসাধ্য সাহায্য করতেন। কখনও মেয়ের প্রয়োজনীয় জিনিস কিনে দেওয়ার জন্য পরিবারের অন্য খরচ কমাতে হত তাঁকে। পরিবারের বাইরের সবার সঙ্গে এই বিষয়গুলি নিয়ে খোলাখুলি আলোচনা করাও সম্ভব ছিল না। একজন বেড়ে ওঠা কিশোরীর কাছে এগুলি খুবই স্বাভাবিক প্রয়োজন। কিন্তু বাস্তুচ্যুতির কারণে সেই স্বাভাবিক প্রয়োজন মেটানোও কঠিন হয়ে উঠেছিল।
বাস্তুচ্যুতির প্রভাব পড়ে নিঙ্গোলের পড়াশোনায়-
পড়াশোনাও অনিয়মিত হয়ে পড়েছিল নিঙ্গোলের। প্রথমদিকে সঙ্গে আনা বইপত্র দিয়েই পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করত সে। তার ধারণা ছিল, এই পরিস্থিতি সাময়িক। নিয়মিত অধ্যায় পড়া, অনুশীলন করা এবং পুরনো স্কুলের শিক্ষাবর্ষের সময়সূচি মেনে চলার চেষ্টা করত।
কিন্তু সময় যত গড়িয়েছে, সেই নিয়ম বজায় রাখা তত কঠিন হয়েছে। কিছু বই হারিয়ে গিয়েছিল। চারপাশের পরিবেশও পড়াশোনার জন্য মোটেই উপযুক্ত ছিল না। যখনই কোনওভাবে ক্লাস করার সুযোগ মিলত, সেখানে যোগ দিত সে। কিন্তু আগের স্কুলের তুলনায় পড়াশোনার সময়সূচি এবং পরিবেশ ছিল অনেকটাই আলাদা।
মেয়ের পড়াশোনা যাতে বন্ধ না হয়ে যায়, তার জন্য অন্য স্কুলে ভর্তির সম্ভাবনাও খতিয়ে দেখেছিলেন বাবা-মা। যাতায়াতের খরচ, স্কুলের ফি, প্রয়োজনীয় নথিপত্র এবং নিরাপত্তার বিষয়গুলি বিবেচনা করতে হচ্ছিল তাঁদের। মেয়ের শিক্ষা চালিয়ে যেতে চাইলেও অনিশ্চিত আয় এবং বাসস্থানের সমস্যার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছিল পরিবারকে।
সংসারের আয় বন্ধ হয়ে যাওয়ায় পড়াশোনা চালিয়ে যাওয়াও কঠিন-
বাড়ি ছাড়ার পর নিঙ্গোলের বাবার বৈদ্যুতিক সরঞ্জাম মেরামতির ব্যবসাও বন্ধ হয়ে যায়। কয়েকটি যন্ত্রপাতি সঙ্গে নিয়ে আসতে পেরেছিলেন তিনি। কিন্তু শুধু যন্ত্রপাতি থাকলেই তো আর নতুন করে ব্যবসা শুরু করা যায় না। প্রয়োজন ছিল খদ্দের, যন্ত্রাংশ, বিদ্যুৎ, কাজ করার মতো জায়গা এবং প্রয়োজনীয় সামগ্রী কেনার টাকা। মাঝেমধ্যে ছোটখাটো মেরামতির কাজ পেতেন তিনি। আবার কোনও কোনও দিন কাজই জুটত না। তাঁর দক্ষতা হারিয়ে যায়নি, কিন্তু যে পরিবেশে সেই দক্ষতা দিয়ে এতদিন সংসার চালিয়েছেন, সেটাই আর ছিল না।
ধীরে ধীরে বিষয়টি বুঝতে শুরু করে নিঙ্গোল। বাবাকে দেখত, কোনও জিনিস কেনার আগে তার দাম যাচাই করছেন। মাকে দেখত, পুরনো হয়ে যাওয়া পোশাক বদলানোর সিদ্ধান্ত পিছিয়ে দিচ্ছেন। নিজের পড়াশোনার জন্য নতুন বই বা অন্যান্য সামগ্রী প্রয়োজন হলে উপযুক্ত সময়ের অপেক্ষা করত সে।
সময়ের সঙ্গে বদলে যায় বন্ধুত্বের সমীকরণও-
প্রথম বছর প্রায়ই বাড়ি ফেরার কথা বলত নিঙ্গোল। জানতে চাইত, পুরনো স্কুল খুলেছে কি না, তার বন্ধুরা আবার ক্লাসে যাচ্ছে কি না। যোগাযোগের সুযোগ পেলেই বন্ধুদের সঙ্গে কথা বলার চেষ্টা করত। কেউ তার বার্তার উত্তর দিত, কেউ আবার দিত না। এক বন্ধু পরিবারের সঙ্গে অন্য কোথাও চলে গিয়েছিল। আর এক বন্ধু থাকছিল রাজ্যের অন্য একটি এলাকায়। ধীরে ধীরে তাদের কথাবার্তা কমে আসে। প্রত্যেকের দৈনন্দিন জীবনই বদলে যাচ্ছিল।
বন্ধুত্ব অবশ্য পুরোপুরি শেষ হয়ে যায়নি। তারা একে অপরকে মনে রাখত। কিন্তু স্কুলের বেঞ্চে পাশাপাশি বসে কাটানো ছোট ছোট মুহূর্তগুলি আর ভাগ করে নেওয়া সম্ভব হচ্ছিল না। নিঙ্গোলের সবচেয়ে বেশি মনে পড়ত সেই পরিচিত বন্ধুটির কথা, যার কাছে নিজের মজার কথাগুলি আলাদা করে বুঝিয়ে বলতে হত না।
যে প্রশ্নগুলির উত্তর তার হাতে ছিল না-
১৪ বছরে পা দেওয়ার পর নিঙ্গোল আরও ভালোভাবে বুঝতে শুরু করে, তার জীবনের অনেক সিদ্ধান্তই এমন কিছু মানুষের হাতে, যাঁদের উপর তার কোনও নিয়ন্ত্রণ নেই। বাড়ির বড়রা নিরাপত্তা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক, ত্রাণের ব্যবস্থা এবং কবে বাড়ি ফেরা সম্ভব হবে, তা নিয়ে আলোচনা করতেন। নিঙ্গোল সেসব শুনত। কিন্তু কেন পরিস্থিতির কোনও সমাধান হচ্ছে না, তা সবসময় বুঝতে পারত না।
মানুষের মধ্যে সম্প্রদায়গত বিভাজনও তার নজরে আসতে শুরু করে। কোনও নির্দিষ্ট ব্যক্তির হিংসাত্মক কাজের খবর সামনে এলে কখনও কখনও গোটা একটি সম্প্রদায়কে নিয়েই আলোচনা শুরু হয়ে যেত। ছোট থেকে বিভিন্ন ভাষা এবং ভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে বড় হয়েছে নিঙ্গোল। সে জানত, প্রত্যেক সম্প্রদায়ের নিজস্ব ইতিহাস এবং ক্ষোভ রয়েছে। কিন্তু কোনও মানুষের পরিচয় কীভাবে ঠিক করে দিতে পারে, একটি পরিবার নিজের পাড়ায় নিরাপদে ফিরতে পারবে কি না, তা তার কাছে বোধগম্য হত না।
তিন বছরে বদলে যায় পরিবারের কাছে ‘ঘর’-র অর্থ-
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পুরনো বাড়ির কথা কম বলতে শুরু করেন নিঙ্গোলের ঠাকুমা। প্রথমদিকে বাড়ির ঘর, উঠোন এবং প্রতিবেশীদের কথা বলতেন তিনি। কিন্তু পরে তাঁর আলোচনার বিষয় হয়ে ওঠে খাবার, ওষুধ এবং আবহাওয়ার মতো দৈনন্দিন প্রয়োজন।
নিঙ্গোল ভাবত, ঠাকুমা কি তবে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছেন? নাকি হারিয়ে যাওয়া জীবনের কথা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছেন?
সে অবশ্য কিছু জিজ্ঞাসা করেনি। তাঁদের সম্পর্কের স্নেহ-ভালোবাসা আগের মতোই ছিল। কিন্তু তিন বছরে বদলে গিয়েছিল কথাবার্তার বিষয়। নিঙ্গোল আর সেই ছোট্ট মেয়েটি ছিল না, যাকে গল্প শুনিয়ে সহজেই অন্যদিকে মন ঘুরিয়ে দেওয়া যেত। ভবিষ্যৎ নিয়ে তার অনেক প্রশ্ন ছিল, কিন্তু ঠাকুমার কাছেও সেসব প্রশ্নের উত্তর ছিল না।
ভবিষ্যৎ নিয়ে নতুন স্বপ্ন দেখতে শুরু করে নিঙ্গোল-
একদিন পরীক্ষার প্রস্তুতিতে পড়ুয়াদের সাহায্য করছিলেন এক স্বেচ্ছাসেবক। তিনি নিঙ্গোলকে জিজ্ঞাসা করেন, স্কুলের পড়াশোনা শেষ করে সে কী করতে চায়। নিঙ্গোল জানায়, নার্সিং নিয়ে পড়াশোনা করতে আগ্রহী সে। এটি অবশ্য হঠাৎ করে নেওয়া কোনও সিদ্ধান্ত ছিল না। ত্রাণশিবিরে স্বাস্থ্যকর্মীদের আসতে দেখেছে সে। বুঝেছে, ওষুধ, চিকিৎসা এবং সঠিক তথ্য পাওয়ার জন্য সাধারণ মানুষকে কতটা নির্ভর করতে হয় স্বাস্থ্যকর্মীদের উপর।
জীববিজ্ঞানের প্রতি আগ্রহ ছিলই। তার মনে হয়েছিল, নার্সিং এমন একটি পেশা, যা ভবিষ্যতে তাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করতে পারে।
স্বেচ্ছাসেবক তাকে বুঝিয়ে দেন, এই পেশায় যেতে হলে কোন কোন বিষয়ে পড়াশোনা করতে হবে এবং কী ধরনের যোগ্যতা প্রয়োজন। নিঙ্গোল সেগুলি লিখে নেয়। পরে মাকে সেই নোটগুলি দেখায়। মা উৎসাহ দিলেও মনে করিয়ে দেন, পড়াশোনার খরচের বিষয়টিও তাঁদের মাথায় রাখতে হবে। কথোপকথনটি ছিল খুবই সাধারণ। তাতে নিঙ্গোলের ভবিষ্যৎ নিশ্চিত হয়ে যায়নি। কিন্তু নিজের লক্ষ্যে পৌঁছনোর জন্য অন্তত একটি নির্দিষ্ট পথ খুঁজে পেয়েছিল সে।
অনিশ্চয়তার মধ্যেও নতুন করে পড়াশোনার চেষ্টা-
পরবর্তী কয়েক মাস নিয়মিত পড়াশোনা শুরু করে নিঙ্গোল। বই ধার করে পড়ত, সুযোগ পেলে ক্লাসে যোগ দিত এবং মোবাইল ফোনে প্রয়োজনীয় পড়াশোনার উপকরণ খুঁজে নিত। পাশাপাশি ছোট ভাইকেও পড়াশোনায় সাহায্য করত।
ভাইকে পড়াতে গিয়ে নিজের কোন বিষয়গুলি ভালো জানা রয়েছে, আর কোন বিষয়গুলি আরও ঝালিয়ে নেওয়া প্রয়োজন, তা বুঝতে পারে সে। মাঝেমধ্যে ভাইয়ের উপর বিরক্তও হত। একই অঙ্ক বারবার করতে বললে ভাই অভিযোগ করত। ছোটখাটো বিষয় নিয়ে দু’জনের মধ্যে ঝগড়াও হত। পরে অবশ্য সবকিছু স্বাভাবিক হয়ে যেত।
পরিবারের জীবন শুধুই দুঃখ আর হতাশার মধ্যে আটকে থাকেনি। এখনও তারা একসঙ্গে হাসে, ছোটখাটো অনুষ্ঠান উদযাপন করে, বিশেষ কোনও খাবার তৈরি হলে আনন্দ করে খায় এবং একে অপরের সঙ্গে অভিমান-অভিযোগও করে। তবে অনিশ্চয়তা সবসময়ই থেকে গিয়েছে। এমন অনেক সিদ্ধান্ত নিতে হয়েছে, যা অন্য পরিবারগুলি হয়তো খুব বেশি চিন্তা না করেই নিয়ে ফেলতে পারে।
যে স্কুলের ইউনিফর্ম শেষ পর্যন্ত তুলে রাখতে হল-
একসময় নিঙ্গোলের মা পুরনো স্কুলের ইউনিফর্মটি তুলে রাখার পরামর্শ দেন। নিঙ্গোলও রাজি হয়। পোশাকটি আর তার গায়ে হচ্ছিল না। ক্লাসে যাওয়ার জন্য অন্য পোশাকও ছিল তার।
ইউনিফর্মটি ভালো করে ধুয়ে শুকিয়ে যত্ন করে ভাঁজ করে রাখে সে। ব্যাগে রাখার আগে পকেটের ভিতর একবার দেখে নেয়। সেখানে পাওয়া যায় একটি পুরনো কাগজের টুকরো। তাতে তার এক বন্ধু কয়েকটি কথা লিখে দিয়েছিল। বাড়ি ছাড়ার আগে স্কুলে খেলা একটি খেলার অংশ ছিল সেটি।
খেলার বিষয়টি এখন আর স্পষ্ট মনে করতে পারছিল না নিঙ্গোল। কাগজের লেখাগুলি পড়ে অল্প একটু হাসল সে। তারপর সেটি একটি খাতার পাতার মধ্যে রেখে দেয়। এরপর তুলে রাখে স্কুলের ইউনিফর্মটিও। কোনও বিশেষ আয়োজন ছিল না। এটি ছিল নিছক একটি পুরনো পোশাক, যা আর তার গায়ে হচ্ছিল না। অথচ পোশাকটির সঙ্গে জড়িয়ে ছিল তার জীবনের এমন একটি অধ্যায়, যার শেষ কবে হয়েছিল, তা কেউ ঠিক করে দেয়নি।
নিজের স্বপ্ন পূরণ করতে এখন কী প্রয়োজন নিঙ্গোলের?
২০২৬ সালের শেষ দিকে এসেও পড়াশোনা চালিয়ে যাচ্ছে নিঙ্গোল। জীবনের পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নিচ্ছে সে। কিন্তু পরিবার কোথায় থাকবে এবং কীভাবে আবার স্থায়ীভাবে উপার্জনের ব্যবস্থা করবে, তা এখনও অনিশ্চিত।
নার্সিং নিয়ে পড়ার ইচ্ছা থাকলেও শুধু আগ্রহ থাকলেই যে সেই স্বপ্ন পূরণ হবে না, তা বুঝতে শিখেছে সে। প্রয়োজন ভালো নম্বর, প্রয়োজনীয় নথিপত্র, সঠিক পরামর্শ এবং আর্থিক সহায়তা। সবচেয়ে বেশি প্রয়োজন এমন একটি পরিবেশ, যেখানে বারবার পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে না।
অবশ্য সারাক্ষণ ভবিষ্যৎ নিয়েই ভাবে না নিঙ্গোল। তারও বন্ধু রয়েছে, পছন্দের গান রয়েছে, বাবা-মায়ের সঙ্গে মাঝেমধ্যে মনোমালিন্য হয়। ১৫ বছরের একটি মেয়ের জীবনে যে স্বাভাবিক চিন্তা ও আনন্দ থাকার কথা, সেগুলিও রয়েছে তার জীবনে। তবে ভবিষ্যৎ নিয়ে যে বাস্তব সমস্যাগুলির মুখোমুখি হতে হচ্ছে তাকে, ১২ বছর বয়সে বাড়ি ছাড়ার সময় সেসবের কথা ভাবতেও পারেনি সে।
দুই ১৫ বছরের কিশোরী, কিন্তু বেড়ে ওঠার অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা-
মুম্বইয়ের আর এক ১৫ বছরের কিশোরী রিয়ার কথাও ধরা যাক। স্কুলের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে সে। তিন বছর আগে, যখন তার বয়স ছিল ১২, তখন স্কুলজীবনের নতুন একটি পর্যায়ে পা রেখেছিল সে। তারপর থেকে নিয়মিত স্কুলে গিয়েছে, খেলাধুলোয় অংশ নিয়েছে, বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন করেছে এবং সময়ের সঙ্গে নিজের পছন্দ-অপছন্দও বদলেছে। এর মধ্যে বেশ কয়েকবার তার স্কুলের ইউনিফর্ম ছোট হয়ে গিয়েছে। নতুন পোশাক কেনার খরচ নিয়ে অভিযোগ করেছেন তার মা।
পরীক্ষার চাপ, বন্ধুদের সঙ্গে মতবিরোধ এবং কৈশোরের স্বাভাবিক অনিশ্চয়তার মধ্য দিয়েই কেটেছে তার সময়। বাবা-মায়ের সঙ্গে আলোচনা হয়েছে টিউশন ফি, ভবিষ্যতের পেশা এবং মাধ্যমিক পরীক্ষার পর বিজ্ঞান নিয়ে পড়বে কি না, তা নিয়েও।
রিয়ার জীবনও সবদিক থেকে সহজ ছিল না। তবে তার পড়াশোনার জন্য প্রয়োজনীয় মৌলিক সুযোগ-সুবিধাগুলি মোটামুটি অক্ষত ছিল। যাওয়ার জন্য একটি স্কুল ছিল, পড়ার জন্য নিজের একটি ঘর ছিল এবং ভবিষ্যতের পড়াশোনার জন্য প্রয়োজনীয় নথিপত্র ও পরামর্শ পাওয়ার সুযোগও ছিল।
অন্যদিকে, নিঙ্গোলের বয়সও একই। তারও একই ধরনের স্বপ্ন রয়েছে, রয়েছে সেই স্বপ্ন পূরণের ক্ষমতা এবং আগ্রহ। কিন্তু গত তিন বছর ধরে তাকে লড়াই করতে হয়েছে শুধুমাত্র পড়াশোনার পরিবেশটুকু বজায় রাখার জন্য।
প্রশ্ন একটাই…
যখন একই বয়সের দু’জন কিশোরী নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সমানভাবে পরিশ্রম করতে প্রস্তুত, তখন একটি দেশের কাছে প্রশ্ন থেকেই যায়—একজন যখন স্বাভাবিকভাবে পড়াশোনা, বেড়ে ওঠা এবং ভবিষ্যৎ নিয়ে ভাবার সুযোগ পেয়েছে, তখন অন্যজনকে কেন শুধুমাত্র একজন পড়ুয়া হিসেবে টিকে থাকার জন্যই বছরের পর বছর লড়াই করতে হল?
