Ganga Water Treaty: গঙ্গার জলবণ্টন নিয়ে চূড়ান্ত বার্ষিক রিপোর্ট, বাংলাদেশকে বাড়তি জল দেবে ভারত?

গঙ্গা জলবন্টন চুক্তি

নয়া দিল্লি: গঙ্গার জলবণ্টন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন চলছে। গত দুই দিন ধরে দুই দেশের মধ্যে জলবন্টন নিয়ে বৈঠক চলেছে। বৈঠকের পর কী সিদ্ধান্ত হল? জানা গিয়েছে, দুই দেশের প্রতিনিধিদের দু’দিনের বৈঠকে যৌথ প্রচেষ্টায় চূড়ান্ত হয়েছে বার্ষিক রিপোর্ট। সোমবার দিল্লিতে বিদেশ মন্ত্রকের কাছে সেই রিপোর্ট জমা দেওয়ার কথা জয়েন্ট রিভার্স কমিশনের প্রতিনিধিদলের। এই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ এবং চুক্তি সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারত সরকার।

এখন সবচেয়ে বড় প্রশ্ন, আগামী ১২ ডিসেম্বরের সময়সীমা শেষ হওয়ার আগেই কি গঙ্গার জলচুক্তির পুনর্নবীকরণ সম্ভব হবে? নাকি নতুন কোনও রূপরেখা তৈরি হবে? বিশেষ করে, শুষ্ক মরশুমে বাংলাদেশকে বাড়তি জল দেওয়ার দাবি কতটা মানবে নয়া দিল্লি, সেদিকেই নজর রয়েছে দুই দেশের কূটনৈতিক মহলের।

কী নিয়ে আলোচনা হল বৈঠকে?

ভারতের জয়েন্ট রিভার্স কমিশনের চেয়ারম্যান শরদ চন্দ্রের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার থেকে ঢাকায় দু’দিনের বৈঠকে অংশ নেয়। বাংলাদেশের তরফে আলোচনায় যোগ দেয় ১০ সদস্যের একটি প্রযুক্তিগত দল। ২০২৬ সালের জুন মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের আর্থিক ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশিদ তিতুমীরের নেতৃত্বে এই দল গঠন করা হয়েছিল।

দু’দেশের প্রতিনিধিদের আলোচনার মূল বিষয় ছিল গঙ্গার জলবণ্টন এবং তার বার্ষিক হিসাব-নিকাশ। বৈঠকে যৌথভাবে বার্ষিক রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে। সোমবার সেই রিপোর্ট বিদেশ মন্ত্রকে জমা পড়ার কথা। এরপর দুই দেশের সরকারি নেতৃত্বের স্তরেই জলবণ্টন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শুষ্ক মরশুমে বাড়তি জল চায় বাংলাদেশ

গঙ্গার জলচুক্তি পুনর্নবীকরণ নিয়ে বেশ কিছুদিন ধরেই তৎপর ঢাকা। বাংলাদেশের দাবি, ১৯৭৭ সালে প্রথম যে চুক্তি হয়েছিল, তাতে শুষ্ক মরশুমে বাংলাদেশকে বাড়তি জল দেওয়ার একটি শর্ত বা ধারা ছিল। কিন্তু, বাংলাদেশের বক্তব্য ১৯৯৬ সালে গঙ্গার জলবণ্টন নিয়ে নতুন চুক্তির সময় সেই শর্ত আর রাখা হয়নি।

ঢাকার দাবি, পুরনো সেই প্রতিশ্রুতি আইনি রক্ষাকবচের মাধ্যমে ফের চুক্তিতে অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ, শুষ্ক মরশুমে বাংলাদেশ যাতে আরও বেশি জল পায়, তা নিশ্চিত করতে চাইছে তারা। এই দাবির প্রেক্ষিতেই গত ১৭ নভেম্বর গঙ্গার জলচুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে তা পুনর্নবীকরণে দ্রুত পদক্ষেপ করার আর্জি জানিয়ে নয়া দিল্লিকে চিঠি লেখেন বাংলাদেশের জলসম্পদ মন্ত্রী শাহিদুদ্দিন চৌধুরী আনি।

ভারতের অবস্থান কী?

জলবণ্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা চললেও নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখার প্রশ্নে স্পষ্ট অবস্থান নিয়েছে ভারত। গত ২০ নভেম্বর নয়া দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। তবে জলবণ্টনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের স্বার্থ সুরক্ষিত রেখেই চুক্তি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *