সন্দীপ সরকার, কলকাতা: একটা সময় দিনের পর দিন তিনি ঘরোয়া ক্রিকেটে কাঁড়ি কাঁড়ি রান করেও জাতীয় দলে ব্রাত্য থাকতেন, আর নির্বাচকেরা আড়ালে আবডালে বলতেন, ওকে দলে নেব কী, ও যে আনফিট! অতিরিক্ত ওজন, আধুনিক ক্রিকেটের জন্য অনুপযুক্ত। যা শুনে সুনীল গাওস্করের মতো কিংবদন্তির সেই অমর উক্তি, ‘নির্বাচকেরা কি ক্রিকেট খেলার লোক খুঁজছেন না ফ্য়াশন ব়্যাম্পে হাঁটার জন্য?’
সেই সরফরাজ খানকে এখন আর দেখে চেনার উপায় নেই। কোথায় সেই মেদবহুল শরীর! বরং ছিপছিপে চেহারা। ফিল্ডিংয়ে ক্ষিপ্র। রানিং বিট্যুইন দ্য উইকেট বিদ্যুৎ গতির। নিজেই জানালেন যে, এক-আধ কেজি নয়, ওজন ঝরিয়েছেন ২০ কেজি! অবিশ্বাস্য ভোলবদল ঘটিয়েছেন মুম্বইয়ের তারকা ক্রিকেটার। সৈয়দ মুস্তাক আলি টি-২০ খেলতে যিনি এখন কলকাতায়।
ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজিত টি-২০ টুর্নামেন্টে মুম্বইয়ের হয়ে দুরন্ত ছন্দে সরফরাজ। কয়েকদিন আগেই গুজরাতের বিরুদ্ধে ১৭ বলে ৪০ রানের বিধ্বংসী অপরাজিত ইনিংস খেলেছেন। তাঁকে আগামী আইপিএলের জন্য় রিটেন করেছে চেন্নাই সুপার কিংস। যা আরও আত্মবিশ্বাসী করে তুলেছে ২৯ বছরের ক্রিকেটারকে।
সৈয়দ মুস্তাকি আলি টি-২০ ট্রফিতে ব্যাটিং করার সময় কী পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন? এবিপি লাইভ বাংলাকে সরফরাজ বললেন, ‘আমি যখন ব্যাটিং করতে নামছি, তখন সেরকম চাপই থাকছে না। কারণ যা চাপ থাকছে, তা সূর্য ভাই (সূর্যকুমার যাদব) আগেই হালকা করে দিচ্ছে। আমি শুধু ভাবছি যেন ফিনিশ করে আসতে পারি। এই মুহূর্তে সাদা বলের ক্রিকেটে ঈশ্বরের মতো ব্যাটিং করছে সূর্য ভাই। আপনারা সবাই দেখছেন স্কাই ভাই কী ধরনের শট খেলছে। দেখে মনে হচ্ছে যেন ভিডিও গেম খেলছে, ব্যাটিং করছে না। আমরা খুব ভাগ্যবান যে সূর্য ভাই আমাদের সতীর্থ। বিপক্ষ দলে থাকলে আমাদের রক্তচাপ বেড়ে যেত।’
আইপিএল নিলামের আগে আপনাকে ধরে রাখল সিএসকে, কতটা আত্মবিশ্বাস পেলেন? সরফরাজ বললেন, ‘আমার ওপর আস্থা দেখিয়েছে বলে অবশ্যই খুশি। আমি শুধু একজনকেই অনুসরণ করি, আর সে হল সূর্য ভাই। আপনার নিজের দলে যখন এত বড় একজন খেলোয়াড় থাকে, তখন আমি শুধু ওঁর সঙ্গে কথা বলতে থাকি যে কী করতে পারি, কী করতে পারি না। তাই সূর্য ভাই আমাদের সঙ্গে দলে থাকলে আমি খুব স্বচ্ছন্দ বোধ করি।’
প্রায় ১৫ কেজি ওজন কমালেন কোন মন্ত্রে? সরফরাজ হাসতে হাসতে ভুল সংশোধন করে দিয়ে বললেন. ‘১৫ না স্যর, ২০ কেজি ওজন ঝরিয়েছি।’ কী ডায়েট মেনে এই ভোলবদল? সরফরাজ বললেন, ‘শুধু ডায়েট নয়, সঙ্গে কঠোর শারীরিক কসরত। খাওয়াদাওয়ায় কার্বোহাইড্রেট কার্যত ছেঁটে ফেলেছি। সাদা সব কিছু এড়িয়ে যাই।’ যোগ করলেন, ‘আমি শুধু ক্রিকেট খেলতে ভালবাসি। যেখানেই সুযোগ পাব, ব্যাটিং অর্ডারের ওপরে পেলে ওপরে খেলব, নীচে পেলে নিচে খেলব। কারণ আমার বাবা অনেক পরিশ্রম করে আমাকে তৈরি করেছেন। আমরা একদম শূন্য থেকে উঠে এসেছি। তো উনি আমার পেছনে পরিশ্রম করেন, আর আমি মাঠে নেমে সেটা প্রয়োগ করার চেষ্টা করি। ব্যস, এর বাইরে আর কিছু না।’
ভারতীয় দলের হয়ে খেলেছেন ৬টি টেস্ট। তবে শেষ খেলেছিলেন প্রায় ২ বছর আগে। ফের সুযোগ পাবেন বলে আশা রাখেন? সরফরাজ বললেন, ‘দেখুন, আপনার ভাগ্যে যা লেখা আছে তা-ই হবে। আপনি যা-ই করুন না কেন, আপনার ভাগ্যে যদি লেখা থাকে যে, এই এই জিনিসগুলো ঘটবে, আপনি তা বদলাতে পারবেন না – সেটা আপনাদের কাজ হোক বা আমার কাজ। আমার ভাগ্যে যা লেখা আছে তা-ই হবে। হ্যাঁ, আমাকে কী উন্নতি করতে হবে, আমি সেই উন্নতিটা প্রতিদিন একটু একটু করে করে যাচ্ছি। যখন মনে হয়েছে রান করতে হবে, আমি রান করেছি; যখন মনে হয়েছে ওজন কমানো উচিত, আমি ওজন কমিয়েছি; যখন মনে হয়েছে ফিল্ডিং আরও ভাল করা উচিত, আইপিএলে আপনারা নিশ্চয়ই আমার ফিল্ডিং দেখেছেন। তাই প্রতিদিন কিছু না কিছু নিয়ে কাজ করতে ভাল লাগে। ব্যস, ওটার ওপরই মনোযোগ দিচ্ছি।’
ব্যক্তিগতভাবে নিজের জন্য সামনে কী লক্ষ্য রাখছেন? সরফরাজ বললেন, ‘ব্যক্তিগতভাবে তেমন কোনও টার্গেট নেই, কারণ আপনি যদি কোনও লক্ষ্য ঠিক করেন আর সেটা অর্জন করতে না পারেন, সেই লক্ষ্য যখন আপনার কাছ থেকে দূরে সরে যায়, তখন আপনি খুব হতাশ হয়ে পড়েন। তাই আমি শুধু এটাই ঠিক করেছি যে, আমাকে প্র্যাক্টিসে কঠোর পরিশ্রম করতে হবে এবং মাঠে গিয়ে সেটাই প্রয়োগ করতে হবে। লক্ষ্য ঠিক করলে অনেক সময় তা নাগালের বাইরে চলে যায়, আর তখন খুব চিন্তিত হয়ে পড়তে হয় যে, কী করবেন। তখন আপনি অনেক কিছু ভুল করতে শুরু করেন। তাই কোনও নির্দিষ্ট লক্ষ্য নেই – প্রাক মরশুমে ভালভাবে পরিশ্রম করা আর মাঠে সেটা প্রয়োগ করার চেষ্টা করাই আমার লক্ষ্য। বাকিটা আমার হাতে নেই।’
