ইনদওর: আইপিএলে ব্যাট হাতে তাঁর দৌরাত্ম্য সকলেই দেখেছেন, এবার ভারতীয় হিসাবে টি-২০ ক্রিকেটে একেবারে ইতিহাসই গড়ে ফেললেন তরুণ প্রিয়াংশ আর্য (Priyansh Arya)। দিল্লির অধিনায়কের ব্যাট তামিলনাড়ুর বিরুদ্ধে কার্যত ঝড় তুলল, আর সেই ঝড়ে উড়ে গেলেন সাই কিশোর, গুরজাপনীত সিংহরা।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) আজ দিল্লির হয়ে ওপেনিং করতে নেমে প্রিয়াংশ মাত্র ৬৮ বলে ১৮১ রানের অনবদ্য এক ইনিংস খেলেন। এটাই টি-২০ ক্রিকেটের ইতিহাসে কোনও ভারতীয়র সর্বকালের সর্বোচ্চ রানের ইনিংস। এ বছরের আইপিএলেই দিল্লি ক্যাপিটালসের হয়ে কেএল রাহুল ১৫২ রানের ইনিংস খেলেছিলেন। সেই ইনিংসই ছিল ভারতীয় হিসাবে টি-২০ তে কোনও ব্যাটারের সর্বোচ্চ রানের ইনিংস। তবে প্রিয়াংশ সেই রেকর্ড নিজের নামে করে ফেললেন।
আরও পড়ুন:- করণ লাল ও অভিষেক পোড়েলের ঝোড়ো ব্যাটিংয়ের পর প্রদীপ্তদের ভেল্কিতে মুস্তাক আলিতে বাংলার বড় জয়
প্রিয়াংশ এদিন নিজের ইনিংসে সাতটি চার মারার পাশাপাশি টি-২০ ক্রিকেটের ইতিহাসে রেকর্ড ১৯টি ছক্কা মারেন। তাঁর ১৪২ রান বাউন্ডারিতেই আসে, এটিও সর্বকালীন রেকর্ড বটে। মাত্র ৩৬ বলে দিল্লির অধিনায়ক শতরান পূরণ করেন। টি-২০-তে এটাই কোনও অধিনায়কের সর্বোচ্চ রানের ইনিংস। তিনি অল্পের জন্য সর্বকালের সর্বোচ্চ টি-২০ রানের রেকর্ড হাতছাড়া করেন। সেই রেকর্ড লুয়ান ডি প্রিটোরিয়ার্সের দখলেই রয়ে গেল। প্রোটিয়া ব্যাটার ১৮৮ রান করেছিলেন।
এদিন প্রিয়াংশের এই ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতেই নির্ধারিত ২০ ওভারে দিল্লি পাঁচ উইকেটের বিনিময়ে ২৭৫ রান তোলে। তিনি বাদে আর কেউ অবশ্য খুব একটা বড় রান করতে পারেননি। প্রিয়াংশের পর অনুজ রাওয়াতের ২৯ রানের ইনিংস দিল্লির হয়ে সর্বাধিক রানের ইনিংস ছিল। জবাবে তামিলনাড়ু এই রানের ধারেকাছেও পৌঁছতে পারেনি। কোনও ব্যাটার তো অর্ধশতরানের গণ্ডিই পার করতে পারেননি। তুষার রাহেজা তামিলনাড়ুর হয়ে সর্বাধিক ৩১ রানের ইনিংস খেলেন। ফলত যা হওয়ার তাই হয়। ১৫৯ রানেই গুটিয়ে যায় তামিলনাড়ুর ইনিংস। গোটা ২০ ওভারও ব্যাট করতে ব্যর্থ হয় তারা। দিল্লির হয়ে দুই স্পিনার দ্বিগেশ রাঠি চার ও সুয়াশ শর্মা তিনটি উইকেট নেন।
এই জয়ের সুবাদে নিজেদের গ্রুপে ছয়ের মধ্যে চারটি ম্যাচ জিতে দিল্লি শীর্ষে নিজেদের দখল অব্যাহত রাখল।
