মুম্বই: আন্তর্জাতিক ক্রিকেটে একটি বড়সড় পরিবর্তনের কথা ভাবনা চিন্তা করছে আইসিসি। আইপিএলের মত ফ্র্যাঞ্চাইজি লিগে মেনে চলা একটি নিয়ম এবার আন্তর্জাতিক ক্রিকেটেও মেনে চলার পথে হাঁটতে পারে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ক্রিকেট ব্যাটের আকার নিয়ে গত কয়েক বছর ধরেই আলোচনা চলছে। বিশেষ করে মাঠে বাউন্ডারি ও ছক্কার সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় বিষয়টি এক্ষেত্রে আরও গুরুত্ব পেয়েছে।

খেলোয়াড়রা যাতে অনুমোদিত মাপের মধ্যেই ব্যাট ব্যবহার করেন, তা নিশ্চিত করতে আইপিএল সরঞ্জাম পরীক্ষার জন্য একটি ‘ব্যাট গেজ’ ব্যবস্থা চালু করেছে। এবার সেই একই নিয়ম খুব তাড়াতাড়ি আন্তর্জাতিক ক্রিকেটেও বাধ্যতামূলক হতে পারে। ব্যাটাররা যাতে অতিরিক্ত বড় আকারের ব্যাট ব্যবহার করতে না পারেন, সেজন্য ICC আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচেও খুব দ্রুত ব্যাট পরীক্ষা করা বাধ্যতামূলক হতে পারে। প্রস্তাবিত এই ব্যবস্থার অধীনে, আম্পায়াররা ম্যাচের যে কোনও সময় খেলোয়াড়দের ব্যাট পরিমাপক যন্ত্রের মধ্য দিয়ে ঢুকিয়ে তা পরীক্ষা করতে পারবেন।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি এই সুপারিশটি করেছে মূলত। জানা গিয়েছে, বালিতে অনুষ্ঠিত আইসিসির সাম্প্রতিক একটি বৈঠকে এই প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। ম্যাচ অফিসিয়ালরা খুব দ্রুত এই নতুন নিয়মাবলি সংক্রান্ত নির্দেশ পেতে পারেন।

উল্লেখ্য, বর্তমান সময়ে টেস্ট ক্রিকেট বাদে বাকি ফর্ম্যাটের ক্রিকেটে কোকাবুরা বল ব্যবহৃত হয়, তবে কমিটি গবেষণার উদ্দেশ্যে বিকল্প বল চালু করার কথা বিবেচনা করছে। বয়সভিত্তিক ক্রিকেটের জন্য বিভিন্ন বলের বিকল্প ও সেগুলোর উপযোগিতা মূল্যায়ন করার লক্ষ্যেই এই সুপারিশ করা হয়েছে। তবে, আন্তর্জাতিক সীমিত ওভারের প্রতিযোগিতায় প্রচলিত কোকাবুরা বল পরিবর্তন করার কোনও তাৎক্ষণিক পরিকল্পনা নেই।

উল্লেখ্য, আইপিএলের জনপ্রিয়তা বিশ্বব্যাপী। কিছুদিন আগে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলের মালিকের মুখেও আইপিএলের ব্য়াপ্তির কথা শোনা গিয়েছে। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মালিক নাদিম ওমর মেনে নিয়েছেন যে বাণিজ্যিক দিক থেকে পিএসএল কখনোই আইপিএলের সমকক্ষ হতে পারবে না ও তিনি তার ফ্র্যাঞ্চাইজি বিক্রি করে দেওয়ার বিষয়ে আগ্রহী বলে জানিয়েছেন। ওমর বলেন, ‘আমরা আইপিএলের বাজারের সাথে প্রতিযোগিতা করতে পারব না। ভারতের তুলনায় আমাদের বাজার বেশ সীমিত। আইপিএলে যে মাপের বিনিয়োগ দেখা যায়, পিএসএলে সেই মাপের বিনিয়োগ করার মতো স্পনসর আমাদের নেই।’ 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *