নয়াদিল্লি: অনূর্ধ্ব ১৯ অধিনায়ক হিসাবে বিশ্বকাপ জয়, টেস্ট অভিষেকেই শতরান, আইপিএল চুক্তি, অল্প বয়সে পৃথ্বী শয়ের (Prithvi Shaw) শুরুটা স্বপ্নের মতোই হয়েছিল। তবে মাঠের বাইরের না না ঘটনা এবং অফ ফর্মের জেরে পৃথ্বীর কেরিয়ারগ্রাফ ক্রমেই নিম্নমুখী হয়েছে। পৃথ্বী নিজের অতীতকে মেনে নিলেও, সম্প্রতি তাঁর সম্পর্কে যুবরাজ সিংহের বাবা তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যোগরাজের (Yograj Singh) মন্তব্যের কড়া সমালোচনা করেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে যোগরাজ দাবি করেছিলেন বিনোদ কাম্বলির মতো মাঠের বাইরে উৎশৃঙ্খল জীবনযাপন পৃথ্বীর কেরিয়ারের অধঃপতনের প্রধান কারণগুলির একটি। তিনি দাবি করেন, ‘পৃথ্বী শয়ের কেরিয়ার কেন নিম্নমুখী? বিনোদ কাম্বলির সঙ্গেও এমনটা আগে হয়েছে। সবটা পার্টি করা, মদ খাওয়া, মহিলাদের সঙ্গে ঘোরাফেরা, সিগারেট খাওয়ার ফল। আমি একদা কাম্বলিকে জিজ্ঞেস করেছিলাম তোমার এত প্রতিভা রয়েছে, তারপরে তুমি কী করছ? রাত আড়াইটেয় ফিরছ। ও বলেছিল আপনাদের দিন শেষ হয়ে গিয়েছে, আমরা এখন ভিন্ন ধরনের ক্রিকেট খেলি। পরের দিন সকালে কোর্টনি ওয়ালশ ওকে বোল্ড করে এবং ভারত সেই ম্যাচ হেরে যায়। তারপর ওই মহিলারাও ওকে ছেড়ে যায় এবং কেউ মদ, সিগারেট দেওয়ার জন্যও ওর পাশে ছিল না। শয়ের ক্ষেত্রেও একই বিষয় হয়েছে। যদি খারাপ সঙ্গে পড়ে যাও, মদ, সিগারেট খাও, মেয়েদের সঙ্গে সারাক্ষণ ঘোরাফেরা কর, তাহলে এই একই জিনিস তো হবেই।’
আরও পড়ুন:- ১৯ ছক্কা, সাতটি চার, মুস্তাক আলিতে দিল্লি অধিনায়ক প্রিয়াংশ আর্যের ব্যাটে ঝড়, ভেঙে গেল সব রেকর্ড
জবাবে পৃথ্বী নিজের সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরি পোস্ট করেন। সেখানে যোগরাজের নাম না নিয়েই তিনি জানিয়ে দেন যে তাঁর নাম ব্যবহার করে অপপ্রচার করা চলবে না। তিনি লেখেন, ‘আমার লুকানোর কিছুই নেই। আমার অতীত আমার জীবনের অঙ্গ। তবে কোনও ব্যক্তির আমার নাম, আমার ব্যক্তিগত জীবন, আমার অতীত টেনে নেতিবাচক জিনিসপত্র ছড়িয়ে পাবলিসিটি পাওয়া, পাত্তা পেওয়া, অহেতুক বিতর্ক সৃষ্টি করাটাকে আমি সহ্য করব না। নিজের মতামত প্রকাশ করা আর মিথ্যা, সম্মানহানিকর, খারাপ কথা বলে কাউকে টার্গেট করার মধ্যে পার্থক্য রয়েছে। আমি এটা স্পষ্ট করে জানিয়ে সকলকে সতর্ক করে দিতে চাই যে কোনও ব্যক্তি বা সংস্থা যদি এমনটা করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইন পদক্ষেপ নেওয়া হতে পারে।’
