মুম্বই: টানা তিন ম্যাচ জয়ের পর গত ম্যাচে বঢোদরার বিরুদ্ধে হেরে সৈয়দ মুস্তাক আলিতে (Syed Mushtaq Ali Trophy 2026) বেশ কিছুটা চাপে ছিল বাংলা (Bengal Cricket Team)। নিজেদের ভাগ্য নিজেদের হাতে রাখতে অভিমন্যু ঈশ্বরণদের নিজেদের বাকি দুই ম্যাচ জিততেই হত এবং বড় ব্যবধানে দয়ের প্রয়োজন ছিল। ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদবদের শক্তিশালী উত্তরপ্রদেশের বিরুদ্ধে সেটাই করে দেখাল বাংলা। ম্য়াচে ৯৩ রানের বড় ব্যবধানে জিতল বাংলা। সৌজন্যে করণ লাল (Karan Lal) ও অভিষেক পোড়েলের (Abhishek Porel) দুরন্ত অর্ধশতরান এবং বল হাতে প্রদীপ্ত প্রামাণিক (Pradipta Pramanik) ও অখিলেশ যাদবদের স্পিন ভেল্কি।

মুম্বইয়ের বিকেসিতে শরদ পাওয়ার ক্রিকেট অ্যাকাডেমির ম্যাচে সকালের ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলা ও উত্তরপ্রদেশ। তবে পিচ ভেজা থাকায় ম্য়াচ নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি। ভেজা পিচে ১৫ ওভারের ম্যাচে ভুবনেশ্বর কুমার, যশ দয়ালদের নিয়ে তৈরি উত্তরপ্রদেশ প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। পাওয়ার প্লের মধ্যে সুদীপ ঘরামি (১) ও ঈশ্বরণকে (১৯) ফিরিয়ে বাংলাকে জোড়া ধাক্কা দিলেও, অভিষেক পোড়েলের সৌজন্যে শুরুটা মন্দ করেনি বাংলা। পোড়েলকে সঙ্গ দেন ছন্দে থাকা করণ লাল।

পোড়েল ও করণ মিলে উত্তরপ্রদেশ বোলারদের বিরুদ্ধে কার্যত তাণ্ডব চালান। পোড়েল নিজের ফর্ম অব্যাহত রেখে অর্ধশতরান হাঁকান। তবে করণ লাল একেবারে ভুবিদের বিরুদ্ধে তাণ্ডব চালান। পোড়েল যেখানে ৩৯ বলে ৬৯ রানের ইনিংস খেলেন, সেখানে করণ লাল মাত্র ২৯ বলে অপরাজিত ৮২ রান করেন। মাত্র ২০ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন তিনি। তৃতীয় উইকেটে দুইজনে মিলে মাত্র ৪৫ বলে ১০৮ রান যোগ করেন। এই পার্টনারশিপই ম্য়াচের ভাগ্য বাংলার দিকে ঘুরিয়ে দেয়।

আরও পড়ুন:- নিউজ়িল্যান্ড শিবিরে ফের ধাক্কা, দ্বিতীয় টেস্টের আগে ছিটকে গেলেন আরেক ফাস্ট বোলার

শেষের দিকে ঋষভ চৌধুরী সাত বলে ১৮ রান করে বাংলাকে দু’শোর গণ্ডি পার করতে সাহায্য করেন। বাংলা ১৫ ওভারে তিন উইকেটে ২০১ রান তোলে। ভুবনেশ্বর কুমার টি-২০-তে এক ম্যাচে উত্তরপ্রদেশের হয়ে সর্বাধিক ৫৫ রান খরচ করেন। নিজের দ্বিতীয় ওভারেই তো ভুবি ৩০ রান দেন। কুলদীপ যাদবও তিন ওভারে ৪১ রান দেন।

জবাবে উত্তরপ্রদেশের ইনিংস কোনও সময় সেই ছন্দই পায়নি। শুরুতেই মুকেশ কুমার দিব্যাংশ যোশীকে মাত্র এক রানে ফেরান। করণ শর্মা ২৭ রানের ইনিংস খেলেন বটে, তবে সেটাই উত্তরপ্রদেশের সর্বোচ্চ রানের ইনিংস ছিল। বাঁ-হাতি স্পিন জুটি প্রদীপ্ত ও অখিলেশ নিরন্তর ব্যবধানে উত্তরপ্রদেশকে ধাক্কা দেন। আরিয়ান জুয়াল (৮), সমীর রিজভি (২) কেউই রান পাননি। শেষের দিকে ভুবনেশ্বর কুমার ব্যাট চালিয়ে ২৫ রান তোলায় উত্তরপ্রদেশ কোনওরকমে শতরানের গণ্ডি পার করে। তবে ১৫ ওভারে সাত উইকেটে ১০৮ রানের বেশি তুলতে পারেনি তারা।

এই ম্যাচ জেতায় বাংলা ১৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছে সুপার লিগে পৌঁছনোর ভাগ্য নিজেদের হাতেই রাখল। রাজস্থান ও বঢোদরা আজ নিজেদের ম্যাচ হারলে শেষ ম্য়াচে বাংলা রাজস্থানকে হারালেই পরবর্তী রাউন্ডে পৌঁছে যাবে। তারা আজ জিতলেও শেষ ম্যাচে বাংলার জয়ই পরবর্তী রাউন্ডে পৌঁছনোর জন্য যথেষ্ট হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *