মুম্বই: জল্পনা চলছিল। তাতে সিলমোহর পড়ল বুধবার।
মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দিল হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya)। পরের আইপিএলে নতুন দলের জার্সিতে দেখা যাবে বঢোদরার অলরাউন্ডারকে। কোন দলে যাচ্ছেন হার্দিক?
পঞ্জাব কিংসের সঙ্গে চুক্তি সেরে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স। ট্রেডিং মারফত হার্দিক পাণ্ড্য যোগ দিচ্ছেন প্রীতি জিন্টার দলে। হার্দিককে ছাড়ার পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্স পাচ্ছে অর্শদীপ সিংহকে (Arshdeep Singh)। যিনি পঞ্জাব কিংসে খেলতেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট পাওয়া ভারতীয় বোলার তিনি।
কথাবার্তা চলছিলই। মঙ্গলবারই জানা যায় যে, চুক্তি সাক্ষর হয়ে গিয়েছে দুই দলের। আনুষ্ঠানিক ঘোষণা হল বুধবার সকালে। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বিবৃতি দিয়ে জানানো হল, অর্শদীপকে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পাণ্ড্যর বিনিময়ে।
২০২৭ সালের আইপিএলে হার্দিক খেলবেন পঞ্জাব কিংসের হয়ে। আর অর্শদীপ খেলবেন মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে। পাঁচবারের আইপিএল জয়ী মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেই উত্থান হার্দিকের। পরে তিনি গুজরাত টাইটান্সে যান। সেখানে গিয়ে প্রথম মরশুমেই অধিনায়ক হিসাবে দলকে চ্যাম্পিয়ন করেন। পরেরবারও ফাইনালে খেলে গুজরাত টাইটান্স। তবে ফের মুম্বই হার্দিককে দলে ফিরিয়েছিল। শুধু তাই নয়, পাঁচ আইপিএল খেতাব দেওয়া অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে নেতৃত্বের গুরুদায়িত্বও তুলে দিয়েছিল হার্দিকের হাতে। তবে হার্দিক মুম্বইয়ে ফেরার পর থেকে বলার মতো কিছু করেননি। রোহিতকে সরানো নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলে দলের সাম্প্রতিক পারফরম্য়ান্সও তলানিতে। অবশেষে হাল ফেরাতে বড় সিদ্ধান্ত নিল মুম্বই ইন্ডিয়ান্স।
হার্দিক নিজে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে চারটি আইপিএল জিতেছেন। ২০১৫ সাল থেকে মুম্বইয়ের হয়ে খেলেছেন। টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সেরা অলরাউন্ডার তিনি। ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ – চারটি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন বঢোদরার অলরাউন্ডার।
মুম্বইয়ের হয়ে সাত মরশুম খেলার পর ২০২২ সালের আইপিএলের আগে হার্দিক যোগ দেন গুজরাত টাইটান্সে। ২০২৪ সালের আইপিএলের আগে তিনি ফেরেন মুম্বইয়ে। ১৬২ আইপিএল ম্য়াচে ২৯৫৫ রান রয়েছে হার্দিকের। ১৪৬.২৮ স্ট্রাইক রেটে। পাশাপাশি বল হাতে ৮২টি উইকেটও নিয়েছেন। ম্যাচ উইনার হিসাবে নিজের দক্ষতা প্রমাণ করেছেন।
অন্যদিকে, পঞ্জাব কিংসের হয়ে টানা আট মরশুম খেলার পরে মুম্বইয়ে যোগ দিলেন অর্শদীপ। ৯৬ ম্যাচে তিনি ১১১ উইকেট নিয়েছেন। পঞ্জাব কিংসের ইতিহাসে তিনিই সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার। নতুন বলে কার্যকরী। ডেথ ওভারে চাপের মুখেও উইকেট তুলতে সিদ্ধহস্ত অর্শদীপ। ২০২৫ সালের আইপিএলে ২১টি উইকেট নিয়েছিলেন। গত আইপিএলে তিনি ১৪ উইকেট পান।
কত টাকায় হার্দিকের সঙ্গে চুক্তি হল পঞ্জাব কিংসের? ১৮ কোটি টাকা। তিনি মুম্বইয়ে পেতেন ১৬ কোটি ৩৫ লক্ষ টাকা। অন্যদিকে, অর্শদীপ পঞ্জাব কিংসে পেতেন ১৮ কোটি টাকা। মুম্বই ইন্ডিয়ান্সেও পাবেন একই দাম।
আরও পড়ুন: বিশ্বকাপ জেতার পর নেতৃত্ব কেড়ে নেওয়া হয়, দল থেকেই বাদ! প্রথমবার মুখ খুললেন সূর্যকুমার
