প্রতীকী ছবি
হাতে সময় আর মাত্র ১৪ মাস। বড়জোর ২০২৭-এর শেষ দিকে। তার পরেই নাকি দুনিয়াতে আর কোনও কাজেই মানুষের দরকার পড়বে না। মানে, মানুষের প্রয়োজন ফুরিয়ে যাবে! সেটাও নাকি ধীরে ধীরে নয়, একেবারে রাতারাতি। ভাবুন তো একবার! এখনই প্রায় সব সেক্টর থেকেই মানুষ চাকরি হারাচ্ছেন AI-এর দাপটে। কিন্তু এই দাবি সত্যি হলে পরের বছর থেকে তো মানুষের প্রয়োজনীয়তাই শেষ। প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, এমনকী রাজনীতি বা সমাজসেবা করতেও নাকি মানুষের কোনও দরকার লাগবে না। কারণ, ততদিনে বাজারে এসে যাবে ‘সুপার হিউম্যান AI’। কে বলছেন এ কথা? যে সে কোনও ব্যক্তি নন, এই ভবিষ্যদ্বাণী বিশ্বের অন্যতম বড় AI নির্মাতা সংস্থা অ্যানথ্রপিকের প্রথম সারির গবেষক টাও লিন-এর। কী বলছেন তিনি?
২০২৭-এই মানুষের প্রয়োজনীয়তা শেষ? বিশ্ব-জুড়ে কোথাও চাকরি বা কাজ থাকবে না একজন মানুষেরও? রাতারাতি মানুষকে হটিয়ে তাঁর জায়গা নেবে সুপার হিউম্যান AI? কথাগুলো শুধু শুনতে যত ভয় লাগছে, বাস্তব পরিস্থিতি তার থেকেও ভয়াবহ হতে চলছে! এমন আশঙ্কার কথাই শোনালেন অ্যানথ্রপিকের AI সেফগার্ড রিসার্চার টাও লিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর বক্তব্য, আগামী ১৫ মাসের মধ্যে বাজারে চলে আসবে ‘ব্রডলি সুপার হিউম্যান AI’…এই নয়া প্রযুক্তির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একবার চলে এলে কোনও ফিল্ডেই মানুষের আর দরকার পড়বে না বলে তাঁর আশঙ্কা। কারণ, মানুষ যে যে কাজ পারে, সেই সব কাজ মানুষের চেয়েও নিখুঁত ভাবে করবে সুপার হিউম্যান AI…সেটাও শুধু প্রযুক্তি ক্ষেত্রেই নয়, দর্শন, সাহিত্য, সিনেমা, রাজনীতি এমনকী সমাজসেবা-তেও।
তাঁর আশঙ্কা, বিশ্ব জুড়ে সব মানুষ-ই চাকরি হারাবেন। মানুষের হাতে আর কোনও কাজ থাকবে না। শুরুতে কিছু বড় সংস্থা রোবটকে কাজ শেখাতে মানুষের মেধা বা হিউম্যান ইন্টেলিজেন্স ব্যবহার করতে পারে। কিন্তু কিছুদিন পরে রোবট কাজ শিখে নিলে মানুষকে আর বেতন বা মজুরি দিয়ে কাজে রাখার দরকার পড়বে না বলেই তাঁর মত।
লিনের দাবি-
- পৃথিবীর প্রায় সব মানুষ ২০২৭-এ কর্মহীন হয়ে পড়বেন
- সব ফিল্ডে সব কাজ আরও ভালভাবে করতে পারবে AI
- AI নিয়ে আগ্রাসী মাত্রায় গবেষণা চিন ও আমেরিকার
- AI চাইলে বিশ্বের প্রায় ২০ শতাংশ মানুষ মারা যেতে পারে
- যে মানুষকে AI বিপদ বলে ভাববে না, বেঁচে যাবেন শুধু তাঁরাই
- এখনই ক্লড-এর মতো মডেলের গবেষণাতে রাশ টানার আর্জি
লিন একথাও বলেছেন, তাঁর এই সাক্ষাৎকারের পর মানুষ হয়তো রেগে যাবেন। তাঁকে কল্পনাপ্রবণ বলবেন। কিন্তু অদূর ভবিষ্যতে এটাই বাস্তব হতে চলেছে। নিজে একজন গবেষক হয়েও AI নিয়ে গবেষণার আগ্রাসী গতি কমানোর আর্জি জানিয়েছেন সব দেশকে। কিছু আধুনিক AI মডেল যেভাবে নিজে নিজে সিদ্ধান্ত নিচ্ছে সেটা দেখেই লিনের এই মত। এখনই প্রতিরক্ষা, বিজ্ঞান, মহাকাশ, খাদ্য বণ্টন, আবহাওয়া, পরমাণু অস্ত্রের কন্ট্রোল AI-মাধ্যমে চালিত হচ্ছে। এই AI-কে আটকানোর কোনও উপায় আজ অবধি আমেরিকা বা চিন – কারওরই জানা নেই। অদূর ভবিষ্যতে যদি AI নিজেই সিদ্ধান্ত নেয়, কাকে বাঁচিয়ে, কাকে মারবে তাহলে মানুষের পক্ষে ওই সিদ্ধান্ত আটকানো অসম্ভব বলেই AI গবেষকদের একাংশের আশংকা।
লিনের ভবিষ্যদ্বাণী অনুযায়ী একবার দেখে নিই মানুষের হাতে কাজ না থাকলে দুনিয়াটা কেমন দেখতে লাগবে ২০২৭-এ-
- মাইনে না পেলে বাজারে কোনও পণ্যেরই চাহিদা থাকবে না
- রোবট যাই বানাক না কেন, সেই পণ্য কেনার লোক থাকবে না
- AI রোবট যে সংস্থা বানাবে তাদের হাতেই সব সম্পদ থাকবে
- মানুষের কাজ রোবট করলে সমাজে অস্থিরতা তৈরির আশঙ্কা
- সম্পদের অসম বণ্টন বাড়লে পাল্লা দিয়ে বাড়বে বিক্ষোভ, হিংসা
- সমাজের কাঠামোই পাল্টে যেতে পারে, আঁকা, গান, সন্তান পালনে জোর
- রোবট সব বানালেও বাড়বে মানুষের হাতে বানানো পণ্যের চাহিদা
