Indian Railways: ট্রেনে বা স্টেশনে ফোনে জোরে জোরে কথা বললেই কড়া শাস্তি, বড় পদক্ষেপ রেলের

ফাইল ছবিImage Credit: PTI

নয়া দিল্লি: ট্রেনে যাতায়াতের সময় বা স্টেশনে দাঁড়িয়ে হেডফোন ছাড়াই মোবাইলে জোরে জোরে গান শোনেন বা ভিডিয়ো দেখার অভ্যাস রয়েছে? এবার সেই অভ্যাস না বদলালেই বড় শাস্তির মুখে পড়তে হবে। শুধু তাই নয়, যদি জোরে জোরে কথা বললে বা মোবাইলে জোরে রিংটোন বাজলেও শাস্তি হবে। এবার বড় পদক্ষেপ করল রেল।

কী নির্দেশ দেওয়া হয়েছে?

সম্প্রতি এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে রেল মন্ত্রক। দেশের প্রতিটি রেল জোনের জন্যই এই নির্দেশ কার্যকর করা হয়েছে। এর ফলে শুধু পূর্ব রেল নয়, দেশের সমস্ত রেলপথেই যাত্রীদের এই নিয়ম মেনে চলতে হবে। রেলের বক্তব্য, ট্রেনে যাতায়াতের সময় প্রত্যেক যাত্রীর যাতে শান্তিপূর্ণ ও স্বচ্ছন্দ পরিবেশে সফর করার অধিকার থাকে, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ করা হয়েছে।

কী শাস্তি হবে?

নির্দেশিকা অনুযায়ী, ট্রেনের কামরা কিংবা স্টেশন চত্বরে মোবাইলে তারস্বরে গান বাজানো বা ভিডিয়ো দেখা যাবে না। মোবাইলের রিংটোনও রাখতে হবে কম। এমনকী, দীর্ঘক্ষণ জোরে কথা বলে অন্য যাত্রীদের বিরক্ত করাও বরদাস্ত করা হবে না। এই ধরনের কোনও অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিয়ম লঙ্ঘনকারীর বিরুদ্ধে জেল, জরিমানা অথবা দু’টোই হতে পারে।

রেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বহু যাত্রী। বিশেষ করে ট্রেনে দীর্ঘ যাত্রায় মোবাইলে জোরে গান বা ভিডিয়ো চালানো যথেষ্ট বিরক্তিকর হয়ে ওঠে অনেকের ক্ষেত্রে। বিশেষ করে রাতের ট্রেনে এই সমস্যা আরও বেশি হয়। তবে যাত্রীদের একাংশের দাবি, শুধু রেল নয়, মেট্রো, বাস-সহ অন্যান্য গণপরিবহণেও একই ধরনের নিয়ম চালু করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *