হরিয়ানা: দুটো টেস্টেই স্কোয়াডে ছিলেন। কিন্তু দুটো টেস্টেই দল থেকে বাদ পড়েছেন মহম্মদ সিরাজ। নিউজিল্যান্ডের পেস সহায়ক উইকেটে ভারতের সাম্প্রতিক সময়ের সেরা পেসারের দলে না থাকা নিয়ে হাজারো প্রশ্ন, সমালোচনা হচ্ছেই। এবার সিরাজের একাদশে জায়গা না থাকা নিয়ে মুখ খুললেন কপিল দেব। তিরাশির বিশ্বকাজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক নিজেও সিরাজকে দলে না নেওয়া নিয়ে টিম ম্য়ানেজমেন্টের দিকে প্রশ্ন তুলেছেন। তাঁর নিজের খারাপ লাগা নিয়েও বক্তব্য রেখেছেন কপিল দেব।
কিউয়িদের বিরুদ্ধে সিরিজে দুটো টেস্টে ভারতীয় দল চারজন পেসার নিয়ে মাঠে নামলেও দুই ম্য়াচেই বেঞ্চে বসে থাকতে হয়েছে সিরাজকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কপিল দেব বলেন, ‘সিরাজ ভারতীয় দলে নেই বলে আমারও খারাপ লাগছে। ও খুব উদ্যমী একটি ছেলে। ও যদি দলে না থাকে, তবে ওকে নিয়ে আমরা আর কীই বলতে পারি? তবে দল নির্বাচন নিয়ে ভাবা প্রয়োজন রয়েছে।’
রাইজিং স্টার্স এশিয়া কাপে আমিরশাহির বিরুদ্ধে ম্য়াচে বৈভব সূর্যবংশীর গড়া দ্বিশতরান হাঁকানো নিয়েও প্রতিক্রিয়া জানান কপিল দেব। তিনি বলেন, ‘ভালো লাগে যে আজ আমাদের দেশে এত প্রতিভা রয়েছে। ১৫ বছর বয়সি একটি ছেলে বিশ্বরেকর্ড গড়ছে। এর চেয়ে বেশি আর কী চাই?’
এদিকে, দল থেকে বাদ পড়লেও ক্রাইস্টচার্চ টেস্টে প্রথম দিনে অটোগ্রাফ বিলোলেন মহম্মদ সিরাজ। একাদশ থেকে বাদ পড়া তারকা পেসারকে ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে বাউন্ডারি লাইনের বাইরে স্ট্যান্ডে উপস্থিত সমর্থকদের অটোগ্রাফ বিলোতে দেখা যায়। ৩১ বছর বয়সি ফাস্ট বোলার হাসিমুখেই সকলের অনুরোধ রেখে অটোগ্রাফ দেন। তাঁকে বাউন্ডারি লাইনে অটোগ্রাফ দিতে দেখেই সমর্থকরা উচ্ছ্বাসে ভাসেন, করতালি দিয়ে তাঁকে ধন্যবাদ জানান। সমর্থকদের সঙ্গে সিরাজের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। চলতি বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের সাইকেলে ভারতের হয়ে সর্বাধিক উইকেট নেওয়া সিরাজকে মাঠের বাইরে রাখা নিয়ে বিতর্ক চরমে। প্রথম টেস্টে মহম্মদ সিরাজকে বাদ দেওয়ার পরে কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ সিরাজের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ এনেছিলেন। ANI-কে দেওয়া সাক্ষাৎকারে মাসুদ দাবি করেন সিরাজের নামই তাঁকে দল থেকে বাদ দেওয়ার নেপথ্যে। তিনি অভিযোগ করেন, ‘সবাই বলছে ভাল পারফরম্যান্স সত্ত্বেও দলে ওকে জায়গা দেওয়া হয়নি। ওর নাম সিরাজ বলেই ওকে দলে খেলানো হল না। ভাল পারফরম্যান্স সত্ত্বেও ওকে দলে না নিলে তো বৈষম্যটা স্পষ্ট হয়ে যায়।’
