সন্দীপ সরকার, কলকাতা: আইপিলে কলকাতার দল। অথচ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সব সময়ই অভিযোগ যে, কলকাতাকেই যেন ব্রাত্য করে রাখে তারা। অনেকের অনুযোগ, কেকেআর শিবির বাংলার ক্রিকেটারদের নিয়ে আগ্রহ দেখায় না। এমনকী, কেকেআরের যে অ্যাকাডেমি, সেটিও মুম্বইয়ে। আইপিএলের সময় ছাড়া শহরের সঙ্গে সেভাবে নাইটদের যোগসূত্রই থাকে না।
তবে শাহরুখ খানের দল এবার ব্যতিক্রমী পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। আইপিএল নিলামের আগে প্লেয়ার ঝাড়াই বাছাই প্রক্রিয়া কলকাতাতেই করতে চায় তারা। সব কিছু ঠিকঠাক চললে ৪ ডিসেম্বর থেকে ইডেন গার্ডেন্সে বসছে কেকেআরের প্রস্তুতি শিবির। সেখানে ট্রায়াল ম্যাচ খেলিয়ে দেখে নেওয়া হবে, নিলামে কোন কোন ক্রিকেটারের জন্য ঝাঁপানো যাবে।
কেকেআর সূত্রে খবর, ৪ থেকে ৭ ডিসেম্বর – মোট চারদিনের জন্য ইডেন গার্ডেন্স তৈরি রাখতে বলা হয়েছে সিএবিকে। সেখানে তারা ট্রায়াল ম্যাচ খেলিয়ে দেখে নিতে চায় নতুন বেশ কিছু মুখকে। আবার পরিচিত যাঁরা এই মুহূর্তে কোনও দলের সঙ্গে চুক্তিবদ্ধ নন, এমন ক্রিকেটারদেরও ডাকা হবে।
শোনা গেল, বাংলা থেকেও বেশ কয়েকজন ক্রিকেটারকে ডাকা হতে পারে ট্রায়াল ম্যাচ খেলার জন্য। ঘরোয়া ক্রিকেটে বাংলার প্রতিনিধিত্ব করা আকাশ দীপকে গতবার নিলাম থেকে কিনেছিল কেকেআর। কিন্তু তাঁরে রিটেন করা হয়নি। এবার কি বাংলার কোনও ক্রিকেটার কেকেআরের বাছাই তালিকায় সুযোগ পাবে? কৌতূহলী ক্রিকেটপ্রেমীরা।
সূত্রের খবর, চারদিনের এই ট্রায়াল ক্যাম্পে হাজির থাকতে পারেন কেকেআরের প্রধান কোচ অভিষেক নায়ার, মেন্টর ডোয়েন ব্র্যাভো, সহকারী কোচ আন্দ্রে রাসেল, শেন ওয়াটসনরা। এমনিতেই ১৬ ডিসেম্বর আইপিএলে নিলামে অংশ নিতে বিদেশি কোচ ও সাপোর্ট স্টাফদের ভারতে আসারই কথা। এক সপ্তাহ আগাম এসে তাঁরা ক্রিকেটারদের নিজের চোখে দেখে নিতে পারেন। থাকতে পারেন রিঙ্কু সিংহের মতো সিনিয়ররাও।
তুমুল আগ্রহ রয়েছে কেকেআরের পরবর্তী অধিনায়ক কে হবেন তা নিয়ে। অজিঙ্ক রাহানে অবসর নিয়েছেন। তাঁকে রিটেনও করেনি কেকেআর। কারও কারও মতে, গত মরশুমে কেকেআরের সহ অধিনায়কের দায়িত্ব পাওয়া রিঙ্কু সিংহকে পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হতে পারে। রিঙ্কু দলের খুঁটিনাটি জানেন। কেকেআরের ঘরের ছেলে। আবার কারও কারও মনে হচ্ছে, নিলাম থেকে ওয়েস্ট ইন্ডিজ়ের জাতীয় দলের অধিনায়ক শাই হোপকে কিনে তাঁকেও নেতৃত্বের গুরুদায়িত্ব দিতে পারে কেকেআর।
সব নকশা সাজানো হতে পারে কলকাতার বুক থেকেই।
আরও পড়ুন: প্রথমবার একসঙ্গে ক্লাস নিতে পারেন সৌরভ-যুবরাজ, কলকাতার বুকে আগাম আইপিএল জ্বর




