মুম্বই: রোহিত শর্মাকে আবারও মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হয়েছে। ২০২৪ সালের আইপিএলের আগে যাঁকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। বলা ভাল, তাঁর থেকে দায়িত্ব কেড়ে অধিনায়ক করা হয়েছিল হার্দিক পাণ্ড্যকে। ফের মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর রোহিত মুম্বই ইন্ডিয়ান্সকে দেওয়া সাক্ষাৎকারে জানান, কীভাবে আকাশ অম্বানির সঙ্গে দেখা করার পর তিনি আবার দায়িত্ব নেওয়ার কথা ভেবেছিলেন। শুরুতে তাঁর ধারণা ছিল, তিনি এর জন্য প্রস্তুত নন। তিনি তাঁর স্ত্রীর সঙ্গেও এ নিয়ে কথা বলেছেন।
মুম্বই ইন্ডিয়ান্স এই সাক্ষাৎকারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। রোহিত বলেছেন, “আমি আমার স্ত্রীর সঙ্গে এ নিয়ে কথা বলছিলাম। আকাশ অম্বানি আমাকে ফোন করেছিলেন। তারপর আমরা একসঙ্গে আলোচনা করি, দলকে এগিয়ে নিয়ে যেতে কী করা যেতে পারে। নানা বিষয় নিয়ে কথা হয়েছে।”
‘শুরুতে আমি প্রস্তুত ছিলাম না’
রোহিত শর্মা আরও বলেন, “সত্যি বলতে শুরুতে আমার ভাবনা ছিল, আমি আবার অধিনায়কত্ব নিতে প্রস্তুত নই। আমাকে ফিরে গিয়ে এ নিয়ে ভাবতে হয়েছে। অনেক কিছুই হয়ে গিয়েছিল। আমি জানতাম না, এই দায়িত্ব নেওয়ার মতো মানসিক অবস্থায় আমি আছি কি না।”
দলকে এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে আলোচনার কথা আরও ভেবে রোহিত বুঝতে পারেন, দলের তাঁকে প্রয়োজন আছে। অধিনায়ক হিসেবে নয়, বরং এমন একজনের প্রয়োজন, যিনি তাদের দিশা দেখাতে পারেন। তিনি বলেন, “আমার ভেতরে একটা অনুভূতি হয়েছিল। আমি এটা বলছি না যে, এই দলের অধিনায়ক হিসেবে আমার প্রয়োজন, বরং এই দলের একটি দিশার প্রয়োজন।”
Watch Ro in a heart-to-heart with Jatin Sapru as he talks about returning as आपला Captain, and shares a very special message for आपली Paltan! 📹💙 #MumbaiIndians #CaptainRo https://t.co/Lc0Bl0kjbV
— Mumbai Indians (@mipaltan) November 28, 2026
রোহিত শর্মা অনেক ভেবে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হতে রাজি হন। তিনি ২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের দায়িত্ব নিয়েছিলেন। প্রথম মরশুমেই দলকে চ্যাম্পিয়ন করেছিলেন। তাঁর নেতৃত্বে দল ৫টি আইপিএল ট্রফি জিতেছে। রোহিত বলেন, “আমি বুঝতে পেরেছি, এটাই সেই দল, যেটা আমি গড়ে তুলেছি। আমি ১০ বছর এই দলের অধিনায়ক ছিলাম। আমার মনে হয়েছে, এখন আবার সেই চ্যালেঞ্জ গ্রহণ করার সময় এসেছে।”
আরও পড়ুন: প্রথমবার একসঙ্গে ক্লাস নিতে পারেন সৌরভ-যুবরাজ, কলকাতার বুকে আগাম আইপিএল জ্বর




