Last Updated:
Medical Student Oath: ডাক্তারি পড়ার শুরুতে মানবদেহের প্রতি শ্রদ্ধা ও মানবিকতার বিশেষ প্রতিশ্রুতি! অ্যানাটমি বিভাগে বডি ডিসেকশন শুরুর আগে বিশেষ শপথ পাঠ। মালদা মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের ১৫০ জন পড়ুয়ার আয়োজিত হল ‘ক্যাডাভারিক ওথ সেরিমনি’।
মালদা, জিএম মোমিন: চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে মেডিক্যাল কলেজে পা রাখেন পড়ুয়ারা। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের সেই দীর্ঘ যাত্রার শুরুতেই রয়েছে এক বিশেষ অঙ্গীকার। মানবদেহের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি নিয়ে শপথ গ্রহণ করলেন মালদা মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের ১৫০ জন পড়ুয়া। বুধবার মেডিক্যাল কলেজের প্রশাসনিক ভবনে আয়োজিত হয় এই বিশেষ শপথ গ্রহণ অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়, মেডিক্যাল সুপার গণেশ চন্দ্র গাইন-সহ কলেজের অন্যান্য অধ্যাপক ও পড়ুয়ারা।
তাঁদের উপস্থিতিতে প্রথম বর্ষের ১৫০ জন পড়ুয়া শপথ বাক্য পাঠ করেন। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় এই অনুষ্ঠানকে বলা হয় ‘ক্যাডাভারিক ওথ সেরিমনি’। মালদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতি মুখোপাধ্যায় জানান, মেডিক্যাল পড়ুয়ারা যখন প্রথমবার অ্যানাটমি বা শারীরস্থান বিভাগে মানবদেহের গঠন সম্পর্কে পড়াশোনা এবং ব্যবহারিক শিক্ষা শুরু করেন, তার আগে এই বিশেষ শপথ গ্রহণের মধ্য দিয়ে মৃতদেহের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর মূল উদ্দেশ্য চিকিৎসা ক্ষেত্রে মানবদেহের প্রতি শ্রদ্ধা বজায় রাখা।
