ভয়ঙ্কর দুর্ঘটনা। ফুটপাতে বিশ্রামরত একটি পরিবারের উপর উঠে পড়ল নিয়ন্ত্রণহীন একটি ফরচুনার গাড়ি। দুর্ঘটনার জেরে এক মহিলা ও তাঁর ছেলের মৃত্যু হয়েছে।  আরও দু’জন গুরুতর জখম হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আমদাবাদের নিকোল এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, দেবশ্য স্কুলের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। একটি টয়োটা ফরচুনার গাড়ি ফুটপাতে বিশ্রামরত লোকজনকে ধাক্কা দেয়।  

নিহতদের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ৩০ বছর বয়সী পুণমবেন নাগওয়াড়িয়া এবং তাঁর ১৫ বছর বয়সী ছেলে সাগর নাগওয়াড়িয়া। তাঁরা ঘটনাস্থলেই মারা যান। এছাড়া বছর ৩৪-এর কার্তিক ভাসোয়া ও তাঁর স্ত্রী স্নেহলবেন গুরুতর জখম হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ চালককে গ্রেফতার করে। তাঁর নাম ভাইরালভাই সাভজিভাই চৌধুরী। গাড়িটিতে তল্লাশি চালিয়ে পুলিশ ছয়টি না খোলা বিয়ারের ক্যান উদ্ধার করেছে বলে অভিযোগ রয়েছে। দুর্ঘটনার সময় তাঁর রক্তে অ্যালকোহলের মাত্রা কত ছিল, তা নিশ্চিত করার জন্য চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।

ইতিমধ্যে, পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করেছে। এর মধ্যে রয়েছে খুনে পর্যবসিত নয় এমন মৃত্যু ঘটানো, বেপরোয়া গাড়ি চালানো এবং গুরুতর আঘাত দেওয়া। এ ছাড়াও, বিপজ্জনকভাবে ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে মোটর ভেহিকলস অ্যাক্টের সংশ্লিষ্ট ধারায় তাঁর বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে।

গাড়িটি থেকে মদ উদ্ধারের ঘটনায় গুজরাত মদ্যপান নিষিদ্ধকরণ আইনের (Gujarat Prohibition Act) আওতায় নিকোল থানায় একটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চলতে থাকা তদন্তের অংশ হিসেবে তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে, দুর্ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে এবং ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় রয়েছে।

এদিকে আগের দিনই ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ছয়জন। গুরুতর আহত হয়েছে এক কিশোর। উত্তরপ্রদেশের কুশিনগর জেলায় রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। হাটা থানার এসএইচও ধর্মেন্দ্র সিং সোমবার জানান, রবিবার রাত ১১টার দিকে হাটা-পিপরাইচ সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। সে সময় ভ্যানটির যাত্রীরা একটি ‘তিলক’ অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। মুখোমুখি সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ভ্যানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত কিশোরকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় পাওয়া গেছে।



Source link

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *