মুম্বই: টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ান ডে সিরিজও জিতে নিয়েছে ভারতীয় দল। ৩-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু শেষ দুটো ম্য়াচে ভারতীয় দলের ব্যাটিং পারফরম্য়ান্স নিয়ে প্রশ্ন উঠছে, যা এড়িয়ে যাওয়া যায় না। এই নিয়ে সিরিজ শেষেই উদ্বেগ প্রকাশ করেছিলেন কোচ গৌতম গম্ভীর। এবার গম্ভীরের সুরেই সুর মেলালেন রবি শাস্ত্রী। আগামী বছরের ওয়ান ডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় এমন পরিবেশেই হবে, তাই সেখানেও কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে টিম ইন্ডিয়াকে, এমনটাই মনে করেন শাস্ত্রী।

চতুর্থ ওয়ান ডে ম্য়াচে মাত্র ৮৯ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত। পরের ম্য়াচে একই ভেন্য়ুতে কোনওরকমে ২০৯ রান তুলতে পারে তারা। পিচে বল এতটাই মুভ করছিল যে সমস্যায় পড়তে হয়েছিল রোহিত, শ্রেয়সদের। গৌতম গম্ভীর যা দেখে আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন যে দক্ষিণ আফ্রিকাতেও এমনই পিচ ও আবহাওয়ার সামনে পড়তে হবে, তাই তিনি ভারতের ব্য়াটিং পারফরম্য়ান্স দেখে হতাশ। এবার সেই সুরেই শাস্ত্রী বলেন, ‘গম্ভীর একদম ঠিকই বলেছিল। দক্ষিণ আফ্রিকায় পরিবেশ কিন্তু এখানকার মতই হবে অনেকটা। এমনকী পিচের চরিত্রও এমনই থাকবে। ভবিষ্যতে দলের কাছ থেকে আরও ভাল পারফরম্যান্স আশা করা যায়।  যেখানে ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ ও ধৈর্যের পরিচয় দিতে হবে। কখনও কখনও পরিস্থিতি কঠিন হবে, তখন ক্রিজে টিকে থেকে খারাপ সময়টা পার করতে হবে। সব সময় ৩০০-৩২০ রানের লক্ষ্য রাখা সম্ভব নয়। কিছু উইকেটে ২৬০-২৭০ রানও ম্যাচ জেতানো স্কোর হতে পারে।’

তিরাশির বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার ও ভারতীয় দলের প্রাক্তন কোচ শাস্ত্রী আরও মনে করেন যে প্রত্যেক ম্য়াচে বিরাট স্কোর করতেই হবে, এমন মানসিকতা নিয়ে খেলতে গিয়ে যেন উইকেট না হারিয়ে বসেন ভারতীয় ব্যাটাররা। গত সিরিজে বিরাট কোহলি, রোহিত শর্মার মত সিনিয়র ক্রিকেটাররাও ভুল করেছেন। তাঁরা ব্যর্থ হয়েছেন রান করতে। যদিও দলের পেস বোলিং আক্রমণই সিরিজ জয়ের অন্য়তম কারিগর ছিলেন।

গত ওয়ান ডে সিরিজের সবচেয়ে বেশি নজর ছিল বিরাট কোহলি ও রোহিত শর্মার দিকে। সিরিজের শুরুটা দারুণ হলেও পরবর্তীতে তার ফর্মে আকস্মিক ছন্দপতন ঘটে কিং কোহলির। সিরিজের প্রথম ম্যাচে বিরাটের ব্যাট থেকে এসেছিল ৭৪ রানের ইনিংস। পরের তিন ম্যাচে যথাক্রমে ৭, ০ এবং ৫ রান, অর্থাৎ কোনোটিতেই তিনি কোহলি অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। রোহিতও চূড়ান্ত ব্যর্থ হন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *