নয়া দিল্লি: এসআইআরের ফর্ম-৬ (Form-6) নিয়েই যত বিতর্ক, এবার ফর্ম-৬ এ বড় পরিবর্তন করল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। অনলাইনে ফর্ম-৬ থেকে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (Special Intensive Revision) বা এসআইআর ডিক্লেরেশন (SIR Declaration) সম্পূর্ণ আলাদা করে দেওয়া হল।

ফর্ম-৬ নিয়ে বড় সিদ্ধান্ত-

এর আগেও ফর্ম-৬-এর এই অংশে পরিবর্তন আনা হয়েছিল। এসআইআর ডিক্লেরেশন-কে  ফর্ম-৬ থেকে আলাদা করে দেওয়া হয়েছিল। এবার নির্বাচন কমিশনের তরফে জানানো হল, যে রাজ্যগুলিতে এসআইআর প্রক্রিয়া চলছে, সেখানে ফর্ম-৬ থেকে এসআইআর ডিক্লেরেশন ডি-লিঙ্ক করে দেওয়া হল। এবার থেকে কোনও রাজ্যেই আর ফর্ম-৬ এর অংশ থাকবে না এসআইআর ডিক্লেরেশন। ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদনকারীদের আলাদাভাবে এই ডিক্লেরেশন ফাইল করতে হবে।

প্রসঙ্গত, জাতীয় নির্বাচন কমিশনে দুই কমিশনারের সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের যে বিরোধের খবর সামনে উঠে এসেছিল, তাতে দুই নির্বাচন কমিশনার এই ডিক্লেরেশন ফর্মকে এসআইআরের ফর্ম-৬ এর সঙ্গে যুক্ত করা নিয়ে আপত্তি তুলেছিলেন।

এবার নির্বাচন কমিশনের তরফে নতুন সিদ্ধান্তে জানানো হল, ফর্ম-৬ থেকে ডিক্লেরেশন ফর্ম আলাদা করে দেওয়া হচ্ছে।  যে রাজ্যগুলিতে বর্তমানে এসআইআর প্রক্রিয়া চলছে, তা সহ সমস্ত রাজ্যেই এই নিয়ম কার্যকর হবে। কমিশনের কাজে আরও স্বচ্ছতা আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিশনের নিয়মে আরও বদল-

নির্বাচন কমিশন তাদের আভ্যন্তরীণ বৈঠক আয়োজন করার প্রক্রিয়াতেও পরিবর্তন এনেছে। এবার থেকে মিটিংয়ের অ্যাজেন্ডা বা আলোচ্য বস্তু আগে থেকেই জানানো হবে। মিটিংয়ে কী কী আলোচনা হয়েছে, তাও পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। আগে এই নিয়মগুলি ছিল না।

আরেকটি বড় পরিবর্তন হল নির্বাচন কমিশনে কর্মরত আধিকারিকদের বিদেশ ভ্রমণে।  নতুন নিয়মে এবার থেকে আধিকারিকদের বিদেশ ভ্রমণের আগে কমিশনের কাছ থেকে অনুমতি নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *