সুপ্রিম কোর্ট (ফাইল ফোটো)
নয়াদিল্লি: দলত্যাগ বিরোধী আইন (সংবিধানের দশম তফসিল)-র আওতায় অযোগ্য ঘোষিত হওয়ার প্রক্রিয়া এড়াতে কৌশল করে পদত্যাগ করছেন সাংসদ ও বিধায়কদের একাংশ। এমনই অভিযোগ। আর এই প্রবণতা রুখতে প্রয়োজনীয় সুরক্ষার দাবিতে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে একটি জনস্বার্থ মামলা। আর সেই মামলায় এবার কেন্দ্রীয় সরকার-সহ একাধিক সংস্থাকে নোটিস পাঠাল দেশের সর্বোচ্চ আদালত। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ এই নোটিস জারি করেছে। কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন এবং আইন কমিশনের কাছে জবাব চেয়েছে শীর্ষ আদালত।
আবেদনকারীর নাম এ সেথু। তাঁর হয়ে আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী এ সিরাজউদ্দিন। এই মামলাটি আরও একটি আবেদনের সঙ্গে যুক্ত করা হয়েছে। ওই মামলায় অভিযোগ, কোনও একটি রাজনৈতিক দলের টিকিটে নির্বাচিত হওয়ার পর অন্য দলে যোগ দিয়ে ফের নির্বাচনে লড়ার জন্য পদত্যাগ করলে সংশ্লিষ্ট প্রার্থীর নির্বাচনী খরচ পুনরুদ্ধারের বিষয়টি বিবেচনা করা উচিত।
জনস্বার্থ মামলায় আবেদনকারীর অভিযোগ, দলত্যাগের কারণে অযোগ্য ঘোষিত হওয়ার আশঙ্কা থাকলে অনেক সাংসদ বা বিধায়ক স্পিকার কিংবা চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেন। ফলে দলত্যাগ সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি হওয়ার আগেই তাঁরা শাস্তির হাত থেকে বেঁচে যাওয়ার সুযোগ পান। অন্যদিকে, অযোগ্যতা সংক্রান্ত আবেদনের নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এর ফলে রাজনৈতিক দলবদল সহজ হয় এবং নির্বাচিত সরকারের ভাগ্যও বদলে যেতে পারে।
পুরনো একটি মামলার উল্লেখ করে আবেদনকারীর যুক্তি, পদত্যাগ এবং দলত্যাগের কারণে অযোগ্য ঘোষণা—দুটি সম্পূর্ণ পৃথক সাংবিধানিক বিষয়। কোনও বিধায়ক বা সাংসদ অযোগ্য ঘোষিত হওয়ার মতো কাজ করার পর পদত্যাগ করলেও তাঁর বিরুদ্ধে চলা দলত্যাগ সংক্রান্ত প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যায় না।
আবেদনে বলা হয়েছে, “পদত্যাগের প্রক্রিয়াকে যদি দলত্যাগের পরিণতি পিছিয়ে দেওয়া এবং শেষ পর্যন্ত তা এড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়, পাশাপাশি অযোগ্যতা সংক্রান্ত আবেদনের নিষ্পত্তির কোনও বাধ্যতামূলক সময়সীমা না থাকে, তাহলে নির্বাচনী জনাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হয়।” আবেদনকারীর আরও বক্তব্য, অযোগ্যতা সংক্রান্ত মামলার নিষ্পত্তি হতে হতে বিধানসভার মেয়াদ শেষ হয়ে যেতে পারে। তার মধ্যে উপনির্বাচনও হয়ে যেতে পারে। এমনকী, কোনও সরকার পড়ে যেতে পারে কিংবা টিকে যেতে পারে। ফলে দীর্ঘদিন পরে অযোগ্যতা সংক্রান্ত সিদ্ধান্তের কার্যকারিতা কার্যত হারিয়ে যায়।
নিজের আবেদনের সমর্থনে আবেদনকারী সুপ্রিম কোর্টের একাধিক রায়ের উল্লেখ করেছেন। একটি মামলার রায়ের উল্লেখ করে বলা হয়েছে, পদত্যাগ করলেই অযোগ্যতা সংক্রান্ত বিচারাধীন প্রক্রিয়া নিষ্ফল হয়ে যায় না। পাশাপাশি আরও একটি মামলায় সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশের কথাও তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছিল, বিশেষ কোনও পরিস্থিতি না থাকলে সাধারণত তিন মাসের মধ্যে দলত্যাগ সংক্রান্ত অযোগ্যতার আবেদনের নিষ্পত্তি করা উচিত।
আবেদনকারীর মতে, বর্তমানে স্পিকার বা চেয়ারম্যানের হাতে অযোগ্যতা সংক্রান্ত মামলার নিষ্পত্তির দায়িত্ব থাকলেও এই ব্যবস্থায় কিছু প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা রয়েছে। বিশেষত, স্পিকার বা চেয়ারম্যান যখন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকেন কিংবা বিধানসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনের উপর নির্ভরশীল হন, তখন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
আবেদনে আরও বলা হয়েছে, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কার্যকর ব্যবস্থা না থাকায় দলত্যাগের অভিযোগে অভিযুক্ত বিধায়ক বা সাংসদ আস্থা ভোট-সহ গুরুত্বপূর্ণ অধিবেশনে অংশ নিতে পারেন। এর ফলে নির্বাচিত সরকারের টিকে থাকা বা পড়ে যাওয়ার মতো বিষয়েও প্রভাব পড়তে পারে।
সুপ্রিম কোর্টের কাছে আবেদনকারী একাধিক দাবি জানিয়েছেন। তাঁর দাবি, দলত্যাগ সংক্রান্ত অযোগ্যতার আবেদনের নিষ্পত্তির জন্য সাধারণত তিন মাসের বেশি সময়সীমা না রাখার বিষয়ে কেন্দ্রকে আইন প্রণয়নের নির্দেশ দেওয়া হোক। একান্ত ব্যতিক্রমী পরিস্থিতিতে সময়সীমা বাড়ানো হলে তার যথাযথ কারণ নথিভুক্ত করতে হবে।
আবেদনকারী জানিয়েছেন, এই বিষয়ে তিনি আগেও রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় আইনমন্ত্রী, লোকসভার স্পিকার, রাজ্যসভার চেয়ারম্যান, মুখ্য নির্বাচন কমিশনার এবং আইন কমিশনের কাছে আবেদন জানিয়েছিলেন। কিন্তু কোনও তরফ থেকেই উল্লেখযোগ্য পদক্ষেপ করা হয়নি। তাই, এই বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
