নয়াদিল্লি: বার বার করে দাবি তুলেছে বিরোধীরা। অথচ সেই কাজ হয়নি আজ পর্যন্ত। দক্ষ কর্মী থেকে অত্যাধুনিক প্রযুক্তি হাতে থাকা সত্ত্বেও যে কাজ করতে পারেনি নির্বাচন কমিশন, এবার কয়েক জন বন্ধুর সঙ্গে মিলে সেই কাজ করে দিলেন ১৮ বছর বয়সি এথিক্যাল হ্যাকার সার্থক সিদ্ধান্ত। উত্তরপ্রদেশে SIR সম্পন্ন হওয়ার পর যে ভোটার তালিকা প্রস্তুত করেছে কমিশন, সেই ৬.৮ লক্ষ PDF-কে রূপান্তরিত করে সার্চেবল বা অনুসন্ধানযোগ্য করে তুললেন তিনি। অর্থাৎ নাম বা এপিক নম্বর দিয়ে খুঁজলেই বেরিয়ে আসবে ভোটারের নাম। (Sarthak Sidhant)
CBSE পরীক্ষার ডিজিটাল মূল্যায়নে অনিয়মের বিষয়টি প্রথম সার্থকই ধরিয়ে দেন। নিজের পরীক্ষার নম্বর দেখতে গিয়ে খটকা লাগে তাঁর। বিডিং প্রক্রিয়ার নিয়ম বদল এবং যোগ্যতার মানদণ্ড শিথিল করা হয়েছিল বলে অভিযোগ তুলে ধরেছিলেন তিনি। এমনকি সংসদীয় কমিটির সঙ্গে যাবতীয় তথ্যপ্রমাণও তুলে ধরেন। CBSE যদিও অভিযোগ অস্বীকার করে। ২০২৬ সালের জুন মাসে আবার সেন্ট্রাল পাবলিক প্রোকিওরমেন্ট পোর্টালের ১.৬৬ কোটি রেকর্ড সাধারণ মানুষের সহজলভ্য করে তোলেন। এর জন্য, ২০২৬ সালের ২০ নভেম্বর প্রকাশিত TME100 NExt India-তেও জায়গা করে নেন সার্থক। আর এবার উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা কেন্দ্রের ৬.৮ লক্ষ PDF ফাইল, যাতে ৫৪.৮ কোটি ভোটারের তথ্য মজুত রয়েছে, তা অনুসন্ধানযোগ্য ডিজিটাল ডেটাবেসে রূপান্তরিত করলেন। (Searchable SIR Voter Rolls)
ঝাড়খণ্ডের বোকারোর ছেলে সার্থক। সেখানকার স্টিল সিটির দিল্লি পাবলিক স্কুলে পড়াশোনা। বাবার মৃত্যুর পর রাঁচি চলে যান। সেখানে জওহর বিদ্যামন্দিরে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। বর্তমানে বেঙ্গালুরুর MSRIT-তে পাঠরত তিনি। Darshi নামের সিভিক-টেক সংস্থার সঙ্গেও যুক্ত। দেশের অন্যতম তরুণ প্রযুক্তি গবেষক হিসেবে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। সেই অবস্থাতেই সার্থক এবং তাঁর সহযোগীরা মিলে উত্তরপ্রদেশের ভোটারতালিকাকে অনুসন্ধানযোগ্য বা সার্চেবল করে তুললেন।
hello chat, we OCR’d every voter rolls PDF that the ECI put out of Uttar Pradesh. the 2024 Lok Sabha roll, both SIR rolls and the 2027 draft. 6.8 lakh PDFs, mostly scans. Now 54.8 crore rows, one table for each of the 403 constituencies. Free to download, Link below. https://t.co/eyW6CwNi3R
— Sarthak Sidhant (@sidhant_sarthak) November 24, 2026
আরও পড়ুন: ছাত্রীকে শয্য়াসঙ্গী হওয়ার প্রস্তাব, ঘুম পাড়িয়ে দেওয়ার আবদারও, গ্রেফতার সরকারি স্কুলের শিক্ষক
সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেছেন সার্থক। তিনি লেখেন, ‘হ্যালো চ্যাট, ভারতীয় নির্বাচন কমিশন উত্তরপ্রদেশের ভোটার তালিকা প্রকাশ করেছিল, তার সবক’টিকেই আমরা OCR-এ রূপান্তরিত করে দিয়েছি’। ছবি বা স্ক্যান করা PDF, কাগজ বা বইয়ের পাতার ছবিকে কম্পিউটারে পরিষ্কার ভাবে পড়া এবং এডিট করার উপযোগী ডিজিটাল টেক্সটে রূপান্তরিত করার প্রযুক্তিকে বলা হয় অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন বা OCR. সার্থক লেখেন, ‘২০২৪ সালের লোকসভা নির্বাচনের ভোটার তালিকা, দু’টি খসড়া তালিকা এবং ২০২৭ সালের খসড়া তালিকা। ৬.৮ লক্ষ PDF, যার অধিকাংশই স্ক্যান করা নথি ছিল। সেগুলিকে ৫৪.৮ কোটি সারিতে রূপান্তরিত করা হয়েছে। ৪০৩ বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটির জন্য পৃথক টেবল রয়েছে। বিনামূল্যে ডাউনলোড করা যাবে’।
SIR নিয়ে বিতর্ক গোড়া থেকেই। ব্যাপক অনিয়ম এবং ভোটচুরির অভিযোগ রয়েছে। কেন মেশিন রিডেবল বা সার্চেবল তথ্য দেওয়া হচ্ছে না, বার বার করে প্রশ্ন তুলে আসছিলেন বিরোধীরা। কারণ নথি শুধুমাত্র প্রকাশ করলেই হল না, সেই তথ্য যাতে সকলের হাতে পৌঁছয়, তা যাতে বিচার-বিশ্লেষণ করে দেখা যায়, সেই ব্যবস্থা করাও জরুরি। কিন্তু কমিশন যে নথি প্রকাশ করেছিল, তাতে নির্বাচনকেন্দ্র এবং ভোটকেন্দ্র ধরে পাতার পর পাতা খুঁজে যেতে হতো। তাতেই ভোটার তালিকার ডিজিটাল-করণের কাজে হাত দেন সার্থক। উত্তরপ্রদেশের ভোটারতালিকা নিয়ে সেই কাজ করেও দেখালেন তিনি।
এর ফলে নাম খোঁজা এখন সহজ হয়ে গিয়েছে। তবে নিরাপত্তার দিকটিতেও বিশেষ ভাবে নজর দিয়েছেন সার্থক। ফলে নাম, আত্মীয়ের নাম, এপিক নম্বর, বাড়ির নম্বরের মতো ব্যক্তিগত এবং সংবেদনশীল তথ্যগুলি প্রতিস্থাপন করা হয়েছে Keyed-has token দিয়ে। অর্থাৎ এপিক নম্বর এবং তেমন তথ্যগুলি ডেটাসেট প্রস্তুতকারকের কাছেই থাকে। সেগুলি দিয়ে বিশেষ অক্ষরমালা বা টোকেন তৈরি করা হয়। ফলে ব্যক্তিগত তথ্য় না দেখেই বোঝা যায়, একই টোকেন একাধিক নির্বাচনকেন্দ্র, ভোটকেন্দ্র বা সংশোধিত তালিকায় বার বার এসেছে কি না। এতে স্ক্রুটিনির কাজ সহজ হয়, আবার ভোটারের গোপনীয়তা রক্ষার অধিকারও বজায় থাকে।
নির্বাচন কমিশন যে কাজ করতে পারেনি, তা করে দেখানোয় সার্থককে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলে। সমাজকর্মী তথা গবেষক প্রতীক এস পাটিল লেখেন, ‘অসাধারণ কাজ করেছে সার্থক। একেই বলে মানুষের সেবা এবং স্বচ্ছতা’। কংগ্রেস সাংসদ গৌরব গগৈও সার্থককে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তিনি লেখেন, ‘আমি সার্থকের কাজকে সমর্থন করি। দীর্ঘ এবং শ্রমসাধ্য বটে, তবে অত্যন্ত প্রয়োজনীয় কাজ এটি। নাগরিকরা সচেতন বলে, মানুষের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলি কড়া পর্যবেক্ষণের আওতায় থাকলেই গততন্ত্র সুসংহত হয়’।
Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
