Supreme Court on Municipality: 'নির্বাচন  বিনা কারণে দীর্ঘদিন বন্ধ থাকুক আমরা চাই না', কলকাতা পৌরসভার আসন পুনর্বিন্যাস নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টImage Credit: Tv9 Bangla

নয়া দিল্লি: কলকাতা পৌরনিগমের আসন পুনর্বিন্যাস মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে (Supreme Court)। সোমবারের পর বুধবার কোর্টে ছিল এই মামলার শুনানি। তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। কোর্টের পর্যবেক্ষণ, ‘নির্বাচন বিনা কারণে দীর্ঘদিন বন্ধ থাকুক আমরা চাই না।’ কলকাতা হাইকোর্টেই (Calcutta High Court) এই মামলা ফের ফেরত পাঠাতে চায় সুপ্রিম কোর্ট, ইঙ্গিত বিচারপতি জয়মাল্য বাগচীর।

এ দিন শুনানির সময় বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “আমরা চাই এই মামলা ডিভিশন বেঞ্চে ফেরত পাঠাতে। ডিভিশন বেঞ্চ সব দিক খতিয়ে না দেখে রায় দিয়েছে, আমরা এই বক্তব্য মানছি। আমরা ডিভিশন বেঞ্চের অর্ডার আপাতভাবে খারিজ করতে চাই। এবং আবার সব দিক খতিয়ে দেখে ডিভিশন বেঞ্চ নতুন অর্ডার দিক এটা আমাদের প্রস্তাব। সিঙ্গেল বেঞ্চে যে মূল মামলা আছে তা ডিভিশন বেঞ্চে ট্রান্সফার করা হোক। এটাই আমাদের মতামত।” তীব্র আপত্তি করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। আদালতে তিনি বলেন, “আমার বক্তব্য শোনা হোক। মামলার সোমবার পর্যন্ত স্থগিত রাখা হোক। সোমবার আমি সওয়াল করতে চাই।”

এ দিকে, সুপ্রিম কোর্টের এই প্রস্তাবকে (হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা ফেরানো) সমর্থন করেন মমতা তৃণমূল কংগ্রেসের তরফে অভিষেক মনু সিঙভি এবং সিপিএমের তরফে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, “আমরা চাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হোক। নির্বাচন বিনা কারণে দীর্ঘদিন বন্ধ থাকুক আমরা চাই না।” এরপর মামলা ফের ডিভিশন বেঞ্চে ফেরত পাঠানোর ইঙ্গিত। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “আমরাও চাইছি। হাইকোর্টে শুনানি হোক। দেখুন যতক্ষণ না শুনানি হচ্ছে নির্বাচন হবে না।”

মামলার প্রেক্ষাপট

১৪৪ থেকে বাড়িয়ে কলকাতা পৌরনিগমের ওয়ার্ড সংখ্যা ২০৯ কীভাবে করা হল, সেই প্রশ্ন তুলে একটি মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। মামলাকারী সিপিএম-এর প্রাক্তন কাউন্সিলর দীপু দাস। তাঁর অভিযোগ, এই আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া মানা হয়নি। জনসংখ্যার ভিত্তিতে ওয়ার্ড পুনর্বিন্যাস হয়নি, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই এই ওয়ার্ড পুনর্বিন্যাস হয়। তবে এই মামলায় কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ কোনও স্থগিতাদেশ দেয়নি। যার ফলে পুরভোট নির্বাচনের ক্ষেত্রে কোনও বাধা ছিল না। সিঙ্গল বেঞ্চ স্থগিতাদেশ না দেওয়ায় ডিভিশন বেঞ্চে আবেদন করেন মামলাকারী। এরপর গত ৬ নভেম্বর ভোটের নির্ঘণ্ট ঘোষণার উপর স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই স্থগিতাদেশ দেয়। ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ায় আপাতত বর্ধিত আসনে পুরভোট ঘোষণা করা যাবে না। ডিভিশন বেঞ্চ জানায়, সিঙ্গল বেঞ্চে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট ঘোষণা করা যাবে না। ডিভিশন বেঞ্চ ভোট ঘোষণার উপর স্থগিতাদেশ জারি করার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছিলেন, এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে রাজ্য সরকার। ১৩ নভেম্বরের পর কলকাতার ২০৯টি ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে বলেও স্পষ্ট করে দেন। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত সচিব মামলাটি করেন।

সোমবারের শুনানিতে কী হল?

গত সোমবার সেই মামলার শুনানি ওঠে সুপ্রিম কোর্টে। আদালতের প্রশ্ন ছিল, যে পুরবোর্ডের অস্তিত্বই নেই, পৌর প্রশাসক কীভাবে ওয়ার্ড পুনর্ববিন্যাসের সুপারিশ করতে পারে? এর উত্তর যদিও দিতে পারেনি সলিসিটর জেনারেল তুষার মেহতা। মামলার শুনানির স্থগিত চেয়েছিলেন তিনি। এরপর আজ এই মামলা ফের স্থগিতের আবেদন জানান সলিসিটর জেনারেল। তখনই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ মামলা ফের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফেরত পাঠানোর পর্যবেক্ষণ রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *