সন্দীপ সরকার, কলকাতা: অধিনায়ক হিসাবে দেশকে টি-২০ বিশ্বকাপ জিতিয়েছেন মার্চ মাসে। বিশ্বের প্রথম দেশ হিসাবে নিজেদের দেশের মাটিতে বিশ্বকাপ জেতার নজির গড়ে সূর্যকুমারের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। সূর্যকুমার যাদব হয়তো ঘুণাক্ষরেও ভাবতে পারেননি যে, তার কয়েক মাসের মধ্যে তাঁকে নেতৃত্ব হারাতে হবে। এমনকী, জাতীয় দল থেকেও বাদ পড়ে যাবেন।

সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে পুনর্জন্ম হচ্ছে সূর্যকুমারের। তাঁকে অধিনায়ক করেছে মুম্বই। আর নেতৃত্বের মুকুট পরে ব্যাট হাতেও ধ্বংসলীলা চালাচ্ছেন স্কাই। প্রথম ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ১৫ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। সোমবার সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে ১৮ বলে করলেন হাফসেঞ্চুরি। লক্ষ্য প্রায় দুশো ছুঁই ছুঁই। ১৯৮ রান তাড়া করতে নেমে ২৯ বলে ৮২ রানের প্রলয় ঘটালেন সূর্য। ৯টি চার ও ৭ ছক্কা। স্ট্রাইক রেট? ২৮৩!

মনে করিয়ে দেওয়া যাক, প্রতিপক্ষ দলে বোলারদের মধ্যে ছিলেন হর্ষল পটেল, রবি বিষ্ণোইয়ের মতো নাম। হর্ষল আইপিএলের অন্যতম ঘাতক বোলার। ডেথ ওভারে তাঁর মুন্সিয়ানার কদর করেন বিরাট কোহলির মতো কিংবদন্তিরাও। অন্যদিকে লেগস্পিনার রবি এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন ভারতীয় দলের সদস্য। তাঁদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন স্কাই। একবার ক্যাচ পড়েছিল। আর সুযোগ দেননি। হর্ষলের ৩ ওভারে উঠল ২৫ রান। রবির ৪ ওভারে ৪৬। একটা সময় মনে হচ্ছিল, সেঞ্চুরি করবেন সূর্যকুমার। রবির বলে বোল্ড হয়ে যাওয়ায় তিন অঙ্ক ছুঁতে পারেননি। তবে ততক্ষণে ম্যাচের রাশ মুম্বইয়ে হাতে।

কলকাতায় সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফির ম্যাচ দেখতে এসেছেন জাতীয় নির্বাচক শিবসুন্দর দাস। আগের ম্যাচে বিধ্বংসী হাফসেঞ্চুরির পর সূর্যকুমার সাফ বলে দিয়েছিলেন, ‘নির্বাচক যেখানে বসেছে, সেখানেই ছক্কা মারার লক্ষ্য নিয়ে নেমেছিলাম।’ সোমবারও শিবসুন্দর যেখানে বসেছিলেন, তার আশপাশ দিয়ে উড়ে গেল একাধিক গোলার মতো শট। 

সূর্যকুমার যে স্কুপ শটের জন্য বিখ্যাত, উইকেটের চারপাশে শট খেলেন বলে যাঁর নামই হয়ে গিয়েছে বিশ্ব ক্রিকেটের নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি, সেই শটই বরং এখন কম খেলছেন। বেশিরভাগ চার ছক্কা উড়ে যাচ্ছে লং অন, লং অফের ওপর দিয়ে। 

সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে ২ ম্যাচে ৫০ বলে ১৪২ রান! পরপর দুই ম্যাচে সেরার স্বীকৃতি। বিরল সূর্যঝড় দেখার সুযোগ পাচ্ছেন কলকাতার ক্রিকেটপ্রেমীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *