সন্দীপ সরকার, কলকাতা: দুর্গাপুজো, কালীপুজো, দীপাবলি পার। উৎসবের মরশুম শেষের পথে। তবে কলকাতায় রোশনাই ছড়াচ্ছে মুম্বই ক্রিকেট দল। সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে অপ্রতিরোধ্য দেখাচ্ছে মুম্বইকে। পরপর দুই ম্যাচে বিরাট জয়। প্রথম ম্যাচে হায়দরাবাদের পর সোমবার সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে গুজরাতকে ৫ উইকেটে হারাল মুম্বই।
প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেলেন সূর্যকুমার যাদব। অধিনায়ক হিসাবে ভারতকে টি-২০ বিশ্বকাপ জেতানোর কয়েক মাসের মধ্যে তাঁকে নেতৃত্ব হারাতে হয়েছে। জাতীয় দল থেকেও বাদ পড়েছেন।
সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে তাঁকে অধিনায়ক করেছে মুম্বই। আর নেতৃত্বের মুকুট পরে পুনর্জন্ম হচ্ছে সূর্যকুমারের। ব্যাট হাতেও ধ্বংসলীলা চালাচ্ছেন স্কাই। প্রথম ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ১৫ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। সোমবার সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে ১৮ বলে করলেন হাফসেঞ্চুরি। লক্ষ্য প্রায় দুশো ছুঁই ছুঁই। ১৯৮ রান তাড়া করতে নেমে ২৯ বলে ৮২ রানের প্রলয় ঘটালেন সূর্য। ৯টি চার ও ৭ ছক্কা। স্ট্রাইক রেট? ২৮৩!
২৬ বল বাকি থাকতে মাত্র ৫ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ মুম্বইয়ের। সূর্যর ধ্বংসলীলার পাশাপাশি ১৭ বলে ৪০ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংস খেললেন সরফরাজ খান। পরপর ২ ম্যাচ জিতে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের গ্রুপ ডি-র শীর্ষে মুম্বই।
টস হেরে প্রথমে ব্যাট করে গুজরাত তুলেছিল ১৯৭ রান। যদিও গুজরাত ইনিংস যে এভাবে ঘুরে দাঁড়াবে, অনেকের ধারণার বাইরে ছিল। বরং শুরু থেকে যেভাবে নিয়মিত ব্যবধানে উইকেট পড়ল, তাতে অনেকে টি-২০ ক্রিকেটের আমেজই পাচ্ছিলেন না। ৮.২ ওভারে ৮৭ রানে ৬ উইকেট হারিয়ে গুজরাত তখন কোণঠাসা। ম্যাচ দেখতে আসা ক্রিকেটপ্রেমীদের মনে উদ্বেগ। সূর্যকুমারের ব্যাট করতে নামার মতো স্কোর তুলবে তো গুজরাত?
সেখান থেকে পাল্টা লড়াই আশুতোষ শর্মা ও বিশাল জয়সওয়ালের। আশুতোষ আইপিএলে খেলেন দিল্লি ক্যাপিটালসে। দিন কয়েক আগেই কলকাতায় এসে এই মাঠেই দিল্লি ক্যাপিটালসের হেড কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে প্র্যাক্টিস করে গিয়েছেন। ৯ নম্বরে ব্যাট করতে নেমে ২২ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেললেন। ২১ বল ৩৮ রান করে তাঁকে সঙ্গ দিলেন বিশাল। সপ্তম উইকেটে ৩১ বলে ৫০ রানের পার্টনারশিপ ম্যাচে ফেরায় গুজরাতকে।
যদিও সৌরঝড়ের সামনে সেই স্কোরও খড়কুটোর মতো উড়ে গেল…
