কল্যাণপুর:একসময় বামেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত খোয়াইয়ে আসন্ন পৌর নির্বাচনকে ঘিরে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বর্তমানে খোয়াই পৌর পরিষদ বিজেপির দখলে থাকলেও সেই অবস্থান ধরে রাখা এবং আগামী ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের রাজনৈতিক জমি আরও মজবুত করার লক্ষ্যেই কোমর বেঁধে ময়দানে নেমেছে শাসক শিবির।

আর এই প্রচারের অন্যতম প্রধান মুখ কল্যাণপুর-প্রমোদনগর কেন্দ্রের বিধায়ক তথা বিজেপির প্রাক্তন জেলা সভাপতি পিনাকী দাস চৌধুরী। সকাল থেকে রাত পর্যন্ত কখনও বাড়ি বাড়ি জনসংযোগ, কখনও পথসভা, আবার কখনও দলীয় কর্মসূচিতে তাঁর ধারাবাহিক উপস্থিতি নজর কাড়ছে রাজনৈতিক মহলের। প্রার্থীদের পাশে দাঁড়িয়ে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

খোয়াইয়ের রাজনৈতিক ইতিহাস এবং বামেদের দীর্ঘদিনের সাংগঠনিক প্রভাবের কথা মাথায় রেখেই এবারের পৌর নির্বাচনকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বিজেপি। শুধু পৌর পরিষদের ক্ষমতা ধরে রাখাই নয়, আগামী বিধানসভা নির্বাচনের আগে সংগঠনের ভিত আরও শক্তিশালী করাও দলের অন্যতম লক্ষ্য বলে রাজনৈতিক মহলের ধারণা।

সব মিলিয়ে পিনাকী দাস চৌধুরীকে সামনে রেখে খোয়াইয়ে বিজেপির এই ধারাবাহিক প্রচার নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে। তবে প্রচারের তৎপরতা শেষ পর্যন্ত ভোটের ফলাফলে কতটা প্রতিফলিত হয়, তার উত্তর দেবেন খোয়াইয়ের ভোটাররাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *