ওয়েলিংটন: ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ মূলত এক দলের পেসারদের আরেক দলের পেসারদের টেক্কা দেওয়ার লড়াই হতে চলেছে। প্রথম টেস্টে কিউয়ি শিবির তিনজন বিশেষজ্ঞ পেস বোলার ও একজন বোলিং অলরাউন্ডার নিয়ে একাদশ সাজাতে চলেছে, সেই কথা জানিয়ে দিলেন টম ল্যাথাম। কিউয়ি অধিনায়ক জানিয়েছেন আগামী বেশ কয়েকটি সপ্তাহজুড়ে দলের বোলিং ডিপার্টমেন্টের প্রত্যেকের ওয়ার্কলোডের কথা ভেবে নমনীয়তা বজায় রাখা হবে।
সাংবাদিক বৈঠকে ল্যাথাম বলেন, ‘আমরা তিনজন ফাস্ট বোলার ও একজন বোলিং অলরাউন্ডার নিয়ে খেলব। আমরা ভাগ্যবান যে আমাদের হাতে প্রচুর ফাস্ট বোলার রয়েছে ও প্রায় সবাই ফিট হয়ে ওঠার পথে, যা দারুণ ব্যাপার। কে কোন ম্যাচ খেলবে তা আগে থেকে পরিকল্পনা করা কঠিন, তবে ম্যাচ চলাকালীন পরিস্থিতি ও ওয়ার্কলোডের ওপর ভিত্তি করে আমরা কিছুটা নমনীয় থাকার চেষ্টা করছি। আগামী ছয়-সাত সপ্তাহে বিষয়টি কেমন দাঁড়াবে তা নিয়ে আমরা নমনীয় থাকতে চাই, তবে অবশ্যই এই মুহূর্তে আমাদের মূল মনোযোগ ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের দিকে।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিউজিল্য়ান্ড এই মুহূর্তে শীর্ষে রয়েছে। কিন্তু তাতে খেলার ধরণে কোনও সমস্যা হবে না বলে মনে করেন কিউয়ি অধিনায়ক। ল্যাথাম বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিল আমার মনোযোগের বিষয় নয়। যা আমাদের নিয়ন্ত্রণে আছে, আমরা সেগুলোই নিয়ন্ত্রণ করব। আমরা আমাদের নিজস্ব ঘরানার ক্রিকেট খেলব ও নিজেদের সেরা সুযোগটা তৈরি করব।’
বুমরাদের কী বার্তা দিলেন মর্কেল?
এদিকে, শুভমন গিল আগেই জানিয়ে দিয়েছিলেন যে চার পেসার নিয়ে তারা আক্রমণে নামবেন। ম্য়াচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসেছিলেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল। তাঁর কাছে প্রশ্ন করা হয় মহম্মদ সিরাজের খেলার সম্ভাবনা নিয়ে। সেই প্রশ্ন বুধবার এড়িয়ে যান ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল। তিনি জানান, চূড়ান্ত একাদশ নির্ধারণ করার দায়িত্ব অধিনায়ক শুভমন গিলের। সাম্প্রতিক অফ-ফর্মের কারণে দলে সিরাজের জায়গা ঝুঁকির মুখে রয়েছে কি না, এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি মর্কেল। তিনি বলেন, প্রথম টেস্টের আগের দিন মরকেল বলেন, “ভারতের জার্সিতে সিরাজ যখনই মাঠে নেমেছে, যখনই খেলেছে, সে বিশ্বমানের পারফর্মার হিসেবে নিজেকে প্রমাণ করেছে। গৌতমকে আমি আমার মতামত দিয়েছি যে, প্রতিপক্ষের ২০টি উইকেট নেওয়ার মতো যথেষ্ট শক্তিশালী বোলিং আক্রমণ আমাদের রয়েছে। শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তটি নেবেন শুভমন।’
