নয়াদিল্লি : SIR সংক্রান্ত প্রস্তাবিত বিতর্কের বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের পাল্টা জবাব দিলেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি অমিত শাহর উদ্দেশে মন্তব্য করলেন, তিনি (শাহ) যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোলামেলা আলোচনায় সম্মত হওয়ার জন্য রাজি করান।
এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে তিনি লেখেন, “অমিত শাহজি, মোদিজিকে বিভ্রান্ত করবেন না। বরং তাঁকে আমার সঙ্গে একটি ওপেন ডিবেটে অংশ নিতে রাজি করান। যে কোনও মঞ্চে, যে কোনও সময়ে-ভয় পাবেন না।” তিনি একটি ভিডিও-ও শেয়ার করেন, যেখানে অমিত শাহের দু’টি ভিন্ন মন্তব্য দেখা যায়, যা এসআইআর সংক্রান্ত বিতর্কের বিষয়ে পরস্পরবিরোধী বলে মনে হয়। একটি ক্লিপে শাহকে বলতে শোনা যায় যে, “সংসদে এসআইআর (SIR) নিয়ে কোনও বিতর্ক হতে পারে না।” অন্যদিকে, অন্য একটি ক্লিপে তাঁকে রাহুলকে এই বিষয়টি উত্থাপন করতে এবং সংসদে এ নিয়ে বিতর্ক করার আমন্ত্রণ জানাতে দেখা যায়।
এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এবং প্রধানমন্ত্রী মোদির সঙ্গে প্রকাশ্য বিতর্কের জন্য রাহুলের দাবির বিষয়টিকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে চলতে থাকা রাজনৈতিক দ্বন্দ্বের প্রেক্ষাপটে এই বিষয়টি সামনে এসেছে। বৃহস্পতিবারই কারনালে বিজেপির ‘গণতন্ত্র বাঁচান, নৈরাজ্য দূর করুন’ পদযাত্রায় রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন শাহ। তিনি কংগ্রেস নেতার বিরুদ্ধে সংসদীয় কার্যক্রমে বাধা সৃষ্টি করা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এড়িয়ে যাওয়া এবং ওয়াকআউট ও বিক্ষোভকে কংগ্রেস দলের রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত করার অভিযোগ তোলেন।
শাহ বলেন, “গণতন্ত্রে সংসদ হল বিতর্কের সর্বোচ্চ মঞ্চ। অথচ রাহুল গান্ধী, আপনি সংসদকে কাজ করতে দিচ্ছেন না। আপনি গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনায় অংশ নিতে অস্বীকার করছেন। বরং হট্টগোল সৃষ্টি করা আর সংসদ থেকে ওয়াকআউট করাকে আপনি কংগ্রেস দলের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছেন। আপনি সংসদকে অকার্যকর করে রেখেছেন এবং তার পরিবর্তে রাস্তায় ভিড় জমিয়ে নৈরাজ্য ছড়াচ্ছেন-ঠিক যেন একজন নৈরাজ্যবাদী।”
বিজেপির সমাবেশে শাহ আরও বলেছেন যে, এসআইআর (SIR) নিয়ে আলোচনার জন্য সরকার সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকতে প্রস্তুত।
সোমবার রাহুল প্রথম প্রধানমন্ত্রী মোদি ও শাহকে একটি ওপেন ডিবেটের চ্যালেঞ্জ জানিয়েছিলেন। মঙ্গলবার তিনি তাঁর এই আহ্বান পুনর্ব্যক্ত করেন এবং প্রধানমন্ত্রীকে আলোচনার জন্য যে কোনও স্থান বেছে নিতে বলেন; পাশাপাশি তিনি প্রস্তাব দেন যে, এই আলোচনাটি যেন সংবাদমাধ্যম ও তরুণদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
Punjab Train Fire: পাঞ্জাবে ট্রেনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলল আগুন… | ABP Ananda
