নয়াদিল্লি: বিহারের পাটনায় এনকাউন্টারে মৃত্য়ু হল ৩ কুখ্যাত অপরাধীর। পুলিশের দাবি, নিহত তিন অপরাধীর নাম জে পি যাদব, বাবলু কুমার এবং রাজা শর্মা। তিনজনেরই দীর্ঘ অপরাধের ইতিহাস রয়েছে। একাধিক মামলায় তারা ওয়ান্টেড ছিল বলে খবর পুলিশ সূত্রে।
আরও পড়ুন, মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
গোটা দেশেও সাম্প্রতিককালে পরপর ঘটেছে এনকাউন্টারের ঘটনা। এবার পাটনায় এনকাউন্টারে মৃত্য়ু হল ৩ কুখ্যাত অপরাধীর। আহত হলেন এক পুলিশ আধিকারিক। পুলিশ সূত্রে দাবি, গোপন সূত্রে খবর পেয়ে, শুক্রবার ভোর ৩ টে নাগাদ, পাটনার মানেরে শেরপুর গঙ্গা ঘাটে পৌঁছয় পুলিশ ও STF.সেখানেই আস্তানা গেড়েছিল খুনে অভিযুক্ত ৩ দুষ্কৃতী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই গুলি ছুঁড়তে থাকে তারা। আহত হন মানের থানার স্টেশন হাউস অফিসার রজনীশ কুমার। আত্মরক্ষার্থে পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয় জেপি যাদব, বাবলু কুমার ও রাজা শর্মা নামে ৩ অভিযুক্তের।
পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, পুলিশের তরফ থেকে ১৮ রাউন্ড গুলি ছোড়া হয়। যেখানে দুষ্কৃতীরা ২৪ রাউন্ডেরও বেশি গুলি চালিয়েছে। সংবাদ সংস্থা এএনআই-কে সাক্ষাৎকারে পাটনা এসএসপি কার্তিকেয় কে. শর্মা জানিয়েছেন, অপরাধ দমনের অংশ হিসাবে অপারেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল পুলিশ। এসটিএফ এবং জেলা পুলিশ বিভিন্ন যায়গায় অপারেশন চালাচ্ছিল। আমরা খবর পাই যে কয়েকজন দুষ্কৃতী, যাদের অপরাধের রেকর্ড রয়েছে, এখানে পৌঁছেছে এবং শেরপুরে বড় ঘটনা ঘটানোর জন্য ছক কষেছিল।
পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় মৃতদের পরিবারের সদস্যরা। দানাপুর হাসপাতালের বাইরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে তাদের। উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। বিহার পুলিশের দাবি, এনকাউন্টারের ঘটনাস্থল থেকে ২ টি পিস্তল ও কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। এদেশের বিভিন্ন রাজ্য়ে, বিভিন্ন সরকারের আমলে, এনকাউন্টার হয়েছে। বিতর্ক হয়েছে। রাজনৈতিক ঝড় উঠেছে! কেউ খুশি হয়েছে। কেউ অখুশি। ২০১৯ সালের ২৮ নভেম্বর, তেলঙ্গনার শাদনগরে ৪৪ নন্বর জাতীয় সড়কের আন্ডার পাস থেকে উদ্ধার হয়েছিল হায়দরাবাদের ২৬ বছরের তরুণী পশু চিকিৎসকের পোড়া মৃতদেহ।
ঘটনার সাতদিনের মাথায়, ভোররাতে ঠিক সেখানেই পুলিশের এনকাউন্টারের পর পড়ে থাকতে দেখা যায় ৪ জনকে। ২০০৮-এর ডিসেম্বরে, অন্ধ্রপ্রদেশে এক তরুণীর উপর অ্যাসিড হামলা ও খুনের ঘটনায় উত্তাল হয় ওয়ারঙ্গল। ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয় তিন অভিযুক্তকে। অভিযুক্তদের পুনর্নির্মাণে নিয়ে যাওয়ার সময় একই ঘটনা ঘটে। এনকাউন্টারে মৃত্যু হয় তিনজনেরই।
২০২৪-এর সেপ্টেম্বরে, মহারাষ্ট্রের বদলাপুরে সকুল ছাত্রী নিগ্রহের ঘটনায় এনকাউন্টারে মৃত্যু হয় অক্ষয় শিণ্ডে নামে অভিযুক্তের।চলতি বছরের ২ জানুয়ারি, যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে ৬ বছরের মেয়েকে যৌন নির্যাতনের পর ছাদ থেকে ছুড়ে ফেলে খুনের অভিযোগ ওঠে। অভিযুক্তদের গ্রেফতার করতে গেলে তাদের সঙ্গে পুলিশের গুলির লড়াই বাধে। জখম অবস্থায় গ্রেফতার করা হয় অভিযুক্তদের। এবার পাটনায় অপরাধের রেকর্ড থাকা ৩ জনের মৃত্যু হল এনকাউন্টারে।
Punjab Train Fire: পাঞ্জাবে ট্রেনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলল আগুন… | ABP Ananda
