১৯৬০ সালের নভেম্বর মাসে আমেরিকার ইউনিভার্সিটি অফ ইলিনয়েস আরবানা-শ্যাম্পেনের দুই সহকর্মীকে সঙ্গে নিয়ে বিজ্ঞানবিষয়ক জার্নাল ‘সায়েন্স’-এ একটি গবেষণাপত্র প্রকাশ করেন অস্ট্রীয়-আমেরিকান পদার্থবিদ হাইঞ্জ ফন ফর্স্টার। গবেষণাপত্রটির নাম ছিল Doomsday: Friday, 13 November, A.D. 2026। এই তারিখেই পৃথিবী ধ্বংসের আশঙ্কা করেছিলেন তিনি৷ তবে তাঁর আশঙ্কার কারণ কোনও গ্রহাণুর আছড়ে পড়া, পরমাণু যুদ্ধ কিংবা ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ছিল না। বরং মানবসভ্যতার ধ্বংসের পিছনে তিনি দেখেছিলেন এমন এক শক্তিকে, যা আপাতদৃষ্টিতে থামানো প্রায় অসম্ভব, তা হল জনসংখ্যা বৃদ্ধি।
ওই গবেষণাপত্রে প্রকাশিত গাণিতিক হিসাব অনুযায়ী, পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির হার যদি ক্রমাগত বাড়তে থাকে, তা হলে একসময় বিশ্ব জনসংখ্যা অসীমের কাছাকাছি পৌঁছে যাবে। মানুষের বসবাসের জন্য তখন আর পর্যাপ্ত জায়গা থাকবে না।
গবেষণাপত্রে বিজ্ঞানীরা স্পষ্ট লিখেছিলেন, ‘‘আমাদের পরবর্তী প্রজন্ম, তাদের নাতি-নাতনিরা অনাহারে মারা যাবে না, বরং ভিড়ের চাপে পিষে মারা যাবে’’৷
অবশেষে সেই দিন এসে গিয়েছে। কিন্তু বিজ্ঞানীর আশঙ্কা বাস্তবে পরিণত হয়নি। বর্তমানে পৃথিবীর জনসংখ্যা প্রায় ৮০০ কোটি, যা তাঁর গাণিতিক মডেলের অনুমানের তুলনায় অনেকটাই কম। তবে অদ্ভুত এই ভবিষ্যদ্বাণী এবং মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলার কারণে গবেষণাপত্রটি এখনও আলোচনায় উঠে আসে।
হাইঞ্জ ফন ফর্স্টার এবং তাঁর দুই সহকর্মী খ্রিস্টপূর্ব প্রায় ৪০০ সাল থেকে ১৯৫৮ সাল পর্যন্ত পৃথিবীর জনসংখ্যার ঐতিহাসিক পরিসংখ্যান বিশ্লেষণ করেছিলেন।
তাঁদের গবেষণায় দেখা যায়, পৃথিবীর জনসংখ্যা দ্বিগুণ হতে যে সময় লাগছে, তা ক্রমশ কমে আসছে। এই প্রবণতার ভিত্তিতেই তাঁরা একটি গাণিতিক সমীকরণ তৈরি করেন, যার মাধ্যমে ভবিষ্যতে পৃথিবীর জনসংখ্যা কতটা বাড়তে পারে, তার হিসাব করা হয়েছিল।
সেই মডেল অনুযায়ী, ২০২০ সালের মধ্যেই পৃথিবীর জনসংখ্যা ২৫০০ কোটির গণ্ডি ছাড়িয়ে যেতে পারত। জনসংখ্যা বৃদ্ধির একই গতি বজায় থাকলে একসময় সেই সংখ্যা অসীমের কাছাকাছি পৌঁছে যেত।
গবেষকরা এই গাণিতিক অবস্থাকেই ‘ডুমসডে’ বা প্রলয় দিবস বলে উল্লেখ করেছিলেন। অর্থাৎ, এমন একটি পর্যায়, যেখানে তাঁদের তৈরি সমীকরণ আর জনসংখ্যার কোনও অর্থপূর্ণ হিসাব দিতে পারবে না। এটি কোনও নির্দিষ্ট বিপর্যয়ের পূর্বাভাস ছিল না। এমনকী ওই দিনেই মানবসভ্যতা নিশ্চিহ্ন হয়ে যাবে, এমন দাবিও করেননি তাঁরা।
মূল গবেষণাপত্র অনুযায়ী, তাঁদের সমীকরণে ২০২৬.৮৭ সাল উঠে এসেছিল। এই হিসাবের ক্ষেত্রে ৫.৫ বছরের ত্রুটির সম্ভাবনাও উল্লেখ করা হয়েছিল।
পরবর্তী সময়ে ফন ফর্স্টার ১৩ নভেম্বর, ২০২৬-কে এই সম্ভাব্য সময়সীমার মধ্যে একটি উপযুক্ত দিন হিসেবে চিহ্নিত করেন। এর পিছনে ব্যক্তিগত কারণও ছিল। ১৩ নভেম্বর ছিল তাঁর জন্মদিন।
১৯৬০ সালের ৪ নভেম্বর প্রকাশিত ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর একটি প্রতিবেদনেও এই ভবিষ্যদ্বাণীর কথা উল্লেখ করা হয়েছিল। সেখানে বিজ্ঞানীর আশঙ্কার কথা তুলে ধরে বলা হয়, নিয়ন্ত্রণহীন জনসংখ্যা বৃদ্ধি একসময় মানবসভ্যতার আত্মবিনাশের কারণ হয়ে উঠতে পারে।
গবেষণাপত্রটি প্রকাশিত হওয়ার পর যথেষ্ট আলোচনা শুরু হলেও এর গাণিতিক অনুমান এবং ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন জনসংখ্যা বিশেষজ্ঞদের একাংশ।
সমালোচকদের প্রধান আপত্তি ছিল, পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির হার চিরকাল একইভাবে বাড়তে পারে না। জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সময় ক্রমাগত কমতে থাকবে, এমন ধারণারও বাস্তবসম্মত কোনও ভিত্তি নেই। কারণ মানুষের প্রজননের ক্ষেত্রেও স্বাভাবিক কিছু সীমাবদ্ধতা রয়েছে।
১৯৬২ সালে ‘সায়েন্স’ জার্নালে এই গবেষণার সমালোচনা করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হ্যারল্ড ডর্ন। তিনি গবেষণার অনুমানগুলির নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর মতে, ভবিষ্যদ্বাণীটির ভুল প্রমাণিত হতে কতটা সময় লাগবে, তা নিয়েও যথেষ্ট সংশয় ছিল।
রাষ্ট্রপুঞ্জের জনসংখ্যা অনুমান ও পূর্বাভাস বিভাগের প্রধান প্যাট্রিক গারল্যান্ডও পৃথিবীর জনসংখ্যার গতিপ্রকৃতি বোঝার জন্য একটি মাত্র গাণিতিক সমীকরণ ব্যবহারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
তাঁর মতে, জনসংখ্যা বিশেষজ্ঞরা সাধারণত আলাদা আলাদা দেশের জন্মহার, মৃত্যুহার এবং অভিবাসনের পরিসংখ্যান বিশ্লেষণ করেন। তার পর সেই তথ্য একত্রিত করে বিশ্ব জনসংখ্যার হিসাব তৈরি করা হয়।
কারণ, প্রতিটি দেশের জনসংখ্যাগত, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি একে অপরের থেকে আলাদা। ফলে গোটা বিশ্বের জন্য একই জনসংখ্যা বৃদ্ধির হার প্রয়োগ করলে এই পার্থক্যগুলি উপেক্ষিত থেকে যায়।
একটা সময় পর্যন্ত ফন ফর্স্টারের গাণিতিক সমীকরণের সঙ্গে বাস্তব জনসংখ্যা বৃদ্ধির কিছুটা মিল পাওয়া গিয়েছিল। ১৯৭৫ সালে পৃথিবীর জনসংখ্যা প্রায় ৪০০ কোটিতে পৌঁছয়। অথচ বিজ্ঞানীর মডেল অনুযায়ী, সেই সময় জনসংখ্যা হওয়ার কথা ছিল প্রায় ৩৬০ কোটি।
তবে ১৯৯০-এর দশকের গোড়া থেকে বাস্তব জনসংখ্যার সঙ্গে তাঁর অনুমানের পার্থক্য ক্রমশ বাড়তে থাকে। কারণ, বিভিন্ন দেশে জন্মহার কমতে শুরু করেছিল। এই প্রবণতা দেখা যায় একাধিক উন্নত দেশ এবং চিনেও।
২০০০ সালে পৃথিবীর জনসংখ্যা ছিল প্রায় ৬০০ কোটি। অথচ বিজ্ঞানীর সমীকরণ অনুযায়ী, সেই সময় জনসংখ্যা হওয়ার কথা ছিল ৭০০ কোটি। ২০১০ সালে বাস্তবে পৃথিবীর জনসংখ্যা ছিল প্রায় ৭০০ কোটি। কিন্তু তাঁর মডেল অনুযায়ী, তা পৌঁছে যাওয়ার কথা ছিল ১১০০ কোটিতে।
বর্তমানে পৃথিবীর জনসংখ্যা প্রায় ৮০০ কোটি। অর্থাৎ, বিজ্ঞানীর গাণিতিক হিসাব যে বিপুল জনসংখ্যার ইঙ্গিত দিয়েছিল, বাস্তব পরিস্থিতি তার ধারেকাছেও নেই।
এর অন্যতম বড় কারণ জন্মহারের পতন। ২৯ অক্টোবর প্রকাশিত ‘পপুলার মেকানিক্স’-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, ১৯৬০ সালের তুলনায় বর্তমানে বিশ্বে প্রজনন হার প্রায় অর্ধেক হয়ে গিয়েছে।
স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা এবং জীবনযাত্রার মান উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বের বহু দেশের পরিবারে সন্তান নেওয়ার প্রবণতা কমেছে। ছোট পরিবার গড়ার দিকে ঝুঁকেছেন অনেকেই। জনসংখ্যার এই পরিবর্তনই বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধির গতিপথ বদলে দিয়েছে এবং ফন ফর্স্টারের সমীকরণের মূল অনুমানকে কার্যত ভুল প্রমাণ করেছে।
কিছু গবেষকের মতে, ১৯৬০ সালের ওই গবেষণাপত্রের মূল উদ্দেশ্য ভবিষ্যতের কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা ছিল না। বরং নিয়ন্ত্রণহীন জনসংখ্যা বৃদ্ধির সম্ভাব্য পরিণতি সম্পর্কে বিশ্বকে সতর্ক করতে চেয়েছিলেন বিজ্ঞানীরা।
রকফেলার বিশ্ববিদ্যালয়ের গাণিতিক জনসংখ্যা জীববিজ্ঞানী জোয়েল কোহেন ‘সায়েন্স’-কে জানিয়েছিলেন, স্কুলে পড়ার সময় থেকেই তিনি এই গবেষণার কথা শুনেছিলেন।
কোহেনের কথায়, “আমার মনে হয় না ফন ফর্স্টার সত্যিই ভবিষ্যৎ সম্পর্কে কোনও নির্দিষ্ট পূর্বাভাস দিতে চেয়েছিলেন। তিনি এমন একটি প্রবণতার দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন, যা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছিল না।”
গবেষকরাও স্বীকার করেছিলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে বিশ্বজুড়ে যে আলোচনা চলছিল, তাতে অবদান রাখাই ছিল তাঁদের গবেষণার অন্যতম উদ্দেশ্য।
১৯৬০ এবং ১৯৭০-এর দশকে বিশ্বজুড়ে অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ ছিল যথেষ্ট। ১৯৬৮ সালে আমেরিকান জীববিজ্ঞানী ও পরিবেশবিদ পল এরলিখ প্রকাশ করেন তাঁর বই The Population Bomb। সেখানে জনসংখ্যা বৃদ্ধির কারণে বিশ্বজুড়ে ব্যাপক খাদ্যসংকট ও দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি।
এর চার বছর পর প্রকাশিত হয় The Limits to Growth নামে একটি রিপোর্ট। কম্পিউটার মডেলিংয়ের ভিত্তিতে তৈরি ওই রিপোর্টে বলা হয়েছিল, জনসংখ্যা বৃদ্ধি এবং প্রাকৃতিক সম্পদের ক্রমবর্ধমান ব্যবহার ২০২০-এর দশকে বিশ্বব্যবস্থার বিপর্যয় ডেকে আনতে পারে। তবে সেই ভবিষ্যদ্বাণীগুলিও আশঙ্কা অনুযায়ী বাস্তবায়িত হয়নি।
‘দ্য কনভারসেশন’-এ প্রকাশিত একটি প্রতিবেদনে অতিরিক্ত জনসংখ্যা নিয়ে এই ধরনের নেতিবাচক ভবিষ্যদ্বাণীর পরিণতি বিশ্লেষণ করা হয়েছিল। সেখানে আন্তর্জাতিক স্তরে জন্মনিয়ন্ত্রণ কর্মসূচি, দক্ষিণ এশিয়ায় জোর করে বন্ধ্যাত্বকরণ এবং ২০১৫ সাল পর্যন্ত চিনে চালু থাকা এক সন্তান নীতির মতো বিষয়গুলিও উঠে আসে।
প্রতিবেদনটির যুক্তি ছিল, জনসংখ্যা বৃদ্ধির ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত আশঙ্কা প্রকাশকারীরা জনসংখ্যার স্বাভাবিক পরিবর্তনের বিষয়টি যথাযথভাবে বুঝতে পারেননি। তাঁদের ধারণায়, সম্পদ, স্বাস্থ্য ও শিক্ষার উন্নতি হলে পরিবারগুলি ছোট হতে শুরু করে। এই পরিবর্তনকেই বলা হয় ‘ডেমোগ্রাফিক ট্রানজিশন’ বা জনসংখ্যাগত রূপান্তর।
১৩ নভেম্বর, ২০২৬ তারিখটি এসে যাওয়ার পর নতুন করে আলোচনায় উঠে এসেছে বিজ্ঞানীদের ভবিষ্যদ্বাণী এবং বিপর্যয়ের আশঙ্কা নিয়ে তৈরি হওয়া বিভিন্ন গাণিতিক মডেল।
ভিয়েনার কমপ্লেক্সিটি সায়েন্স হাবের সঙ্গে যুক্ত সমাজবিজ্ঞানী হেলগা নওটনি ‘সায়েন্স’-কে জানিয়েছিলেন, মূল গবেষণাপত্রটি পড়ার পর তিনি সেটির একটি কপি নিজের কাছে রেখে দিয়েছিলেন। তাঁর ইচ্ছা ছিল, ভবিষ্যদ্বাণীটি সত্যি হয় কি না, তা নিজের চোখে দেখে যাওয়ার।
এখন তিনি ১৩ নভেম্বর ভিয়েনায় একটি সম্মেলনের সহ-আয়োজন করছেন। সেখানে পৃথিবীর শেষ বা মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন পূর্বাভাসের যৌক্তিকতা ও অযৌক্তিকতা নিয়ে আলোচনা হওয়ার কথা।
এই আলোচনা এমন এক সময়ে হচ্ছে, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর দ্রুত উন্নতি এবং প্রযুক্তি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ফন ফর্স্টারের গবেষণাপত্রে ব্যবহৃত গাণিতিক ধারণাটির নাম ‘সিঙ্গুলারিটি’। এটি এমন একটি বিন্দুকে বোঝায়, যেখানে কোনও সমীকরণ আর কাজ করে না অথবা তার ফলাফল অর্থহীন হয়ে যায়।
বর্তমানে AI সংক্রান্ত আলোচনাতেও এই শব্দটি বিশেষভাবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে এমন একটি সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, যেখানে যন্ত্র নিজেই নিজেকে এত দ্রুত উন্নত করতে শুরু করবে যে প্রযুক্তির অগ্রগতিকে মানুষের পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠতে পারে।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সান্তা বারবারা ক্যাম্পাসের অর্থনীতিবিদ জাভিয়ের বিরচেনালও সতর্ক করেছেন, অতীতের কোনও প্রবণতা ভবিষ্যতেও একইভাবে চলবে, এমনটা ধরে নেওয়া ঠিক নয়। তাঁর মতে, জনসংখ্যা বৃদ্ধির এই সমীকরণের ব্যর্থতা দেখিয়ে দেয়, ইতিহাসে অস্বাভাবিক কোনও প্রবণতাকে ভবিষ্যতের হিসাবের ভিত্তি হিসেবে ব্যবহার করা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে।
৬০ বছরেরও বেশি আগে হাইঞ্জ ফন ফর্স্টার ১৩ নভেম্বর, ২০২৬-কে মানবসভ্যতার গাণিতিক ‘প্রলয় দিবস’ হিসেবে চিহ্নিত করেছিলেন। কিন্তু সেই দিন পেরিয়ে গেলেও পৃথিবীর জনসংখ্যা তাঁর সমীকরণের অনুমানের ধারেকাছেও পৌঁছয়নি। কোনও বিপর্যয় ছাড়াই দিনটি ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। তবে জনসংখ্যা বৃদ্ধি, বৈজ্ঞানিক পূর্বাভাস এবং মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে বিতর্ক আজও অব্যাহত।
