
অর্জুন দত্তের (Arjun Dutta) পরিচালনায়, আরও এক নতুন গল্প। অভিনয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) এবং জয়া আহসান (Jaya Ahsan)।

প্রযোজক অভিজিৎ চট্টোপাধ্যায়ের সংস্থা শ্রী অভিজ্ঞান ড্রিমওয়ার্কসের প্রযোজনায় আসছে, নতুন ছবি ‘আরএসভিপি মার্ডার’। সহ-প্রযোজক হিসেবে থাকছেন রূপম গোস্বামী।

পাহাড়ের প্রেক্ষাপটে একঝাঁক তারকাকে নিয়ে তৈরি হতে চলেছে মনস্তাত্ত্বিক রহস্যে মোড়া এই ছবি। এর আগের ছবিগুলিতে, মানুষের সম্পর্কের টানাপোড়েন এবং মনের সূক্ষ্ম অনুভূতিগুলিকে পর্দায় তুলে ধরেছিলেন অর্জুন দত্ত।

এবার তাঁর গল্প বলার সেই নিজস্ব ভঙ্গির সঙ্গে মিশতে চলেছে রহস্য, রোমাঞ্চ আর ডার্ক হিউমার। পাহাড়ের শান্ত, সুন্দর পরিবেশের আড়ালে লুকিয়ে রয়েছে ব্যক্তিগত নিরাপত্তাহীনতা, চাপা ঈর্ষা এবং সম্পর্কের নানা জটিল সমীকরণ।

বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও, বাস্তবটা যে একেবারেই অন্যরকম হতে পারে, সেই ঘটনার বর্ণনাতেই এগোবে ছবির কাহিনি।

গল্পের শুরু একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে। কিন্তু উৎসবের মধ্যেই এসে পৌঁছয় এক অস্বস্তিকর বার্তা। প্রথমে সেটা অবিশ্বাস্য বলে মনে হলেও, অল্প সময়ের মধ্যেই তা এক ভয়াবহ মোড় নেয়।

ঘটনার তদন্ত যত এগোতে থাকে, ততই প্রশ্নের মুখে পড়ে বন্ধুত্ব, দাম্পত্য এবং পারিবারিক সম্পর্ক। চেনা কথাবার্তার মধ্যেও খুঁজে পাওয়া যায় অচেনা ইঙ্গিত। আপাতদৃষ্টিতে সুন্দর ও স্বাভাবিক সম্পর্কগুলির আড়াল থেকে বেরিয়ে আসতে থাকে চাপা ক্ষোভ, ব্যক্তিগত স্বার্থ এবং দীর্ঘদিনের গোপন সত্য। প্রত্যেকেই যেন নিজের কিছু না কিছু আড়াল করতে মরিয়া।

অভিজিৎ চট্টোপাধ্যায় বলছেন, ‘RSVP Murder’-এর রহস্য, উত্তেজনা আর সম্পর্কের জটিলতা আমাকে আকৃষ্ট করেছে। অর্জুন দত্তের পরিচালনায় এই গল্প পর্দায় তুলে আনতে আমি উচ্ছ্বসিত। SADW-এর মাধ্যমে বাংলা গল্পকে ভাষার সীমানা পেরিয়ে বিশ্বের দর্শকের কাছে পৌঁছে দিতে চাই। এই ছবি সেই স্বপ্নের পথে আরও এক ধাপ।’

অন্যদিকে এই ছবিতে ফের একবার বড়পর্দায় দেখা যাবে প্রীতি সরকারকে। এই নেটপ্রভাবী সোশ্যাল মিডিয়ায় পরিচালিত Preetizen নামেই। এর আগে ওয়েব সিরিজ, শর্ট ফিল্ম এবং সিনেমায় অভিনয় করেছেন প্রীতি।

এই ছবিতে অন্যান্য ভূমিকায় অভিনয় করছেন, শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, মিষ্টু (অভিপ্সা) চট্টোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, লোকনাথ দে, অঙ্কিতা মাঝি, খেয়া চট্টোপাধ্যায়, গৌরব রায়চৌধুরী, প্রীতি সরকার, প্রিয়াঙ্কা গুহ, বৈশাখী রায়, আয়ুষ দাস, রূপালি রাই ভট্টাচার্য, অভিরূপ চক্রবর্তী, মনোজ ওঝা।
Published at : 12 Nov 2026 02:14 PM (IST)
