মুম্বই: বল হাতেই মূলত তাঁকে বেশি পারফর্ম করতে দেখা গিয়েছে। কিন্তু অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ফাইনাল যেন মোহিত উলভাকে নতুন পরিচয় দিয়েছে। একেবারে ফিনিশারের ভূমিকায় অপরাজিত ৪৯ রানের ঝোড়ো ইনিংস খেলে ভারতকে জয় এনে দিয়েছেন টুর্নামেন্টের ফাইনালে। আর পাক বধ করে ভারতের ফাইনালের নায়ক বলছেন তাঁর পছন্দের ২ ক্রিকেটার বিরাট কোহলি ও প্যাট কামিন্স। অর্থাৎ ব্যাটারদের মধ্য়ে প্রাক্তন ভারত অধিনায়ক ও বোলারদের মধ্যে অজি অধিনায়ককেই আদর্শ হিসেবে মেনে চলেন মোহিত উলভা।
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারতকে জয় এনে দেওয়ার পর সাক্ষাৎকারে মোহিত বলেন, ‘ব্যাটিংয়ে আমি বিরাট কোহলিকে খুব পছন্দ করি, আর বোলিংয়ে প্যাট কামিন্সকে। দু’জনেই ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করে গিয়েছেন বছরের পর বছর। আমি ওঁদেরই আদর্শ হিসেবে মেনে চলি।’
উল্লেখ্য, এশিয়া কাপে দারুণ পারফরম্য়ান্সের সুবাদে ইতিমধ্য়েই সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে সৌরাষ্ট্র দলের ডাক পেয়েছেন মোহিত। তিনি বলেন, ‘আমি আমার সিনিয়র দলের সঙ্গে যোগ দিচ্ছি। সৃষ্টিকর্তার কৃপায় সৈয়দ মুস্তাক আলি ট্রফির দলে সুযোগ পেয়েছি। তাই যত দ্রুত সম্ভব সেখানে অভিষেক ঘটাতে চাই। আমি সেখানে নিজের জায়গা তৈরি করতে চাই ও দেখাতে চাই যে আমি খেলার যোগ্য। কারণ সেখানে যত বেশি বছর খেলার সুযোগ পাব, শীর্ষ পর্যায়ের ক্রিকেটে পৌঁছানো আমার জন্য তত সহজ হবে। তাই যত তাড়াতাড়ি সেখানে পৌঁছানো যায়, তত বেশি সময় পাওয়া যাবে, এটাই আমার লক্ষ্য।’
৩৩৯ রান তাড়া করতে নেমে একটা সময়ে ভারতের স্কোর ছিল ২৫২/৮। নিঃসন্দেহে পাহাড়প্রমাণ চাপ ছিল। সেখান থেকে মানাল চৌহানের গুরুত্বপূর্ণ ৪৭ রান ও মোহিতের ২৬ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস। ম্যাচের অভিজ্ঞতা তুলে ধরে মোহিত জানান, চাপের মুখে খেলতেই তিনি সবচেয়ে বেশি ভালবাসেন। এই তরুণ অলরাউন্ডার বলছেন, ‘আমি চাপ পছন্দ করি। যে ম্যাচে দারুণ পরিবেশ থাকে, গ্যালারি ভর্তি দর্শক থাকে, প্রচুর উত্তেজনা থাকে ও প্রতিপক্ষরা আক্রমণাত্মক ক্রিকেট খেল, আমি সেই ম্যাচগুলো উপভোগ করি। যেসব ম্যাচে খুব সহজেই জয় পাওয়া যায়, তেমন একঘেয়ে ম্যাচ আমার ভাল লাগে না।’
নিজের পারফরম্য়ান্স নিয়ে কথা বলতে গিয়ে মোহিত বলছেন, ‘এই প্রথমবার মনে হল যে আমি দেশের জন্য কিছু একটা করেছি। ছোটবেলা থেকেই শুনে আসছি যে সেনাবাহিনীর সদস্যরা দেশের জন্য অনেক কিছু করেন, ডাক্তাররা দেশের জন্য অনেক কিছু করেন। এরপর একদিন শুনলাম ক্রিকেটাররাও দেশের জন্য অনেক কিছু করেন। সেদিনই আমার মনে হয়েছিল, হ্যাঁ, আমিও এই ক্ষেত্রে কিছু করতে পারি ও আমাকে তা করতেই হবে। এরপর এই প্রথমবার দেশের জন্য কিছু করলাম।’
