মুম্বই: ফর্মে ছিলেন। কিন্তু সেই সময়েই আচমকা টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি। এই ফর্ম্য়াটে দশ হাজার রান করার হাতছানিও ছিল। কিন্তু গত বছর ইংল্যান্ড সফরের আগে কোহলির লাল বলের ফর্ম্য়াট থেকে অবসরের সিদ্ধান্ত অবাক করে দিয়েছিল গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের। সেই তালিকায় রয়েছেন কপিল দেবও। এর আগেও বিরাটের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। এবার আরও একবার তা নিয়ে মুখ খুললেন তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। কপিল এমনটাও মনে করছেন যে আজ থেকে দশ বছর পর নিজের সিদ্ধান্তের জন্য় অনুশোচনা হতে পারে বিরাট কোহলির।

বিরাট কোহলির অসাধারণ শারীরিক ফিটনেসের কথা তুলে ধরে কপিল দেব বলেন যে, ‘কোহলির মধ্যে এখনও ২৫ বছর বয়সী একজন অ্যাথলিটের সঙ্গে পাল্লা দেওয়ার মতো স্ট্যামিনা রয়েছে।’ আমার মনে হয় বিরাট কোহলি সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তটি নিয়েছে এটাই যে সে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে অতি দ্রুত। ১০ বছর পর সে তার এই সিদ্ধান্তের জন্য আফসোস করবে। তার অবসর নেওয়া উচিত হয়নি। ফিটনেস কোহলির পক্ষে আছে ও তার ফিটনেস অন্য যে কোনও খেলোয়াড়ের চেয়ে অনেক ভাল। ফিটনেসের দিক থেকে সে ২৫ বছর বয়সি একজন ক্রিকেটারকেও চ্যালেঞ্জ দিতে পারে। রেগে গিয়ে অবসর নেওয়া ঠিক নয়। মহিন্দর অমরনাথের মতো হওয়া উচিত। তিনি বহুবার দল থেকে বাদ পড়েছিলেন, কিন্তু ফিরে এসে সবাইকে ভুল প্রমাণ করেছিলেন।’

কোহলির পাশাপাশি কপিল দেব রোহিত শর্মার কেরিয়ারের গতিপথ নিয়েও কথা বলেছেন। বিরাট কোহলির মতো রোহিতও টেস্ট ও টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পর এখন শুধুমাত্র ভারতের হয়ে ওয়ান ডে আন্তর্জাতিক ম্য়াচ খেলছেন। কিউয়িদের বিরুদ্ধে রোহিতের হতাশাজনক পারফরম্য়ান্সের পর হিটম্য়ানের সাম্প্রতিক ফর্ম নিয়ে প্রশ্ন উঠছে। চার ইনিংসে মাত্র ৩০ রান ঝুলিতে, দু’বার খাতাই খুলতে পারেননি।

কিংবদন্তি ভারতীয় অলরাউন্ডার বলছেন, ‘রোহিত যদি খেলতে পারে, ভাল। আমি বিষয়টি নির্বাচকদের ওপরই ছেড়ে দেব। তাঁরা যদি সিদ্ধান্ত নেন যে রোহিতের সময় শেষ হয়ে গেছে, তবে তাই। এটি সম্পূর্ণ নির্বাচকদের বিষয়। খেলার ভালর জন্য, দেশের ভালর জন্য যেটা করা উচিৎ, সেটাই করা হোক। রোহিত দেশের জন্য অনেক কিছু করেছে। ভারতীয় ক্রিকেটের জন্য অনেক কিছু করেছে। কিন্তু কেউই সারাজীবন থাকে না। সুনীল গাওস্কর, সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলে, রবিচন্দ্রন অশ্বিন, এম এস ধোনি প্রত্যেকেই বিদায় নিয়েছেন। একদিন তো সবাইকে ছেড়ে যেতেই হয়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *