ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর।। রাজকোটের সানোসারা ক্রিকেট গ্রাউন্ড এ-তে অনুষ্ঠিত মহিলা অনূর্ধ্ব-২৩ টি-টোয়েন্টি ট্রফির (এলিট) ম্যাচে মুম্বাইয়ের কাছে ৭৬ রানে পরাজিত হয়ে টানা চতুর্থ হারের মুখে পড়েছে ত্রিপুরা দল।

প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৮ রান তোলে, যেখানে হার্লে গালা সর্বোচ্চ ৪৪ রান (৩৬ বলে ৫টি চার) এবং নীলাক্ষী আশিস তালাতি অপরাজিত ৩৩ রান (৩৯ বলে) করেন। ত্রিপুরার হয়ে মমিতা দেব (২/২৩), অম্বেশা দাস (২/২১) ও অস্মিতা দাস (২/২১) দুটি করে উইকেট এবং রুমা দাস (১/১৩) একটি উইকেট শিকার করেন। জবাবে ব্যাট করতে নেমে মুম্বাইয়ের বোলিং তোপে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৫২ রানেই গুটিয়ে যায় ত্রিপুরা; ত্রিপুরার পক্ষে অস্মিতা দাস সর্বোচ্চ ১৬ রান (৩৮ বলে) করলেও বাকি ব্যাটাররা কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

মুম্বাইয়ের জিল ডি’মেলো মাত্র ৫ রানে ৩ উইকেট তুলে নেন এবং অশ্বিনী নিশাদ ২টি উইকেট পান। এই পরাজয়ের ফলে টুর্নামেন্টে ত্রিপুরার ব্যর্থতার ধারা আরও দীর্ঘায়িত হলো—এর আগে প্রথম ম্যাচে আসামের কাছে ৮ উইকেটে, দ্বিতীয় ম্যাচে অন্ধ্রের কাছে ১১১ রানে এবং তৃতীয় ম্যাচে হিমাচল প্রদেশের কাছে ৭ উইকেটে হেরেছিল তারা। টানা চার হারে এবার ত্রিপুরা দলের প্লেট গ্রুপে অবনমনের শঙ্কা তৈরি হয়েছে।

পঞ্চম তথা গ্রুপ পর্বের অন্তিম ম্যাচে ত্রিপুরার সামনে কঠিন প্রতিপক্ষ উড়িষ্যা, যারা চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। এদিকে গ্রুপের অন্যান্য ম্যাচেও উত্তেজনার ছাপ দেখা গেছে—অন্ধ্রপ্রদেশ রোমাঞ্চকরভাবে শেষ বলে উড়িষ্যাকে হারিয়ে টানা জয়ের ধারা বজায় রেখে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে। এছাড়া, অপর ম্যাচে হিমাচল প্রদেশ ৮ উইকেটের বড় ব্যবধানে আসামকে পরাজিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *