PM Narendra Modi: AI কি কেড়ে নেবে চাকরি? এবার বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit: PTI

লখনউ: কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর দাপটে কি চাকরি হারাবেন মানুষ? প্রযুক্তির দ্রুত উন্নতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এই আশঙ্কা। বিভিন্ন ক্ষেত্রে AI-এর ব্যবহার বাড়ায় কর্মসংস্থানের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ। তবে এই আশঙ্কার মাঝেই অন্য বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, যাঁদের হাতে কাজের দক্ষতা রয়েছে, প্রযুক্তির উন্নতি হলেও তাঁদের চাকরি কেড়ে নেওয়া সম্ভব নয়।

শনিবার লখনউয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে AI-এর কারণে চাকরি হারানোর আশঙ্কা নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা চাকরি কেড়ে নেবে, এমন আশঙ্কায় তরুণদের উদ্বিগ্ন না হয়ে বরং নিজেদের দক্ষতা ও পেশাগত প্রশিক্ষণের উপর জোর দেওয়া উচিত।

মোদী বলেন, “বর্তমান আধুনিক যুগে AI নিয়ে সর্বত্র আলোচনা চলছে। অনেকে বলছেন, AI এই কাজ করবে, সেই কাজ করবে, কারও চাকরি কেড়ে নেবে। কিন্তু একটা বিষয় খুব ভালভাবে বুঝে নিন, যে ব্যক্তির হাতে দক্ষতা রয়েছে, তাঁর চাকরি কেউ কেড়ে নিতে পারবে না।”

প্রসঙ্গত, বিভিন্ন ক্ষেত্রে জেনারেটিভ AI এবং অটোমেশনের ব্যবহার ক্রমশ বাড়ছে। উৎপাদনশীলতা বৃদ্ধি এবং পরিচালন খরচ কমাতে প্রযুক্তির উপর নির্ভরতা বাড়াচ্ছে একাধিক সংস্থা। ফলে আগামী দিনে চাকরির বাজারে AI-এর প্রভাব কতটা পড়বে, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে শুধু ডিগ্রি বা শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে থাকলে চলবে না বলেও বার্তা দেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, বদলে যাওয়া চাকরির বাজারে একজন কর্মীর মূল্য নির্ধারিত হবে তিনি বাস্তবে কতটা দক্ষতার সঙ্গে কাজ করতে পারছেন, তার উপর। অর্থাৎ, ডিগ্রির পাশাপাশি হাতে-কলমে কাজের দক্ষতা থাকাও অত্যন্ত জরুরি।

এদিন বৃত্তিমূলক শিক্ষা এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (ITI)-এর গুরুত্বের কথাও তুলে ধরেন মোদী। দক্ষ কর্মী তৈরির মাধ্যমে ভারতকে বিশ্বের অন্যতম স্কিলড ম্যানপাওয়ার হাবে পরিণত করার লক্ষ্যের কথাও উল্লেখ করেন তিনি। কোভিড প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, “সেই কঠিন সময়েও দক্ষ কর্মীরাই জরুরি পরিষেবা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সচল রাখতে বড় ভূমিকা নিয়েছিলেন।”

প্রধানমন্ত্রীর এই বক্তব্যে কর্মসংস্থানমুখী শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং কর্মীদের দক্ষতা বৃদ্ধির উপর কেন্দ্রের গুরুত্ব আরও একবার স্পষ্ট হয়েছে। AI-এর ব্যবহার যত বাড়বে, ততই নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা বাড়ানো প্রয়োজন। প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে কর্মসংস্থানের সুযোগ ধরে রাখতে নিয়মিত প্রশিক্ষণ এবং নতুন দক্ষতা অর্জনই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে বার্তা প্রধানমন্ত্রীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *