Last Updated:
Bengal History: ইতিহাসের ধুলো ঝেড়ে ৯৫ বছর পর দাঁতনে ফিরে এল দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের সেই অগ্নিগর্ভ দিন! শতাব্দীপ্রাচীন পত্রিকার পাতা ঘেঁটে উদ্ধার হল ঐতিহাসিক দলিল।
দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: ইতিহাসের ধুলো ঝেড়ে নতুন আলো, ৯৫ বছর পর দাঁতনে ফিরল দেশপ্রাণের সেই অগ্নিগর্ভ দিন। ক্যালেন্ডারের পাতায় দিনটা ছিল ১৯৩১ সালের ১৫ নভেম্বর। বাংলা ভাষা ও বাঙালি অস্মিতা রক্ষার ডাক দিয়ে ওড়িশা সীমান্তবর্তী দাঁতনের কালীচণ্ডীর মাঠে পা রেখেছিলেন দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল। তাঁর সেই অগ্নিগর্ভ ভাষণ সেদিন জাগিয়ে তুলেছিল গোটা জনপদকে। সময়ের স্রোতে ঐতিহাসিক সেই দিনটির নির্দিষ্ট তারিখ হারিয়ে গিয়েছিল বিস্মৃতির অতলে। অবশেষে ৯৫ বছর পর শতাব্দীপ্রাচীন সংবাদপত্রের পাতা ঘেঁটে উদ্ধার হল সেই দুষ্প্রাপ্য দলিল। সেই সূত্র ধরেই ‘দণ্ডভুক্তি অ্যাকাডেমি রিসার্চ ফাউন্ডেশন’-এর উদ্যোগে প্রথম বারের মতো আবেগঘন স্মরণ সমারোহে মেতে উঠল দাঁতন।
ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায়, তিরিশের দশকে কথ্যভাষা ও লোকসংস্কৃতির দোহাই দিয়ে অবিভক্ত মেদিনীপুরের দাঁতন, কাঁথি, মোহনপুর, কেশিয়াড়ি ও গোপীবল্লভপুরকে ওড়িশার সঙ্গে জুড়ে দেওয়ার জোরালো দাবি উঠেছিল। তা কার্যকর হলে সুবর্ণরেখা নদী তীরবর্তী বর্তমান পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকা চলে যেত ওড়িশার অধীনে এবং এই অঞ্চলের ভাষা হয়ে যেত ওড়িয়া। ওড়িয়া পক্ষের আইনজীবী ভাগবত চন্দ্র দাস ও গোদাবরীশ মিশ্রদের সেই দাবির বিরুদ্ধেই গর্জে উঠেছিলেন স্বয়ং বীরেন্দ্রনাথ। তাঁর নেতৃত্বে ‘মেদিনীপুর ব্যবচ্ছেদ বিরোধী আন্দোলন’ তীব্র আকার নেয়। শেষমেশ ১৯৩৬ সালে ব্রিটিশ সরকার সাইমন ও’ডোনেল কমিশনের সুপারিশ মেনে সুবর্ণরেখা নদীকেই বাংলা ও ওড়িশার প্রাকৃতিক সীমানা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়।
বীরেন্দ্রনাথের দাঁতন আগমনের এই নির্দিষ্ট তারিখটি এত দিন ইতিহাসে অনুল্লেখিতই ছিল। আয়োজক সংস্থার সম্পাদক তথা আঞ্চলিক ইতিহাস গবেষক সন্তু জানা প্রায় সাড়ে পাঁচ হাজার প্রাচীন ‘নীহার’ পত্রিকা অনুসন্ধান করে ইতিহাসের এই হারানো অধ্যায়টি সামনে এনেছেন। সেই দিনের আবেগ ফেরাতে সভাস্থল সেজে উঠেছিল বাংলা ভাষার মর্যাদা রক্ষার নানা রঙিন ফেস্টুন ও পোস্টারে। শিল্পী বরুণ সাহুর বিশাল ক্যানভাসে আঁকা সেই ঐতিহাসিক জনসভার কল্পিত চিত্র যেন জীবন্ত করে তুলেছিল নব্বই দশক আগের সেই মুহূর্তকে।
তিন ঘণ্টার এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রকাশিত হয় ঐতিহাসিক তথ্যসমৃদ্ধ বুলেটিন ‘বৈঠক’। প্রথম বীরেন্দ্রনাথ শাসমল স্মারক বক্তৃতায় ইতিহাসের নানা অজানা দিক তুলে ধরেন গবেষক ভাস্করব্রত পতি। অনুষ্ঠানে বেলদা কলেজের অধ্যক্ষ চন্দ্রশেখর হাজরা, দাঁতন মানব কল্যাণ কেন্দ্রের সম্পাদক শুভাশিস মেইকাপ, অধ্যাপক সৌমিত্র বেরা, সিদ্ধার্থ শঙ্কর মিশ্র ও বিশ্বজিৎ পাল-সহ দাঁতন, বেলদা, কাঁথি ও গোপীবল্লভপুরের বহু বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন। আয়োজক সংস্থার সভাপতি অনিল কুমার দাস এবং সহ-সভাপতি উজ্জ্বল মাইতি ও ঝন্টু দাস সকলকে স্বাগত জানান।
