দুবাই: আইসিসির(ICC Ranking) নতুন প্রকাশিত ক্রমতালিকায় টেস্টে বােলারদের তালিকায় সবার ওপরে উঠে এলেন মিচেল স্টার্ক(Mitchell Starc)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্য়ান্সের পুরস্কার হিসেবে আইসিসি টেস্টে বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করে নিলেন অজি পেসার। এদিকে, বুধবার প্রকাশিত সর্বশেষ টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্য়ে ভারত অধিনায়ক শ্রেয়াস আইয়ার দু’ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন। ভারতীয়দের মধ্য়ে শ্রেয়সই ক্রমতালিকায় এগিয়েছেন।
কেপটাউনে অনুষ্ঠিত তিন ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্য়াচে ৯ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়েনসেনকে টপকে এক ধাপ ওপরে উঠে আসেন স্টার্ক। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার ৮৮১ রেটিং অর্জন করেছেন। যা তাঁর টেস্ট কেরিয়ারের সেরা রেটিং। গত আগস্ট মাসে বুমরাহকে সরিয়ে প্রথমবারের জন্য টেস্টে বোলারদের তালিকায় সবার ওপরে উঠে এসেছিলেন স্টার্ক। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৬ উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে শীর্ষে উঠে আসেন মার্কো ইয়েনসেন। কেপটাউন টেস্টে প্রোটিয়া পেসার ঝুলিতে ৩ উইকেটের বেশি তুলতে পারেননি। যার ফলে স্টার্ক ফের সিংহাসনে উঠে আসেন। বুমরা নেমে গিয়েছেন পাঁচ নম্বরে। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ২ ম্য়াচের টেস্ট সিরিজে নিজের পারফরম্য়ান্সের মাধ্যমে ফের ক্রমতালিকায় ওপরে ওঠার জায়গা করতে পারবেন বুমরা।
নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক সাইমন হারমার এই তালিকায় অনেকটাই এগিয়েছেন। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ছয়টি উইকেট নিয়ে তিনি দলকে জয় ও সিরিজ এনে দেন। এই অফস্পিনার নয় ধাপ লাফিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন। তাঁর পরেই আছেন কাগিসো রাবাডা। টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১১ নম্বরে উঠে এসেছেন মারক্রাম। মুল্ডার সাত ধাপ এগিয়ে পৌঁছেছেন ১৭ নম্বরে।
টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডে ভারতের সিরিজ জয়ের পর ব্যাটারদের তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছে শ্রেয়স আইয়ারের নাম। নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসও টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে ১৩ ধাপ এগিয়ে ২৪তম স্থানে পৌঁছেছেন। টি টোয়েন্টি বোলারদের মধ্যে নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন ও জেকব ডাফি ২৩ ধাপের এক বিশাল লাফ দিয়ে ২৩ নম্বরে পৌঁছেছেন।
