ভয়, শক্তি, সৌন্দর্য আর রাজকীয় উপস্থিতি—একই শরীরে। আজকের দিনেই, ১৯৭২ সালের ১৮ নভেম্বর, ভারতের জাতীয় পশু হিসেবে স্বীকৃতি পেয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার। সিংহের পরিবর্তে বাঘকে জাতীয় পশুর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত বদলে দিয়েছিল ভারতের বন্যপ্রাণ সংরক্ষণের ইতিহাস।
এক লাফে পেরিয়ে যেতে পারে বিশাল দূরত্ব! এক নিমেষে শিকারকে কাবু করার ক্ষমতা! আর তার রাজকীয় উপস্থিতিতে কেঁপে ওঠে জঙ্গল! সে আর কেউ নয়, ভারতের গর্ব—রয়্যাল বেঙ্গল টাইগার! আজ ১৮ নভেম্বর। ১৯৭২ সালের এই দিনেই ভারতীয় বন্যপ্রাণী বোর্ড রয়্যাল বেঙ্গল টাইগারকে দেশের জাতীয় পশু হিসেবে ঘোষণা করে। এইদিনই জাতীয় পশুর তকমা হারিয়েছিল সিংহ। কারণ তার আগে ২০০ বছর ধরে সিংহই ছিল এদেশের জাতীয় পশু।

কিন্তু কেন সিংহের পরিবর্তে বাঘ?
বাঘের অসাধারণ শক্তি, ক্ষিপ্রতা, সৌন্দর্য এবং বিশাল বিস্তৃতি—এই সমস্ত বৈশিষ্ট্যই তাকে জাতীয় পশু হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। দেশের ১৬ থেকে ১৭টি রাজ্যে বাঘের উপস্থিতি ছিল এই সিদ্ধান্তের অন্যতম কারণ।
তবে এই স্বীকৃতির পিছনে ছিল এক গভীর উদ্বেগও। উনিশ শতকের শেষভাগে ভারতের জঙ্গলে হাজার হাজার বাঘের বিচরণ ছিল। কিন্তু নির্বিচারে শিকার, চোরাশিকার এবং জঙ্গল ধ্বংসের কারণে ক্রমশ কমতে থাকে বাঘের সংখ্যা।

(Image: Instagram/@kaziranga_nationl_park_safari)
১৯৬৯ সালে বাঘের অস্তিত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা আরও স্পষ্ট হয়ে ওঠে। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি বাঘ সংরক্ষণে উদ্যোগী হন। ১৯৬৯ সালে বাঘের চামড়া রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ১৯৭১ সালে গঠন করা হয় টাইগার টাস্ক ফোর্স।
ততদিনে ভারতে বাঘের সংখ্যা নেমে এসেছে মাত্র প্রায় ১,৮০০-তে! এই পরিস্থিতিতে ১৯৭২ সালের ১৮ নভেম্বর বাঘকে জাতীয় পশুর মর্যাদা দেওয়ার পাশাপাশি শুরু হয় প্রজাতিটিকে বিলুপ্তির হাত থেকে বাঁচানোর বৃহত্তর উদ্যোগ। এর পরের বছর, অর্থাৎ ১৯৭৩ সালের এপ্রিল মাসে উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যান থেকে শুরু হয় ঐতিহাসিক প্রজেক্ট টাইগার। বিশ্বের অন্যতম বৃহৎ বাঘ সংরক্ষণ কর্মসূচি। প্রথম পর্যায়ে দেশের ন’টি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়। বাঘের নিরাপত্তায় নিয়োগ করা হয় বিশেষ রক্ষী। বাঘের স্বাভাবিক বিচরণক্ষেত্র সংরক্ষণে শুরু হয় একাধিক উদ্যোগ। তার ফলও মিলতে শুরু করে। ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর সময় ভারতে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল প্রায় ৪,০০০।
আজ বিশ্বের মোট বাঘের প্রায় ৭০ শতাংশের বাস এই ভারতেই। তবে লড়াই এখনও শেষ হয়নি। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা বা IUCN-এর লাল তালিকায় বাঘ এখনও বিপন্ন প্রজাতি হিসেবে চিহ্নিত।
ভারতের জাতীয় পশু শুধু শক্তির প্রতীক নয়, এটি দেশের জীববৈচিত্র্য, প্রাকৃতিক ঐতিহ্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষারও প্রতীক।
একসময় যে বাঘের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়েছিল, সংরক্ষণের উদ্যোগে আজ সেই বাঘই ভারতের গর্ব। বাঘ বাঁচলে বাঁচবে জঙ্গল। আর জঙ্গল বাঁচলেই বাঁচবে আমাদের পরিবেশ, আমাদের ভবিষ্যৎ।
