নয়াদিল্লি: মানুষের জীবনে কখন যে কী হয়ে যায়, তা সত্যিই বলা সম্ভব নয়। এই বছরের কমনওয়েলথ গেমসে ভারত্তোলনে সোনা জিতেছিলেন। কিন্তু কয়েক মাসের মধ্য়ে জীবনে যে যেত বড় ধাক্কা খেতে হবে, তা জানতেন না মালয়েশিয়ার ক্রীড়াবিদ মহম্মদ হাফিজুদ্দিন রোসলিন। একটু গুরুতর বাইক দুর্ঘটনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। যার জন্য শেষ পর্যন্ত কনুইয়ের ওপর থেকে হাত কেটে ফেলতে হয়েছে। ২১ বছর বয়সী এই ক্রীড়াবিদ এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক পরিস্থিতি এখন স্থিতিশীল থাকলেও নিশ্চিতভাবেই ক্রীড়াজীবনে বড় প্রভাব পড়ে গেল হাফিজুদ্দিনের।
ঠিক কী হয়েছিল?
সূত্রের খবর, গত ১৬ নভেম্বর মালয়েশিয়ার সুঙ্গাই বেসি-উলু কেলাং এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে যাওয়ার সময় হাফিজুদ্দিন এই দুর্ঘটনার কবলে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে কুয়ালালামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, মঙ্গলবার চিকিৎসকরা সাত ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার করেও তাঁর ডান হাতটি বাঁচাতে পারেননি। মালয়েশিয়া ভারোত্তোলন ফেডারেশনের সভাপতি আয়ুব রহমত বার্তা সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন যে, ‘তরুণ অ্যাথলিটের অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে এটি আকস্মিক আঘাত ও অপূরণীয় ক্ষতি।’
উল্লেখ্য, গত গ্লাসগো কমনওয়েলথ গেমসে ৮৮ কেজি বিভাগে ভারত্তোলনে প্রতিদ্বন্দ্বীতা করে সোনা জিতেছিলেন হাফিজুদ্দিন। সেই বিভাগে মোট ৩৪৫ কেজি (স্ন্যাচ ১৬২ কেজি ও ক্লিন অ্যান্ড জার্ক ১৮৩ কেজি) তুলে নতুন গেমস ও জাতীয় রেকর্ডসহ স্বর্ণপদক জেতেন। ২০২৮ লস এঞ্জেলস অলিম্পিক্সের মঞ্চেও পদক জয়ের অন্য়তম দাবিদার হিসেবে মনে করা হচ্ছিল রোসলিনকে। কিন্তু আচমকাই এই ধাক্কা! হাফিজুদ্দিনের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য নিশ্চিত করতে এগিয়ে এসেছে মালয়েশিয়া সরকার। যুব ও ক্রীড়ামন্ত্রী তৌফিক জোহারি নিশ্চিত করেছেন যে কুয়ালালামপুর হাসপাতালে তাঁর চিকিৎসার সমস্ত খরচ ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের মাধ্যমে বহন করা হবে। রহমত ইঙ্গিত দিয়েছেন যে হাফিজুদ্দিন যদি আর প্রতিযোগিতায় ফিরতে না পারেন, তবে তাঁকে ভারোত্তোলনের সঙ্গে যুক্ত রাখার উপায় নিয়ে ফেডারেশন চিন্তাভাবনা করছে। তিনি একইসঙ্গে এটাও বলেছেন যে, ‘ভবিষ্যতে ভারোত্তোলনে কোচিংয়ের ভূমিকার মতো কোনোভাবে তাঁকে এই খেলার সঙ্গে যুক্ত রাখা যায় কি না, আমরা তা নিয়ে ইতিমধ্যেই ভাবছি।’ তবে আপাতত দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে কতটা ফিরতে পারেন হাফিজুদ্দিন, সেদিকেই তাকিয়ে মালয়েশিয়া ক্রীড়ামন্ত্রক, তাঁর পাশে সবসময় থাকার বার্তা দিয়েছে সরকার।
