করাচি: আইপিএল বছরের যে সময় শুরু হয়, সেই সময়েই আয়োজিত হয় পাকিস্তানে পিএসএলে। আগে অন্য় সময়ে এই টুর্নামেন্টটি হলেও, গত ২ বছর ধরে আইপিএলের সময়ই এই টুর্নামেন্ট আয়োজন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মূলত আইপিএলের সঙ্গে প্রতিযোগিতার লক্ষ্য নিয়েই এই টুর্নামেন্ট শুরু করা হলেও তার ব্যবসায়িক ও বাণিজ্যিক মূল্যের দিক দিয়ে বিরাট ব্যবধান, তা সর্বজনবিদিত।
পাকিস্তান ক্রিকেট দলের কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মালিক নাদিম ওমর মেনে নিয়েছেন যে বাণিজ্যিক দিক থেকে পিএসএল কখনোই আইপিএলের সমকক্ষ হতে পারবে না ও তিনি তার ফ্র্যাঞ্চাইজি বিক্রি করে দেওয়ার বিষয়ে আগ্রহী বলে জানিয়েছেন। ওমর বলেন, ‘আমরা আইপিএলের বাজারের সাথে প্রতিযোগিতা করতে পারব না। ভারতের তুলনায় আমাদের বাজার বেশ সীমিত। আইপিএলে যে মাপের বিনিয়োগ দেখা যায়, পিএসএলে সেই মাপের বিনিয়োগ করার মতো স্পনসর আমাদের নেই।’ আইপিএলের বহুমুখি আয়ের উৎসগুলোর কথাও তুলে ধরেন এবং ব্যাখ্যা করেন যে লিগটি সম্প্রচার স্বত্ব, টিকিট বিক্রি এবং মার্চেন্ডাইজ (জার্সি ও অন্যান্য স্মারক পণ্য) থেকে বিশাল অঙ্কের অর্থ উপার্জন করে। তার মতে, এই বাণিজ্যিক সুযোগগুলো আইপিএলকে পিএসএলের চেয়ে অনেক এগিয়ে রেখেছে।
উল্লেখ্যস, Mint-র রিপোর্ট অনুযায়ী বিসিসিআই নাকি ২০২৮ সাল থেকে আইপিএলে অন্তত আরও দুই ফ্র্যাঞ্চাইজ়ি যুক্ত করার কথা ভাবছে। এই বিষয়ে আলাপ আলোচনা একেবারেই প্রাথমিক পর্যায়ে চলছে এবং পুণে এবং বঢোদরা দুই নতুন আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ি পেতে পারে বলে দাবি করা হচ্ছিল। এই ফ্র্যাঞ্চাইজ়ির সংখ্যা বাড়ানোর সালটি আইপিএলের নতুন মিডিয়া স্বত্ব বিক্রির সাইকেলের শুরুতেই হতে পারে বলেই সেই রিপোর্ট বলছিল। তবে এই দাবি সম্পূর্ণ নস্যাৎ করে দিলেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।
দেবজিতের দাবি ১০ থেকে বাড়িয়ে আইপিএলের দলের সংখ্যা ১২ করার বিষয়ে মৌখিকভাবেও কোনও আলোচনা হয়নি। সম্পূর্ণ ভুয়ো খবর প্রচার করা হচ্ছে বলে জানিয়ে তিনি PTI-কে বলেন, ‘আমরা সরকারি বা মৌখিক, কোনওভাবেই ২০২৮ সাল থেকে ১২ দলের আইপিএল নিয়ে আলোচনা করিনি। বর্তমানে আমাদের কাজে এই সুযোগটা নেই। আমরা আপাতত ২০২৭ সালের আইপিএল নিয়ে ব্যস্ত, যেটা আবার আইপিএলের ২০তম সংস্করণও বটে। সেটা বেশ বড় বিষয়। আমরা আপাতত এই নিয়ে চিন্তাভাবনা করছি এবং তার পরের কোনওকিছু নিয়ে ভাবছি না।’
