কলকাতা: বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন তিনি। ওষুধ খেয়েই ধারাবাহিকের শ্যুটিং চালিয়ে যাচ্ছিলেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও করে তিনি সেই কথাও জানিয়েছিলেন। তবে দীপাবলির দিন, শরীরের অবস্থা আরও খারাপ হওয়ায়, হাসপাতালে ভর্তি হতে হল অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)-কে। ওষুধ খেয়ে শ্যুটিং চালিয়ে গেলেও, গত ৩দিন ধরে তিনি কাজ করতে পারছিলেন না। বাড়িতেই বিশ্রামে ছিলেন। তবে শারীরিক অবস্থার অবণতি হওয়ায়, কালীপুজোর দিনেই হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। বিভিন্ন পরীক্ষানিরীক্ষাও চলে। অনুরাগীরা উদ্বিগ্ন ছিল জানতে যে, ঠিক কোন সমস্যায় ভুগছেন রণজয়? কালীপুজোর পরের দিন জানা গেল, ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন রণজয়। আজই তাঁর পরীক্ষার রিপোর্ট এসেছে এবং তাতেই এই সমস্যা ধরা পড়েছে।
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয়?
সোশ্যাল মিডিয়ায় হাসপাতালে ভর্তি হওয়ার কথা নিজেই জানিয়েছিলেন রণজয়। তারপর থেকেই উদ্বিগ্ন হয়েছেন তাঁর অনুরাগীরা। রণজয় যে ছবিটি শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে তাঁর নাকে অক্সিজেনের নল। গায়ে হাসপাতালের জামা। তাঁর কী সমস্যা হয়েছে সেই কথা বিস্তারিত লেখেননি রণজয়। অভিনেতার টিমের তরফ থেকে এবিপি লাইভ বাংলাকে (ABP Live Bangla) জানানো হয়েছে, রণজয়ের ডেঙ্গি হয়েছে। গতকাল হাসপাতালে ভর্তি হওয়ার পরে তাঁর একাধিক পরীক্ষা হয়েছিল। আজ সেই পরীক্ষার রিপোর্ট এসেছে। সেখানে দেখা গিয়েছে, ডেঙ্গি হয়েছে তাঁর। প্রয়োজনমতো চিকিৎসা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তবে রণজয় আপাতত ভীষণ দুর্বল। আজ সকালেও জ্বর ছিল তাঁর, পাশাপাশি রয়েছে দুর্বলতাও। আজ সন্ধেয় আরও কিছু পরীক্ষা হবে তাঁর। পাশাপাশি একাধিক ওষুধ দেওয়া হয়েছে তাঁকে। সেই সমস্ত ওষুধে তাঁর শরীরে কেমন প্রতিক্রিয়া হচ্ছে, সেটা দেখে তারপরেই হাসপাতাল থেকে ছাড়ার ভাবনাচিন্তা করা হবে তাঁকে। তবে আপাতত বিশ্রামেই থাকতে হবে রণজয়কে।
গতকালই সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেন রণজয়। সেখানে তিনি জানান যে, তাঁর ভাগ্নী তাঁকে একটি চিঠি পাঠিয়েছে। সেখানে রয়েছে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার বার্তা। পাশাপাশি রণজয় জানিয়েছিলেন, জ্বর ছাড়াও তাঁর শ্বাসকষ্ট সংক্রান্ত সমস্যাও রয়েছে। অনুরাগীরা চাইছেন, তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। ফের তাঁকে পর্দায় দেখতে উৎসুক দর্শক।
আরও পড়ুন: Big Boss Bangla: ঘরের দেওয়ালে লেখা সমস্ত ‘স্মৃতি’ মুছে ফেললেন রাজবীর! ফের নতুন বিতর্ক বিগ বসে
