প্রতিনিধি, কল্যাণপুর: নারীর অধিকার, স্বাস্থ্য, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা রক্ষার বার্তা নিয়ে কল্যাণপুরে অনুষ্ঠিত হলো বিশেষ সচেতনতামূলক কর্মসূচি। কল্যাণপুর আর.ডি. ব্লকের উদ্যোগে এবং ত্রিপুরা মহিলা কমিশনের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে র‍্যালির মাধ্যমে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা চক্র অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলা শাসক রজত পন্থ, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝরনা দেববর্মা, কয় জেলার অতিরিক্ত জেলাশাসক এবং সমাহর্তা অভেদানন্দ বৈদ্য, ব্লকের বিডিও রাজিব ভট্টাচার্য সহ বিভিন্ন প্রশাসনের আধিকারিক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। আলোচনায় নারীদের স্বাস্থ্য সমস্যা, মানব পাচার, সাইবার নিরাপত্তা, কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ আইন এবং গার্হস্থ্য হিংসা প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

জেলা শাসক, মহিলা কমিশনের চেয়ারপারসন সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের বক্তব্যে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে এ ধরনের কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। নারীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া, অন্যায়ের বিরুদ্ধে সরব হওয়া এবং আইনি সুরক্ষার সুযোগ গ্রহণের বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

উল্লেখ্য, এই কর্মসূচিতে স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধি, অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস কর্মীদেরও যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। মূলত গ্রামীণ স্তরে নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *