মেলবোর্ন: বুধবার মহিলাদের বিগ ব্যাশ লিগে (WBBL) মেলবোর্ন রেনেগেডস ও ব্রিসবেন হিটের ম্যাচে ঘটন বেনজির কাণ্ড। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার টাইমড আউট হলেন কোনও ক্রিকেটার। পুরুষ ও মহিলা – দুই বিভাগ মিলিয়েই এই প্রথম এমন ঘটনা ঘটল।
রেনেগেডসের ক্রিকেটার, ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটার দিয়ান্দ্রা ডটিন এই বেনজির ঘটনার অন্যতম চরিত্র। কারণ, টাইমড আউট হলেন ডটিনই।
ঠিক কী হয়েছে? ২০২১-২২ মরশুমে বিগ ব্যাশে একটি অভিনব নিয়ম চালু হয়েছিল। সেই নিয়ম অনুযায়ী, কোনও ব্যাটার ক্রিজে আসতে দেরি করলে তিনি পরের বলটি খেলতে পারবেন না। পরিবর্তে বোলার স্টাম্প লক্ষ্য করে সরাসরি বল করার সুযোগ পাবেন। বোলার সেই বল স্টাম্পে লাগাতে পারলে আউট হবেন ব্যাটার। সেই নিয়মে প্রথমবার আউট হলেন দিয়ান্দ্রা ডটিন।
নিয়মটি কী?
নিয়ম অনুযায়ী, কোনও ব্যাটার আউট হওয়ার পর নতুন ব্যাটার যদি পরের বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে ৭৫ সেকেন্ডের বেশি সময় নেন, তাহলে তাঁকে ক্রিজে আসতে দেরি করেছেন বলে গণ্য করা হবে। সেক্ষেত্রে বোলার স্টাম্প লক্ষ্য করে সরাসরি বল করার সুযোগ পাবে। ব্যাটারকে স্টাম্প থেকে পাঁচ মিটার দূরে দাঁড়িয়ে থাকতে হবে এবং তিনি সেই বল খেলতে পারবেন না। বোলার যদি স্টাম্পে বল লাগাতে পারেন, তাহলে ব্যাটার আউট হয়ে যাবেন। অনেকটা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শুরুর দিকে ম্যাচ টাই হলে যেভাবে বোল আউট করা হতো।
ঠিক কী ঘটেছিল?
বুধবার ছয় নম্বরে ব্যাট করতে নামেন ডটিন। কিন্তু ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হতে তাঁর বেশ কিছুটা সময় লেগে যায়। আম্পায়াররা নিজেদের মধ্যে আলোচনার পরে সিদ্ধান্ত নেন যে, ডটিন ৭৫ সেকেন্ডের বেশি সময় নিয়েছেন। এরপর তাঁকে পরের বলের জন্য ক্রিজ থেকে দূরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়। ব্রিসবেন হিটের বোলার সারা গ্লেন রান আপ ধরে দৌড়ে এসে বল করে স্টাম্প ভেঙে দেন। ফলে আউট হয়ে যান ডটিন।
ONE OF THE RARE DISMISSAL IN CRICKET HISTORY 🤯 Deandra Dottin was late to arrive in the middle so Sarah Glenn got a free delivery to dismiss her by hitting the stumps as per rule & Dottin is gone. ❌ https://t.co/LYEoAj1jnp
— Johns. (@CricCrazyJohns) November 25, 2026
স্কোরকার্ডে ডটিনের নামের পাশে একটি বল খেলার উল্লেখ রয়েছে। পাশাপাশি স্কোরবোর্ডে তাঁকে সারা গ্লেনের বলে বোল্ড আউট দেখানো হয়।নতুন নিয়ম চালু হওয়ার পর বিগ ব্যাশের ইতিহাসে এই প্রথম কোনও ক্রিকেটার টাইমড আউট হলেন।
তবে মেলবোর্ন রেনেগেডসের জন্য স্বস্তির খবর, শেষ পর্যন্ত ম্যাচ জিতেই মাঠ ছাড়ে তারা। লো স্কোরিং ম্যাচে ১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ বলে জয় তুলে নেয় রেনেগেডস।
