১,৪০০ বছরের জীবনের অঙ্কটা কী?

অধ্যাপক নিক বোস্ট্রম সম্প্রতি একটি পডকাস্টে সুপারইন্টেলিজেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)-এর সম্ভাব্য সুফল নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘‘আপনি যদি ভাবেন, বার্ধক্য না এলে আমাদের আয়ু কত হতে পারে, তা হলে হিসেবটা প্রায় ১,২০০ থেকে ১,৪০০ বছরের কাছাকাছি দাঁড়ায়।’’ ২০২৬ সালে প্রকাশিত তাঁর ওয়ার্কিং পেপার ‘Optimal Timing for Superintelligence’-এ এই ধারণার পিছনের অঙ্কটি ব্যাখ্যা করেছেন তিনি। তাঁর যুক্তি, বিজ্ঞানীরা যদি বয়স বাড়ার জৈবিক প্রক্রিয়া থামাতে সফল হন, তা হলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের যে সমস্ত বিপদের মুখোমুখি হতে হয়, সেগুলির অনেকটাই এড়ানো সম্ভব হবে।

আসলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের কোষ এবং কলাগুলির ক্ষয় হতে শুরু করে। শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলির কার্যক্ষমতাও দুর্বল হয়ে পড়ে এবং একাধিক গুরুতর রোগের ঝুঁকি বেড়ে যায়। এই পরিবর্তনগুলি যদি থামিয়ে দেওয়া যায় অথবা ধারাবাহিকভাবে মেরামত করা সম্ভব হয়, তা হলে মানুষের মৃত্যুর বার্ষিক ঝুঁকি কমবয়সি সুস্থ ব্যক্তির স্তরের কাছাকাছি বজায় থাকতে পারে।

নিক বোসট্রম উন্নত দেশগুলিতে ২০ থেকে ২৫ বছর বয়সি সুস্থ মানুষের মৃত্যুহারকে এই হিসেবের ভিত্তি হিসেবে ধরেছেন। তাঁর মতে, এই বয়সের মানুষের ক্ষেত্রে বার্ষিক মৃত্যুর ঝুঁকি প্রায় ০.০৫ থেকে ০.০৮ শতাংশ। এই হিসেবের জন্য তিনি ০.০৭ শতাংশের উদাহরণ নিয়েছেন।

যদি সারা জীবন এই ঝুঁকি একই স্তরে বজায় থাকে, তা হলে সেই হিসেব অনুযায়ী গড় আয়ু দাঁড়ায় প্রায় ১,৪০০ বছর। নিজের গবেষণাপত্রে এই ভিত্তিতেই এমন একটি অনুমান পেশ করেছেন বোস্ট্রম।

তবে এর অর্থ একেবারেই এই নয় যে মানুষ অমর হয়ে যাবে। দুর্ঘটনা, হিংসা এবং অন্যান্য কারণে মৃত্যুর ঝুঁকি তখনও থেকে যাবে। এই অনুমান শুধুমাত্র এমন একটি কাল্পনিক পরিস্থিতির উপর ভিত্তি করে করা হয়েছে, যেখানে বয়স বাড়ার সঙ্গে সম্পর্কিত ঝুঁকি দূর হয়ে যাবে এবং বার্ষিক মৃত্যুহার অত্যন্ত কম থাকবে।

সুপার AI কীভাবে বদলে দিতে পারে বার্ধক্যের খেলা?

বোস্ট্রমের আশা সুপারইন্টেলিজেন্ট এআইকে ঘিরে। তাঁর মতে, ভবিষ্যতে এআই যদি মানুষের বুদ্ধিমত্তাকে অনেকটাই ছাপিয়ে যায়, তা হলে জীববিজ্ঞান এবং চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে গবেষণার গতি অনেক বাড়িয়ে দিতে পারে।

এই ধরনের প্রযুক্তি বিজ্ঞানীদের এমন সব রোগের চিকিৎসা খুঁজে পেতে সাহায্য করতে পারে, যেগুলি আজ সারিয়ে তোলা অত্যন্ত কঠিন। বয়সের প্রভাবে ক্ষতিগ্রস্ত কোষ এবং কলার মেরামত, ক্ষতিগ্রস্ত অঙ্গগুলিকে নতুন করে গড়ে তোলা, ক্যানসারের আরও নির্ভুল চিকিৎসা এবং অ্যালঝাইমারের মতো নিউরোডিজেনারেটিভ রোগের বিরুদ্ধে লড়াই—এগুলি হতে পারে এর সম্ভাব্য প্রয়োগের ক্ষেত্র।

নিজের গবেষণাপত্রে অ্যালঝাইমারের উদাহরণ দিয়ে বোস্ট্রম কল্পনা করেছেন, ভবিষ্যতে হারিয়ে যাওয়া নিউরনগুলিকে নতুন করে তৈরি করে রোগীর মস্তিষ্ককে সুস্থ করে তোলা সম্ভব হতে পারে।

তবে এআই-য়ের সামনে কোনও জাদুকরি ওষুধ আবিষ্কারের কাজ থাকবে না। আসল চ্যালেঞ্জ হবে শরীরের জটিল জৈবিক প্রক্রিয়াগুলি বোঝা, নতুন চিকিৎসাপদ্ধতি খুঁজে বের করা, পরীক্ষানিরীক্ষাকে আরও উন্নত করা এবং নিরাপদ ওষুধ তৈরি করা। এআই এই কাজে গতি আনতে পারে, কিন্তু গবেষণাগারে পাওয়া সাফল্যকে রোগীদের জন্য কার্যকর চিকিৎসায় পরিণত করা এখনও অত্যন্ত কঠিন।

বার্ধক্য ঠেকাতে কী কী গবেষণা চলছে?

বয়স বাড়ার প্রক্রিয়াকে ধীর করা অথবা তার কিছু প্রভাব উল্টে দেওয়ার জন্য বিজ্ঞানীরা একাধিক পদ্ধতি নিয়ে কাজ করছেন। এর মধ্যে রয়েছে সেলুলার রিপ্রোগ্রামিং, সেনোলাইটিক্স, থাইমাসকে ফের সক্রিয় করার চেষ্টা এবং জৈবিক বয়স পরিমাপের প্রযুক্তি।

সেলুলার রিপ্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কোষের জৈবিক অবস্থার কিছু দিককে নতুন করে নির্ধারণ করার চেষ্টা করা হয়। সেনোলাইটিক্স হল এমন কিছু পরীক্ষামূলক পদ্ধতি, যার লক্ষ্য হল সেই কোষগুলিকে সরিয়ে দেওয়া, যেগুলি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিষ্ক্রিয় হয়ে পড়ে, কিন্তু শরীরে প্রদাহ এবং কলার ক্ষয় বাড়িয়ে তুলতে পারে।

থাইমাসকে ফের সক্রিয় করার বিষয়েও গবেষণা চলছে। এই অঙ্গটি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে, জৈবিক বয়স পরিমাপের ‘এজিং ক্লকস’-এর মাধ্যমে বোঝার চেষ্টা করা হচ্ছে, কোনও ব্যক্তির শরীর অথবা তাঁর বিভিন্ন অঙ্গ কত দ্রুত বুড়িয়ে যাচ্ছে।

Video Courtesy: NDTV

তবে এই গবেষণাগুলিকে এখনও মানুষকে শতাব্দীর পর শতাব্দী বাঁচিয়ে রাখার প্রমাণ হিসেবে ধরা যায় না। জৈবিক বয়স পরিমাপ করা এবং বাস্তবে সেই বয়সকে উল্টে দেওয়া—দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। কোনও বায়োমার্কারে পরিবর্তন দেখা গেলেই যে মানুষের আয়ু বেড়ে যাবে, এমনটাও নয়।

বর্তমানে মানুষ কত দীর্ঘ জীবন যাপন করছে?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, ২০২৩ সালে বিশ্বে গড় আয়ু ছিল ৭৩.৩ বছর। অন্যদিকে, সুস্থ জীবনযাপনের গড় আয়ু ছিল ৬২.৮ বছর। অর্থাৎ, মানুষ আগের তুলনায় বেশি দিন বাঁচছে ঠিকই, কিন্তু জীবনের অতিরিক্ত বছরগুলির সবকটিই সুস্বাস্থ্যে কাটছে না।

বার্ধক্যজনিত রোগগুলিও বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। WHO-র পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বজুড়ে মোট মৃত্যুর ৭৪ শতাংশের জন্য দায়ী ছিল অসংক্রামক রোগ। ডিমেনশিয়াও মৃত্যুর অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হয়ে উঠছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *